পাহাড় থেকে চায়ের দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমরিকা থাপা। বাড়ি নেপাল। ২০০৬ সালে উচ্চশিক্ষার জন্য অজানা-অচেনা বাংলাদেশে এসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীর এ পর্যন্ত পাওয়া ফল হচ্ছে সিজিপিএ ৩.৯৪। তাঁর ক্লাসে এটাই সর্বোচ্চ নম্বর। ভাষাগত ব্যবধান সত্ত্বেও তাঁর এমন সাফল্যে সহপাঠী-শিক্ষক সবাই তাঁকে উচ্ছ্বসিত প্রশংসা করেন। আর সিমরিকার ভাষায়, ‘ইচ্ছে থাকলে সব সম্ভব! বাংলা এখন নিজের ভাষাই মনে হয়। এই দেশ আমার কাছে দিন দিন আপন হয়ে উঠছে। সত্যি বলছি, আমি বাংলা ভাষা ও বাংলাদেশের প্রেমে পড়ে গেছি।’এরপর সিমরিকা একটি গল্প শোনান। তিনি জানান, ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের একটি সেমিনারে প্রখ্যাত জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী এসেছিলেন। ওই সময় সিমরিকা জিনবিজ্ঞান-বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান। তাঁর মেধা ও চিন্তার পরিসর দেখে আবেদ চৌধুরী প্রশংসা করেন। পরে যখন তিনি জানতে পারেন মেয়েটির বাড়ি নেপাল, তখন তিনি আরও উচ্ছ্বসিত হন এবং জিনবিজ্ঞানগত ব্যাখ্যা দিলেন ঠিক এভাবে: কারও কারও নতুনকে গ্রহণ করার মতো জিন খুব দ্রুত রেসপনস করে। সিমরিকার নতুন ভাষা সহজে গ্রহণ করার ক্ষেত্রে তা-ই হয়েছে।এ তো গেল এক সিমরিকার গল্প। এ রকমই আরেক শিক্ষার্থী সুরেশ রাজগিরি। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে প্রথম হয়েছেন। চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পর্যন্ত তাঁর সিজিপিএ ৩.৭৫। শুধু সিমরিকা কিংবা সুরেশ নন, তাঁদের মতো আরও প্রায় অর্ধশতাধিক নেপালি শিক্ষার্থী শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তাঁরা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা-সাহিত্য-সংস্কৃতি-সংগঠনেও নিবেদিতপ্রাণ।শাহজালাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলে গোলরক্ষক হিসেবে খেলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাকর গুপ্ত। ক্রিকেট দলেও তাঁর সপ্রতিভ উপস্থিতি রয়েছে। ব্যক্তিবিশেষ ছাড়াও নেপালের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার একটি দল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। গত বছর দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে পাল্লা দিয়ে বাস্কেটবলে চ্যাম্পিয়ন ও ফুটবলে সেমিফাইনালিস্ট হওয়ার যোগ্যতা অর্জন করে।পড়াশোনা শেষে কী করবেন? জানতে চাইলে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যয়নরত রুশান ঠাকুর বললেন, ‘নেপাল কম্পিউটার সেক্টরে এতটা ভালো এখনো করতে পারেনি। তাই পড়াশোনা শেষে দেশে ফিরে গিয়ে নিজের দেশের কম্পিউটার সেক্টরে উন্নতির চেষ্টা করব।’আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী ধর্মদেব কুমার মণ্ডল, বিনোদ কুমার মণ্ডল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সঞ্জীব ঝার প্রায় অভিন্ন সুর: প্রথম দিকে ক্লাসে শুধু বসে থাকতাম, কিছুই বুঝতাম না। তবে তিন-চার মাস পর বাংলা কিছুটা শিখে গেলাম। তখন থেকে আর কোনো সমস্যাই হয়নি। বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আন্তরিক। তাদের সাহায্য-সহযোগিতায় আমরা বাংলা ভাষা শিখে ফেলেছি। বাংলাদেশকে ভালোবাসি। আমরা নিজ দেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করব।’কথা শেষ হতে হতে অন্য সহপাঠীরা তাগাদা দেওয়া শুরু করেন, ‘এই চল চল, ক্লাসে যেতে হবে...।’ আড্ডারত নেপালি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের উদ্দেশে হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে তাঁদের মধ্যে কোনো একজন গুনগুন করে গাইতে শুরু করেন, ‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি...’।