মহেশখালীতে পাহাড়ের বালু ব্যবসা ও অবৈধভাবে বসতি স্থাপনের কাজে ব্যবহূত হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বাধা দিলেও এর সঙ্গে জড়িত লোকজন তা মানছে না। এতে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে পাহাড়ের ঢালুতে বসবাসরত শতাধিক বসতবাড়ি। সরেজমিনে দেখা গেছে, কালামারছড়া ইউনিয়নের উত্তরনলবিলার পূর্বপাশে এবং ছালিয়াতলী এলাকায় স্থানীয় প্রভাবশালী লোকজন রাতে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছে। রাতে পাহাড় কাটার পর বৃষ্টির পানিতে পাহাড়ের বালুগুলো ছড়া দিয়ে নিচে নেমে জমি ভরাট হচ্ছে। পরে জমি থেকে পাহাড়ের বালুগুলো টাকার বিনিময়ে বাইরে বিক্রি করছে তারা। প্রতি ট্রাক বালু ২০০ টাকা করে বিক্রি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানান, ছালিয়াতলি এলাকার প্রভাবশালী নুর হোছাইন ও মিজানুর রহমানের নেতৃত্বে একটি চক্র করে ছালিয়াতলি এলাকার তিনটি স্থানে পাহাড়ের বালু বিক্রি করছে। অনেকবার স্থানীয় লোকজন বাধা দিলেও বালু বিক্রেতার হুমকির মুখে এখন কেউ ভয়ে মুখ খুলছেন না। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর আহমদ জানান, পাহাড় কাটা বন্ধ রাখার জন্য বাধা দিলেও তারা মানছে না। তিনি বলেন, যারা পাহাড় কাটা ও বালু বিক্রির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে পাহাড় কাটা স্থায়ীভাবে বন্ধ হবে না।ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেমসন বড়ুয়া জানান, পাহাড় কাটা বন্ধ করতে হলে আগে পাহাড়ের বালু বিক্রি বন্ধ করতে হবে। তা না হলে মহেশখালীর পাহাড় রক্ষা করা বড়ই কঠিন হয়ে পড়বে। তবে পাহাড়ের বালু বিক্রেতা নুর হোছাইন ও মিজানুর রহমান জানান, বৃষ্টির পানিতে পাহাড় ধসে পড়ছে। পরে এসব পাহাড়ের বালুগুলো বৃষ্টির পানির ঢলে ছড়া দিয়ে নিচে নেমে গিয়ে জমিতে ভরাট হচ্ছে। তাঁরা জানান, পাহাড়ের বালুর কারণে প্রায় চার একর জমিতে চাষ হচ্ছে না। এ কারণে পাহাড়ের বালু জমি থেকে সরাতে গিয়ে তা বিক্রি করা হচ্ছে। তাঁরা পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করেন। বালু পরিবহনে নিয়োজিত ট্রাকের চালক মোহাম্মদ শাহিন জানান, বালু বিক্রেতার সঙ্গে চুক্তি করে ট্রাকে করে বালু বাইরে নিয়ে যাওয়া হয়। দিনে ৩০০ বার বালু পরিবহন করা হয় বলে তিনি জানান। পাহাড় কাটার সত্যতা নিশ্চিত করে কালারমারছড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘পাহাড় নিধনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নিজেই বাদী হয়ে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এরপরও পাহাড় কাটা ও বালু বিক্রি বন্ধ হচ্ছে না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে থানায় আগে কেউ অভিযোগ করছেন কি না আমার জানা নেই। তবে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফিজুর রহমান বলেন, যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি থানায় মামলা করা হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত জমি থেকে পাহাড়ের বালু বিক্রি করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, পাহাড় ধ্বংসকারীরা দেশ ও জাতির শত্রু। নির্বিচারে পাহাড় কাটা ও বালু বিক্রি করায় অনেক ঘরবাড়ি হুমকির মুখে। তবে পাহাড়ের বালু বিক্রির নিয়ম নেই। তাই পাহাড়ের বালু বিক্রি বন্ধ করার জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।