পাহাড় কেটে পৌরসভার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় পাহাড় কেটে ​তৈরি করা হচ্ছে সড়ক l প্রথম আলো
কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় পাহাড় কেটে ​তৈরি করা হচ্ছে সড়ক l প্রথম আলো

কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় জেলা প্রশাসনের খতিয়ানভুক্ত পাহাড় কেটে সড়ক নির্মাণ করছে পৌর কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও তা নেয়নি পৌরসভা। এমনকি জেলা প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি।
বিদেশি অর্থসহায়তায় ইউজিআইআইপি-২ প্রকল্পের অধীনে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটারের সড়কটি নির্মাণ করা হচ্ছে। কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিবুল ইসলাম ও উদয়ন কনস্ট্রাকশন।
১০ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, আশপাশের কয়েকটি পাহাড় কেটে শহরের পাহাড়তলী এলাকার রহমানিয়া মাদ্রাসা থেকে লাইট হাউস পর্যন্ত যাতায়াতের নির্মাণাধীন সড়কটির মাটি ভরাট ও নালা নির্মাণের কাজ চলছে। সড়ক ভরাটের জন্য মাটি কাটা হচ্ছে লাগোয়া পাহাড় থেকে। পাহাড় কাটার দৃশ্য যেন মানুষের নজরে না পড়ে সে জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। গোড়া থেকে কাটা হচ্ছে পাহাড়। ফলে চূড়ার অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন আশপাশের লোকজন।
স্থানীয় ব্যবসায়ী কামাল আহমদ বলেন, কয়েক মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা শ্রমিক নিয়োগ করে ছোট-বড় একাধিক সরকারি পাহাড় কেটে চলাচলের সড়ক নির্মাণ করছেন। এখন পাহাড় কাটার মাটি দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এসব কর্মকাণ্ড চললেও কেউ বাধা দিচ্ছে না। যেকোনো মুহূর্তে পাহাড় ধসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় রাস্তার জন্য জায়গা বের করতে সমস্যা হচ্ছে। তাই কিছুটা পাহাড় কাটতে হচ্ছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করে। উদয়ন কনস্ট্রাকশনের পরিচালক আবুল কাশেম সিকদার জানান, দরপত্র অনুযায়ী তাঁরা সড়কের নির্মাণকাজ চালাচ্ছেন। পাহাড় কেটে কোনো মাটি সড়কে ফেলা হচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, সমুদ্রসৈকতসংলগ্ন কলাতলী, আদর্শগ্রাম, লাইটহাউস, রাডার স্টেশন এলাকায় পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে ২০ হাজারের বেশি মানুষ। এখন পাহাড় কেটে সড়ক নির্মাণ করায় লোকজনের চলাচল বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্যান্য পাহাড়ও নিধনের আশঙ্কা রয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সদার শরিফুল ইসলাম বলেন, পাহাড়ি এলাকায় কোনো সড়ক বা নালা নির্মাণ করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। কিন্তু কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ পাহাড় কেটে প্রায় ছয় কোটি টাকার একটি সড়ক নির্মাণ করলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তো দূরের কথা আবেদনও করেনি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত পাহাড় কিংবা অন্য কোনো জমিতে সড়ক নির্মাণের বিষয়ে পৌরসভা কোনো অনুমোদন নেয়নি। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।