পাহাড় ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়কযোগাযোগ বিচ্ছিন্ন
কাপ্তাই উপজেলায় টানা ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। শনিবার পাহাড়ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক যোগাযোগব্যবস্থা। বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা (বিজিবি) মাটি সরিয়ে সড়ক যোগাযোগব্যবস্থা পুনর্প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে শুক্রবার লিচুবাগান এলাকায় একটি সিএনজি স্ট্যান্ডে গাছ উপড়ে পড়ে তিনজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বসতবাড়ি এবং ছয়টি সিএনজিচালিত অটোরিকশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, ওয়াগ্গা, শীলছড়ি ও চিৎমরম এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পাহাড়ধসে মাটি পড়ায় সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিজিবির সদস্যরা মাটি সরিয়ে যোগাযোগব্যবস্থা পুনরায় চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া, দুর্ঘটনা এড়াতে ১১ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সড়কে যানবাহন চলাচলের ওপর সতর্ক দৃষ্টি রাখছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২ জুলাই চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল এলাকায় পাহাড়ধসে দুইটি মাটির ঘর ধসে পড়েছে। কর্ণফুলী কলেজের অধ্যক্ষ বেলাল চৌধুরী জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে কলেজ সড়কের উড়াল সেতুর একাংশ ধসে পড়েছে। যেকোনো মুহূর্তে পুরো সেতু ধসে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। গত ৩০ জুন সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের লিচুবাগান এলাকায় বিশাল একটি বটগাছ উপড়ে পড়ে। বটগাছের নিচে ওই সময় ২১টি সিএনজিচালিত অটোরিকশা রাখা ছিল। বটগাছ চাপা পড়ে ছয়টি অটোরিকশার মারাত্মক ক্ষতি হয়। এ সময় অটোরিকশার চালক মো. শাহজাহান, দিদারুল আলম এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন।