রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় ১০ একর খাসজমির ওপর বাজার সম্প্রসারণের প্রকল্প আটকে গেছে। পাহাড় ও টিলা-অধ্যুষিত এলাকায় ৬৫০টি প্লট নিয়ে গড়ে তোলা হচ্ছিল এই বাজার। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর একটি টিলার কিছু অংশ কেটে সমানও করেছিলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। কিন্তু পাহাড় কাটার অনুমতি না থাকায় স্থানীয় উপজেলা প্রশাসন কাজ বন্ধ করার নির্দেশ দেয়।
উপজেলার ব্যবসায়ীরা জানান, কাচালং এলাকায় অবস্থিত পুরোনো বাজারটির যাতায়াতব্যবস্থা খারাপ হওয়ায় ক্রেতা-বিক্রেতার সমাগম আগের মতো নেই। সে কারণে শহরের কেন্দ্রস্থলে বাজারটি সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছিল। মডেল টাউন এলাকায় বাজারের উপযোগী সমতল জায়গা না থাকায় পাহাড়ি জায়গা বাছাই করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে কাচালং বাজার সম্প্রসারণের জন্য ৮০ লাখ টাকার দরপত্র আহ্বান করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই কাজ পায় এসএস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প অনুযায়ী টিলা কেটে সমান করে প্লট তৈরি ও মাটি ধরে রাখার জন্য রক্ষাদেয়াল নির্মাণ করার কথা ছিল। ইতিমধ্যে দুটি রক্ষাদেয়াল নির্মাণের কাজও শেষ হয়েছে। গত ৬ ডিসেম্বর পাহাড় কাটা শুরু করা হয়। কিন্তু পাহাড় কাটার অনুমতি না থাকায় ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজ বন্ধের নির্দেশ দেন। এর পর থেকেই বন্ধ আছে এই প্রকল্প।
সরেজমিনে দেখা গেছে, মডেল টাউন এলাকায় টিলার একাংশ কাটা হয়েছে। পাহাড় কাটার ফলে সদর-কালীবাড়ি সড়কটি হুমকির মুখে পড়েছে। এ ছাড়া টিলার আশপাশের এলাকায় ১০ থেকে ১৫টি বসতবাড়ি পাহাড়ধসের ঝুঁকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের একজন মো. আতাউর রহমান বলেন, ‘আমার তত্ত্বাবধানে টিলার একাংশ কাটা হয়েছে। পরে পাহাড় কাটা বন্ধ রাখার নির্দেশ পাওয়ার পর সব যন্ত্র গুটিয়ে নেওয়া হয়। দুই মাসেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে।’ কাচালং বাজারের চৌধুরী মো. আলী হোসেন বলেন, ‘কাচালং বাজারের সম্প্রসারণকাজ বন্ধ রয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে, তা খোঁজ-খবর নিয়ে বলতে পারব। তবে এই মুহূর্তে কাজ করা না গেলে বর্ষার সময় পাহাড় কাটা যাবে না।’
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল প্রথম আলোকে বলেন, বাজার প্রতিষ্ঠিত হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে। কিন্তু প্রকল্প এলাকায় অনেক গাছ ও বড় একটি টিলা রয়েছে। এগুলো কাটা পড়লে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিরঞ্জন নাথ চক্রবর্তী বলেন, কাচালং বাজার সম্প্রসারণের জন্য পাহাড় কাটা ও রক্ষাদেয়াল নির্মাণ করার কথা ছিল। ইতিমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে।
ইউএনও সুমন চৌধুরী বলেন, ‘আমি কাগজপত্র যাচাই করেছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এই প্রকল্প বাস্তবায়ন হলে পাহাড় কাটা পড়বে। অনুমতি না থাকায় পাহাড় কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ, কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’