পাহাড় ছোঁয়ার প্রস্তুতি
সকাল সোয়া ছয়টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্র থেকে ভেসে আসছে নিচের কথামালা:‘যদি লক্ষ্য স্থির থাকে আর মনে থাকে বিশ্বাস তবে বিজয় এসে ধরা দেবে হাতের মুঠোয়। দেবেই দেবে, তার জলজ্যান্ত প্রমাণ আমি নিজে।’ বলছিলেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। তাঁর সামনে তখন ১৮ সদস্যের এক তরুণ বাহিনী, যার নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় টিম এভারেস্ট-২০১১’। এই তরুণ দল ২২ অক্টোবর যাবে নেপালের অন্নপূর্ণা পর্বতচূড়ায় আরোহণ করতে। সে উদ্দেশ্যেই এখানে চলছে মুসা ইব্রাহীমের নেতৃত্বে আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা ও টিম ওয়ার্কবিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ।মুসা ইব্রাহীম বলেন, ২০১৪ সাল নাগাদ এই দলকে এভারেস্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছি। এটা মূলত প্রাথমিক পর্বের প্রশিক্ষণ। এরপর অন্নপূর্ণা ট্র্যাকিংয়ের মাধ্যমে শুরু হবে উচ্চতর প্রশিক্ষণ। মুসা ইব্রাহীমের সঙ্গে এই প্রশিক্ষণ দলে আরও আছেন সম্প্রতি কিলিমানজারো বিজয়ী নিয়াজ মোর্শেদ পাটোয়ারী এবং বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট এনাম তালুকদার।আমরা যখন মুসার কাছ থেকে জানছিলাম এসব খবরাখবর তখন অপর দুই প্রশিক্ষকের নেতৃত্বে প্রশিক্ষণার্থীরা শুরু করেছেন ম্যারাথন দৌড়। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের চারপাশ বেশ কয়েকবার চক্কর দিয়ে ফিরে এলেন হাঁপাতে হাঁপাতে। তাঁদের এই দুরবস্থা দেখে সাহস জোগালেন মুসা, ‘প্রথম প্রথম একটু কষ্ট তো হবেই, তারপর দেখবেন একসময় অভ্যাস হয়ে গেছে।’এরপর নিয়াজ মোর্শেদ এই ভাবী এভারেস্ট বিজয়ীদের উদ্দেশে শুরু করলেন শারীরিক ও মানসিক ফিটনেস সম্পর্কে আলোচনা। শুধু পাহাড়ে ওঠার প্রয়োজনেই যে একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে তা নয়; বরং জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্যও শারীরিক ও মানসিক সুস্থতা কতটা জরুরি তিনি মূলত তা-ই ব্যাখ্যা করলেন। ‘সে জন্য পরিমিত আহার, নিয়মমাফিক ঘুম ও পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই’—কথাগুলো বারবার স্মরণ করিয়ে দিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষক। নিয়াজ মোর্শেদের প্রাণোদ্দীপক বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীরা আবার শুরু করলেন হালকা ব্যায়াম। ব্যায়ামের ফাঁকে ফাঁকে কথা বলি একজন প্রশিক্ষণার্থীর সঙ্গে। তাঁর নাম টুটুল। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন কাজও করছেন একটি বেসরকারি এফএম রেডিওতে। অনেক ব্যস্ততা তাঁর, তবু এত কিছুর পরও তিনি বুকের ভেতর লালন করছেন পাহাড় জয়ের স্বপ্ন। কিন্তু কেন?‘স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে। তাই বেঁচে থাকার জন্যই আমি আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখি।’‘আপনার এই স্বপ্নের শুরু কখন থেকে?’‘ক্লাস সেভেনে পড়ার সময় থেকে। তখন বাংলা বইয়ে একটা গল্প ছিল—পায়ের নিচে এভারেস্ট। ওই গল্পই আমাকে অনুপ্রাণিত করেছে এই স্বপ্ন দেখতে।’বাকি ১৭ জনের কথা স্বপ্নের শুরুটা শোনার সুযোগ হলো না আর। হঠাৎ ব্যায়াম থামানোর নির্দেশ দিলেন প্রশিক্ষকত্রয়। তারপর টিমওয়ার্ক বিষয়ে ধারণা দিতে কথা শুরু করলেন এনাম তালুকদার। তাঁর কথা শুনতে শুনতে আমাদের মনে পড়ল হেনরি ফোর্ডের সেই অমোঘ উক্তি, ‘আপনি যদি মনে করেন পারবেন, অথবা পারবেন না—দুটোই সঠিক।’...এবং আমরা জানি এ উক্তির প্রথম অংশ এই অভিযাত্রিক দল হূদয়ে গেঁথে নিয়েছেন। তাঁদের জন্য শুভ কামনা।