পাহাড় ধসে প্রায় এক বছরেরও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও সংস্কার হয়নি ২৫ কিলোমিটার দীর্ঘ মিরসরাই-ফটিকছড়ি সংযোগ সড়ক। এক বছর আগেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এই সড়ক দিয়ে ফল, সবজিসহ নানা পণ্যবাহী যানবাহন চলাচল করত। সড়কটি চালু থাকলে দুই উপজেলার দূরত্ব ৪০-৪৫ কিলোমিটার কমে যেত। এটি বন্ধ হয়ে যাওয়ায় এই দুই উপজেলার ব্যবসা-বাণিজ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে।
সওজের কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক মিরসরাই সদরের সঙ্গে ফটিকছড়ির নারায়ণহাটকে সংযুক্ত করেছে। তবে নব্বইয়ের দশকে যে প্রকল্পের অধীনে সড়কটি নির্মিত হচ্ছিল সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সড়কের কাজ অসমাপ্ত রয়ে যায়। তবে এর পরও সড়কটি দিয়ে বেশ কয়েকবছর ধরে পণ্যবাহী যান চলাচল করেছে। এটির কোথাও পিচঢালাই করা আছে, কোথাও ইট বিছানো আছে। বর্তমানে সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার করেরহাট হয়ে ৪০-৪৫ কিলোমিটার ঘুরে ফটিকছড়ি যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এই সড়কে যাতায়াত করতেন এমন স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর বর্ষা মৌসুমে মিরসরাই সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সড়কের দোচাইল্লা নামক স্থানে বিশাল একটি পাহাড়ের অর্ধেক অংশ ধসে পড়ে। এরপর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সদ্য বদলি হয়ে ঢাকায় যোগদানকারী সওজ চট্টগ্রাম বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, মিরসরাই-ফটিকছড়ি সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। একসময় জেলা মহাসড়ক প্রকল্পের অধীনে সড়কটির কাজ চলছিল। কিন্তু সড়কের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগে প্রকল্পটি শেষ হয়ে যায়। অন্য একটি প্রকল্পের আওতায় সড়কটির বাকি কাজ করার চেষ্টা করা হয়েছিল বলেও তিনি জানান।
মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী মো. ওয়াজী উল্লাহ জানান, এই সড়ক যখন চালু ছিল তখন নানা ধরনের কৃষিপণ্য ফটিকছড়ি থেকে মিরসরাইয়ে আসত। মিরসরাই বাজারে এসব পণ্য বিক্রি হতো। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এখন কৃষিপণ্য এই পথে আসে না। এতে দুই উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সড়কটির মিরসরাই অংশ দিয়ে বেশ কিছুদূর গেলে চোখে পড়ে পাহাড়ের ভেতর দিয়ে চলে গেছে সরু রাস্তা। স্থানে স্থানে পিচঢালাই উঠে যাওয়ায় সড়কটি চেহারা দাঁড়িয়েছে গ্রাম্য কাঁচা রাস্তার মতো। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের যে অংশে পাহাড় ধসে পড়েছিল সে অংশে কিছু মাটি সরালেও সংস্কার করেনি সড়ক ও জনপথ বিভাগ। পাহাড় ধস ঠেকাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ কারণে সামনের বর্ষা মৌসুমে পাহাড় ধসে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম জানান, এই সড়ক সংস্কারের জন্য এখনো কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি। বরাদ্দ হলে সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুৃহাম্মদ আশরাফ হোসেন জানান, সড়কটি চালু করা হলে দুই উপজেলার মানুষই উপকৃত হবে। সড়কটিতে সংস্কারকাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।