রাউজানের সর্তা খালে প্রতিদিন বাঁশের ভেলায় ভেসে আসছে শত শত ঘনফুট পাহাড়ি গোলকাঠ। পাহাড় থেকে নিয়ে আসা ওসব কাঠের বাজার বসে রাউজানের গহিরা কালাচান্দহাটে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সর্তা ব্রিজের কাছে উজান থেকে নিয়ে আসা কাঠ, বাঁশের স্তূপ। সুযোগমতো বাঁশের ভেলা থেকে কাঠ ওঠানো হয় খালপাড়ের করাতকলগুলোতে। এখান থেকে গোল ও রদ্দা আকারের কাঠের চালান যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। সূত্রমতে, প্রায় দুই মাস আগে সর্তা খাল ও আশপাশের করাতকল থেকে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই গোলকাঠ উদ্ধার করেছিল। এ ব্যাপারে থানায় মামলাও হয়। অভিযোগ রয়েছে, খালপথে নিয়ে আসা বাঁশ ও কাঠের চালান আসে সম্পূর্ণ অবৈধভাবে। সংশ্লিষ্ট সরকারি বিভাগের লোকজনকে চাঁদা দিয়ে এখানে কাঠ, বাঁশের ব্যবসা চলে। খালপাড়ের বাসিন্দা নুরুল আবসার বলেছেন, প্রতিবছর বর্ষার এই মৌসুমে পুরো খালটি দখলে থাকে কাঠ ও বাঁশ ব্যবসায়ীদের হাতে। বিশাল আকৃতির বাঁশের ভেলা বানিয়ে ওপরে বেঁধে নেওয়া হয় বিভিন্ন মাপের গোলকাঠ। উজান থেকে ওসব বাঁশের ভেলা প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গহিরার কালাচান্দহাটে আসে। এখানে কাঠ, বাঁশ ব্যবসার সঙ্গে এক দশক ধরে জড়িত আছেন গহিরা গ্রামের বাসিন্দা নুরুল আকবর। তিনি জানান, ব্যবসায়ীরা দুর্গম পাহাড়ি অঞ্চলের সাপ্তাহিক বাজার (মঙ্গলবার) থেকে বাঁশ, কাঠ কিনে সেখানে মজুদ করে রাখে। সুযোগসুবিধা বুঝে ওসব বাঁশ, কাঠের চালান ভাসায় সর্তা খালে। এসব কাঠ, বাঁশের ভেলায় করে নিয়ে আসতে আটটি জায়গায় সরকারি-বেসরকারি লোকজনকে চাঁদা দিতে হয়। ব্যবসায়ীদের দেওয়া তথ্যানুসারে সর্তা খালের উৎপত্তি খাগড়াছড়ি ও রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে। পাহাড়ি অঞ্চল খিরাম, সাজেক, ব্রহ্মছড়ি এলাকার সাপ্তাহিক বাজার থেকে তাঁরা কাঠ সংগ্রহ করে থাকেন। তবে এই কাঠ সংগ্রহ করার জন্য তাঁরা বন বিভাগ থেকে কোনো অনুমোদন নেন না। কালাচান্দহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাফ্ফর আহমদ সর্তা খাল দিয়ে আসা কাঠের উৎস ও ব্যবসার বৈধতা প্রসঙ্গে মুঠোফোনে বলেন, ঘাটে ঘাটে চাঁদা দিয়ে ওসব কাঠ নামানো হয়। কিছু লোক এই ব্যবসা করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক মুমিনুর রশীদ বলেন, ‘প্রায় দুই মাস আগে আমরা অভিযান চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা বেশ কিছু কাঠ উদ্ধার করেছি। এ ব্যাপারে মামলাও করা হয়েছে।’ কালাচান্দহাটের করাতকলগুলোর বৈধ কাগজপত্র আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি স্থানীয় রেঞ্জ অফিসার বলতে পারবেন। রেঞ্জ অফিসার সৈয়দ আবদুর ছবুরের দাবি, সব কটি করাতকলের কাগজপত্র হালনাগাদ আছে। আগে উদ্ধার করা কাঠের মামলা প্রসঙ্গে তিনি বলেন, কাঠগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তাই সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়নি। বর্তমানে কালাচান্দহাটে করাতকলগুলোতে কোনো কাঠের মজুদ নেই বলেও তিনি জানান।