
এবার পাহাড়েও হচ্ছে তরমুজের চাষ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড় চূড়ায় পরীক্ষামূলক তরমুজ চাষে সফলতা এসেছে।
দীঘিনালার পাহাড়ে তরমুজ চাষের মূল উদ্যোক্তা বাবুছড়া ইউনিয়নের সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ স্থবির। এলাকাবাসীর সহযোগিতায় তিনি বিহারের পাশের পাহাড়ে তরমুজ চাষ করেছেন। পাহাড়ে উৎপাদিত এ তরমুজের আকার বড়, খেতেও সুস্বাদু।
গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে দীঘিনালা উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে বাবুছড়া ইউনিয়নের সাধনাটিলা বন বিহারে গিয়ে দেখা যায়, পাহাড়ের ওপর বৌদ্ধ বিহারটির অবস্থান। ধর্মীয় বিভিন্ন স্থাপনার পাশাপাশি পশ্চিম দিকের পাহাড়ে এক একর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। পাহাড়টি সমতলের পাঁচ থেকে ছয় শ ফুট ওপরে। পাহাড়ের নিচে শুকনা ঝিরি।
তরমুজ খেত পরিচর্যার কাজ করছিলেন লক্ষ্মীধন চাকমা (৪৫), জুয়েল চাকমা (৩৫), অরুণা চাকমা (৪২) ও রূপায়ণ চাকমা (৩৭)। তাঁরা বলেন, বিহারে নামমাত্র এক শ টাকা মজুরিতে নিজেদের ইচ্ছায় কাজ করেন তাঁরা। বিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ স্থবিরের নির্দেশনায় তাঁরা তরমুজখেতটি করেছেন।
জানা যায়, ২৫ নভেম্বর তরমুজের বীজ বোনা হয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফলন আসা শুরু করে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তরমুজের বিক্রি শুরু হয়। প্রতিটি তরমুজ আকারভেদে সাড়ে তিন শ থেকে চার শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিহারে খাওয়া ছাড়া এ পর্যন্ত ১৫ হাজার টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। খেতে বর্তমানে এক হাজারের বেশি তরমুজ রয়েছে।
সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ স্থবির বলেন, ‘গত বছর বিহারের পাহাড়ে তরমুজ চাষের চিন্তা করি। সেই লক্ষ্যে বিহারের দায়িক-দায়িকাদের (পুণ্যার্থী) সঙ্গে কথা হয়। তাঁরা আগ্রহ দেখান। পাহাড়ে ছোট ছোট গর্ত করে তাঁরা সেখানে বাড়ি থেকে জৈব সার এনে রাখতেন। চাষের জন্য সাড়ে তিন শ গর্ত খনন করা হয়। পরে সেখানে তরমুজের বীজ রোপণ করি। এভাবে ফলন আসবে আমারও ধারণা ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল পাহাড় পতিত না রেখে কিছু একটার চাষ করা। এখন সত্যি দেখছি মানুষের সাধ্যের বাইরে কিছুই নেই। সবার উচিত পাহাড় পতিত না রেখে যেকোনো কিছুর চাষাবাদ করা।’
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাবুছড়া এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা অতুল বিহারী চাকমা বলেন, ‘বিহার অধ্যক্ষ বুদ্ধ বংশ স্থবির যখন পাহাড়ে তরমুজ চাষের কথা বলেছিলেন, তখন আমারও অবিশ্বাস্য মনে হয়েছিল। তরমুজবীজ রোপণ করার পর প্রায় সময় খেত পরিদর্শন করে রোগবালাইয়ে কী ওষুধ ব্যবহার করবে, তার পরামর্শ দিতাম। পরে তরমুজের ফলন দেখে অবাক হয়েছি। পাহাড়ের ওপর তরমুজ চাষ দীঘিনালার জন্য নতুন উদাহরণ।’