পাহাড় কেটে শতাধিক বহুতল ভবন
কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন বাইপাস সড়কের দুই পাশে উঁচু পাহাড় কেটে শতাধিক বহুতল ভবন ও অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে। ভুয়া কাগজ তৈরি করে, কেউ কেউ সরকারি পাহাড় দখল করে বেশি দামে বিক্রি করছেন। অনেকে পাহাড় কাটার মাটি দিয়ে সৈকতসংলগ্ন এলাকায় হোটেল-মোটেল তৈরির জন্য জমি ভরাট, সমুদ্রসৈকতে হাঁটাচলার রাস্তা নির্মাণসহ নানা কাজে ব্যবহার করছেন। অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে অনেক স্থানে বড় বড় ফাটলের সৃষ্টি হচ্ছে। এতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে ফাটল দিয়ে পানি ঢুকে পাহাড়ধসে অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত বছর জেলা শহরসহ বিভিন্ন স্থানে একাধিকবার পাহাড়ধসের ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। উঁচু পাহাড় কেটে শতাধিক বহুতল ভবন: সৈকতসংলগ্ন বাইপাস সড়কের পূর্ব পাশে উঁচু পাহাড় কেটে ছয় মাস আগে বহুতল ভবন নির্মাণ শুরু করেন চট্টগ্রামের এক প্রভাবশালী। শুরুর দিকে বাঁশের বেড়া তুলে আড়াল করে উঁচু পাহাড় কাটা হলেও ১২ মার্চ বিকেলে সেখানে দেখা গেছে ভবনটি ১১ তলা পর্যন্ত উঠে গেছে। এখন ভবনের পেছনে দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড় কেটে দখলের উৎসব চলছে। বহুতল ভবন নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদলের নেতা সৈয়দ উল্লাহ জানান, পাহাড় কেটে ভবনটি নির্মাণ করা হলেও কেউ বাধা দেননি। পাহাড় কাটার কারণও কেউ জানতে আসেননি।ওই ভবনের পাশে আরও অনেকে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন। বাইপাস সড়কের লারপাড়া থেকে কলাতলী সৈকত পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় (সড়কের দুপাশে) বন বিভাগের মালিকানাধীন উঁচু নিচু বিশাল কয়েকটি পাহাড় দখল করে একশ্রেণীর প্রভাবশালী শতাধিক ভবনসহ অসংখ্য আধাপাকা বসতবাড়ি, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করছেন। দখলদারদের অনেকে ওই জমি নিজেদের বলে দাবি করে ফলক (সাইনবোর্ড) তুলে দিয়েছেন। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল জানান, বাইপাস সড়কের দুপাশে কয়েক শ কোটি টাকা দামের প্রায় ১৫ একর পাহাড় দখল করে ইতিমধ্যে দুই শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বন বিভাগ অনুসন্ধান চালিয়ে ৮৭ জন অবৈধ দখলদারের দুটি তালিকা তৈরি করা হয়। শিগগির এসব জমি থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে। হুমকির মুখে মাইক্রোওয়েভ স্টেশন সৈকতসংলগ্ন (বাইপাস সড়কের পাশে) কলাতলীর উঁচু পাহাড়ে স্থাপিত হাজার কোটি টাকার যন্ত্রপাতি নিয়ে টিঅ্যান্ডটি মাইক্রোওয়েভ স্টেশনটির মূল্যবান জমি বেদখলে চলে যাচ্ছে। বেদখল হওয়া পাহাড়ের মাটি কেটে ফেলার কারণে বর্ষার পানিতে জেলার অন্যতম জনগুরুত্বপূর্ণ মাইক্রোওয়েভ স্টেশনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাইক্রোওয়েভ স্টেশনের সহকারী প্রকৌশলী (এসডি) অচিন্ত কুমার বড়ুয়া জানান, প্রভাবশালী ভূমিদস্যুদের কবলে পড়ে ইতিমধ্যে টাওয়ারের নিচে মাইক্রোওয়েভ স্টেশনের প্রায় চার একর জমি অবৈধ দখলে চলে গেছে। গত দুই বছরে ভুয়া কাগজমূলে মাইক্রোওয়েভ স্টেশনের চারপাশে প্রায় চার একর পাহাড় অবৈধ দখলে চলে গেছে।