পাহাড় কেটে বাড়ি নির্মাণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বালুটিলা গ্রামের অভ্যন্তরে পাহাড় কেটে নির্মিত হচ্ছে পাকা দালান। পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ফটিকছড়ি সদর থেকে ৩০ কিলোমিটার দূরে হেঁয়াকো এলাকার বালুটিলা গ্রামের মাঝামাঝি দুই একর আয়তনের এই পাহাড় এক পাশ থেকে কাটা হচ্ছে। পাহাড়ের চূড়ায় ও পাদদেশে নানা গাছপালা রয়েছে। কেটে নেওয়া অংশ সমতল করে নির্মিত হচ্ছে একটি পাকা দালান। ছয় কক্ষের এ ভবনে ছাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে। গত বুধবার সেখানে গিয়ে এই দৃশ্য দেখা যায়। সেখানে দুজন শ্রমিক বেলচা দিয়ে পাহাড় কেটে পাশের নিচু জায়গায় ফেলছিলেন।
শ্রমিকদের একজন মো. সেলিম বলেন, জায়গার মালিক মো. আবদুল মোতালেব সওদাগর পাহাড় কাটার জন্য তাঁদের নিযুক্ত করেছেন। নতুন দালান তোলার প্রয়োজনেই পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কাটার অনুমতি আছে কি না, এ বিষয়ে তাঁরা জানেন না বলে জানান। যোগাযোগ করা হলে জমির মালিক মো. মোতালেব হোসেন সওদাগর মুঠোফোনে বলেন, ‘দালান নির্মাণের কাজেই নিজের পাহাড় কাটছি। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি।’ তবে পরিবেশ সংরক্ষণ আইনে যেকোনো ধরনের পাহাড় কাটা নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। তবে, ‘অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে’ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যেতে পারে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন বলেন, ‘আমাদের কার্যালয় থেকে ফটিকছড়ির হেঁয়াকোর বালুটিলায় পাহাড় কাটার কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, দু–এক দিন পরপর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাহাড়ের মাটি কাটা হয়। পরে ওই মাটি জমি ভরাট করার কাজে ব্যবহার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউসুফ আলী বলেন, এ রকম পাহাড় কাটার ঘটনা অহরহ ঘটছে। কোথাও প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়নি।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘হেঁয়াকোতে পাহাড় কাটার খবর আমার জানা নেই। সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’