পাহাড়চূড়া ও ঢালে আড়াই লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড়চূড়া ও খাদে প্রায় ১৫ হাজার ঘরবাড়িতে আড়াই লাখ মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। ঝুঁকি এড়াতে গত সপ্তাহে দুই দিন ধরে টানা মাইকিং করে একজন লোককেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়নি। ২০০৮ সাল থেকে তিন দফায় পাহাড় ধসে জেলার বিভিন্ন স্থানে ১০০ জনের প্রাণহানি ঘটে। স্থানীয় সূত্রগুলো জানায়, পৌরসভার বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাসটার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রামসহ বিভিন্ন পাহাড়চূড়া ও ঢালে অন্তত ১৫ হাজার ঘরবাড়ি রয়েছে। এসব ঘরে বসবাস করেন নিম্নআয়ের প্রায় দেড় লাখ মানুষ। এ ছাড়া টেকনাফ, উখিয়া, রামু ও চকরিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ে ১৫ হাজার ঘরে আরও প্রায় এক লাখ মানুষ বাস করে।অনুসন্ধানে জানা গেছে, গত সপ্তাহের পাঁচ দিনের টানা বর্ষণে বিভিন্ন পাহাড়ে বড় বড় ফাটল দেখা দেয় এবং ২০টির বেশি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ নিয়ে এসব পাহাড়ে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এসব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা মাইকিং করে প্রশাসন। কিন্তু কোনো লোক বসতঘর থেকে সরে আসতে রাজি হয়নি।পাহাড়ের বাসিন্দারা জানান, ঘরবাড়ি ফেলে গেলেই অন্যরা এসে তা দখল করে নেবে। তখন থাকার জায়গা হারিয়ে ছেলেমেয়েদের নিয়ে পথে পথে ঘুরতে হবে। তাই তারা বাড়ি ছেড়ে নামতে রাজি নয়।কক্সবাজার পৌরসভার মেয়র রাজ বিহারী দাশ জানান, বৈদ্যঘোনা, খাজামঞ্জিল, ঘোনাপাড়াসহ আট থেকে ১০টি পাহাড়ে মৃত্যুঝুঁকি নিয়ে দেড় লাখের বেশি মানুষ দিন কাটাচ্ছে। সেখান থেকে নেমে আসার জন্য কয়েক দিন ধরে শহরে মাইকিং করা হলেও ঘরবাড়ি, গবাদিপশু ও মালামাল হারানোর আশঙ্কায় কেউ নামতে রাজি হচ্ছে না।জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ বলেন, ‘কয়েক দিন ধরে আমরা টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর উপজেলা ও পৌরসভায় মাইকিং করে লোকজনকে আহ্বান জানিয়েছি পাহাড় থেকে নেমে যাওয়ার জন্য। কিন্তু এ পর্যন্ত একজনও নামেনি। অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় জোর করে নামাইনি।’ শহরের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা কেরামত উল্লাহ (৫৫) বলেন, ‘ঘর ছেড়ে নিচে গেলেই অন্যরা এসে তা দখল করে নেবে। তখন থাকার জায়গা হারিয়ে ছেলেমেয়েদের নিয়ে পথে পথে ঘুরতে হবে। তাই নামছি না।’ খাজা মঞ্জিল এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া (৫৮) বলেন, ‘১২ বছর ধরে পাহাড়ের খাদে ঘর তৈরি করে সপরিবারে বসবাস করছি। পাহাড়ি ঢলে এই ঘর তিনবার ভেঙেছে। কিন্তু তার পরও জীবনের মায়া ত্যাগ করে এখানে থেকে গিয়েছি। তবে সরকার স্থায়ীভাবে বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে দিলে এই পাহাড় ছেড়ে দিতাম।’ প্রসঙ্গত, গত সপ্তাহে জেলার চকরিয়া, মহেশখালী, উখিয়া ও রামু উপজেলার বিভিন্ন পাহাড়ধস ও ঢলের পানিতে ভেসে নারী-শিশুসহ ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে ২০১০ সালের ১৫ জুন শহরের একাধিক পাহাড়ধসের ঘটনায় ৫১ জন এবং ২০০৮ সালের ৪ ও ৬ জুলাই ফকিরামুরা ও টুইন্যামুরায় পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ১৩ জন মারা যায়।