মাটির ব্যবসাকক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, কলাতলী সৈকত থেকে উত্তর পাশে সি-ইন পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বিস্তীর্ণ সৈকতকে দ্বিখণ্ডিত করে প্রতিরক্ষা বাঁধ বা রাস্তা তৈরি করছেন বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দীন আহমেদ জানান, পর্যটকদের হাঁটাচলা এবং পর্যটনশিল্পের বিকাশে সৈকতের পাশঘেঁষে ব্যক্তিগত জমিতে রাস্তাটি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। তবে পাহাড় কাটার মাটি কিংবা সমুদ্রসৈকতের বালু ফেলে রাস্তা নির্মাণের অনুমতি কাউকে দেওয়া হয়নি। কেউ এই আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বড় বড় ফাটলঅব্যাহতভাবে পাহাড় কাটার ফলে শহরতলির বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাসটার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শ গ্রাম, বড় ছড়াসহ বিভিন্ন পাহাড়ে বড় বড় ফাটল দেখা দিচ্ছে। আসন্ন বর্ষায় ফাটল দিয়ে পানি ঢুকে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও শহরের বড় ছড়া, হিমছড়ি, বিসিক এলাকা, লিংক রোডসহ টেকনাফ, উখিয়া, মহেশখালী, চকরিয়া, রামু উপজেলার ৪৫টির বেশি পাহাড়ে ছোট বড় অসংখ্য ফাটল ধরেছে। কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীণ কক্সবাজার’-এর নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী জানান, রিখটার স্কেলে ছয় মাত্রার বেশি ভূমিকম্প হলে কক্সবাজারে মৃত্যুর মিছিল হবে। প্রাণহানির ঘটনা বাড়ছে: গত বছরের ১৫ জুন সকালে কক্সবাজার শহর, হিমছড়ি সেনা ব্যারাক, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি পাহাড়ধসের ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ৩০ জন নারী ও শিশু। পাহাড়ধসের ঘটনায় আহত হন অন্তত তিন শতাধিক। ওই দিন পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বিলীন হয় সাত শতাধিক কাঁচা ঘরবাড়ি। বর্ষায় পাহাড়ধসে প্রতিবছর অন্তত ৩০-৪০টি ঘর বিধ্বস্ত হয়। মারা যান অনেকে। ২০০৭-০৯ সাল পর্যন্ত গত তিন বছরে পাহাড়ধসে মারা যান আরও ৩০ জন। আহত হন পাঁচ শতাধিক নারী-পুরুষ-শিশু। পরিবেশের ক্ষতি:কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র সরওয়ার কামাল জানান, পাহাড় কাটার ফলে শহরের প্রধান নদী বাঁকখালী অচল হয়ে পড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে বিশাল চর জেগে ওঠায় কয়েক হাজার ট্রলার চলাচল করতে পারছে না। অন্যদিকে পাহাড় কাটার মাটি নেমে এসে পৌর শহরের নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। নালা-নর্দমা পরিষ্কার করতে পৌরসভাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের (ইসিএ) কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রভাবশালীরা সৈকত দখলের পাশাপাশি সৈকতসংলগ্ন পাহাড়ি জমিগুলোও দখলে নিচ্ছেন। এতে পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসশহরতলির বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাসটার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রাম, বড় ছড়াসহ বিভিন্ন এলাকায় চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় দেড় লাখ মানুষ। বিপুলসংখ্যক মানুষ বসবাসের জন্য পাহাড়ের চূড়ায়, খাদে (ঢালুতে) মাটি কেটে তৈরি করেন অন্তত ১৫ হাজার বসতবাড়ি। শহরের বৈদ্যঘোনার বাসিন্দা নাসির উদ্দিন (৪৫) ও শংকর মঠের দয়াল হরি (৩৫) জানান, প্রবল বর্ষণে পাহাড়ধসে মানুষ হতাহত হলে প্রশাসন মাইকিং করে আমাদের পাহাড় থেকে নেমে যেতে বলেন। কিন্তু পাহাড় ছেড়ে আমরা কোথায় গিয়ে থাকব—সে নিশ্চয়তা সরকার বা প্রশাসন দিতে পারে না। সরকারি পরিকল্পনা জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, পাহাড়ে তৈরি করা প্রায় ১৫ হাজার বসতবাড়ি সরিয়ে আনার পরিকল্পনা চলছে। ইতিমধ্যে পাহাড়ে বসবাসকারীদের তালিকা তৈরি করা হয়েছে। পাহাড় থেকে ১৫ হাজার ঘরবাড়ি সরিয়ে আনা হলে উদ্ধার হবে দেড় হাজার একরের বেশি সরকারি খাসজমি। এর মধ্য থেকে ৫০০ একরে ভাসমান লোকজনকে পুর্নবাসন এবং আরও এক হাজার পাহাড়ি ভূমিতে ইকো-ট্যুরিজম ভিত্তিক প্রতিষ্ঠান, পার্ক, বিনোদন ক্ষেত্র ও সামাজিক বনায়ন করা হবে। এতে একদিকে পাহাড় কাটা বন্ধ, মাদকদ্রব্যের ব্যবহার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেমন হবে, তেমনি পরিবেশ ও প্রতিবেশ রক্ষা পাবে।