পাহাড় কেটে বসত গড়ার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে। বর্তমানে বিভিন্ন স্থানে প্রায় ১১টি পাহাড় কেটে চলছে বসতঘর তৈরির জন্য। ইতিমধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার ঘরবাড়ি। অথচ এ ব্যাপারে প্রশাসন নিশ্চুপ। সরেজমিনে গত সোমবার সকালে শহরের পাহাড়তলী পাহাড়ে গিয়ে দেখা গেছে, সরকারি মালিকানাধীন অন্তত পাঁচটি পাহাড় কেটে তাতে শতাধিক বসতবাড়ি তৈরি হচ্ছে। আট থেকে ১০ জনের একাধিক দলে বিভক্ত হয়ে শ্রমিকেরা পাহাড়ের মাটি কাটছেন। একই সময়ে দক্ষিণ পাহাড়তলির নজির হোসেন ঘোনা এলাকায়ও পাহাড় কাটা হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।খোঁজ নিয়ে জানা যায়, আবদুল হক নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি পাহাড় কাটায় নেতৃত্ব দিচ্ছেন। হক সিন্ডিকেট গঠন করে তিনি পাহাড় কেটে কয়েকটি বাড়ি নির্মাণ করেন। এলাকার লোকজন বলেন, এ ব্যাপারে আবদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নিজের জমিতেই ঘরবাড়ি তৈরি করছি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে না।’ স্থানীয় লোকজন জানান, পাহাড় কেটে ইতিমধ্যে ঘর তৈরি করে বসতি করছেন মিয়ানমারের রোহিঙ্গা রহমত উল্লাহ, দক্ষিণ পাহাড়তলীর মহিউদ্দিন, মো. আমিন ও তাজুর মুল্লুকসহ অনেকে। এ ছাড়াও শহরের বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, লাইট হাউসপাড়া, সৈকতপাড়া, বাসটার্মিনাল, লারপাড়া, কলাতলী, সাহিত্যিকা পল্লির উঁচু পাহাড় কেটে বাসাবাড়ি তৈরি হচ্ছে।কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, পাহাড় কাটার ফলে মাটি নেমে এসে শহরের নালা ভরাট হচ্ছে। শহরের প্রধান নদী বাঁকখালীও ভরাটের অন্যতম কারণ পাহাড় কাটা। ১০টির বেশি পাহাড়চূড়া ও খাঁজে ১৫ হাজারের মতো ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন অন্তত এক লাখ মানুষ। পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’ সভাপতি দীপক শর্মা বলেন, অব্যাহতভাবে পাহাড় কেটে ফেলায় পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বড় বড় ফাটল ধরে পাহাড় ধসের ঘটনা বাড়ছে। গত বছরের ৩০ জুলাই সাহিত্যিকা পল্লিতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়। এর আগে ২৬, ২৭ ও ২৮ জুন জেলার বিভিন্ন স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনায় ৬৪ জন মারা গেছেন। তারপরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পর্যটন শহর হিসেবে কক্সবাজারে জায়গাজমির দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে ভূমিদস্যুরা সরকারি পাহাড় দখলে মরিয়া হয়ে উঠেছে। মিয়ানমারের রোহিঙ্গাদের দিয়ে পাহাড় দখল ও কাটার কারণে বন বিভাগও কিছু করতে পারছে না। পাহাড় কাটা বন্ধে পুলিশ ও জেলা প্রশাসনের নেতৃত্বে মাসব্যাপী যৌথ অভিযান পরিচালনা দরকার। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ বলেন, ‘দিনের বেলায় এখন কেউ পাহাড় কাটে না। রাতের বেলায় পাহাড় কাটার খবর পেলেই আমরা ছুটে যাই। কিন্তু জড়িতদের হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না। অনেক সময় অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাওয়া যায় না।’ জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, পাহাড় কাটা বন্ধে প্রশাসন সজাগ রয়েছে। ইতিমধ্যে পাহাড় কেটে যারা অবকাঠামো তৈরি করেছেন-তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।