পাহাড়চূড়ায় দেবতাপুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা আদিবাসীরা বলেন মাতাই পুখির। তাদের এটি তীর্থস্থান। বাঙালিরা বলেন দেবতাপুকুর বা দেবদিঘি। চৈত্র মাসের শেষ দিনে বৈসুতে মাতাই পুখিরে শত শত পুণ্যার্থীর ভিড় হয়। পূজা অর্চনায় যোগ দেন। দিঘিতে স্নান করলে রোগমুক্তি হয় বলে তাদের বিশ্বাস। খাগড়াছড়ির প্রকৃতির মধ্যে অন্যতম দর্শনীয় স্থান পাহাড়চূড়ার এই পুকুরটিকে ত্রিপুরারা ভগবানের অলৌকিক সৃষ্টি বলে মনে করেন। সমতল ভূমি থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতার পাহাড়ের ওপরে সৃষ্ট দিঘিকে ঘিরে রয়েছে নানা লোককাহিনি।প্রভাংশু ত্রিপুরার খাগড়াছড়ি জেলার ইতিহাস ও ত্রিপুরা জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে মহালছড়ি উপজেলার নুনছড়িতে দিঘিটির অবস্থান। ত্রিপুরা আদিবাসীদের বিশ্বাস, এই মাতাই পুখিরে স্নান ও পূজা দিলে রোগ, ব্যাধি, বিপদ-আপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। বৈসু উৎসবে ত্রিপুরারা এখানে তীর্থ মেলা বসান। মানত করে বিভিন্ন পশুপাখি ছেড়ে দেন। প্রায় দেড় হাজার ফুট দৈর্ঘ্য এবং ৬০০ ফুট প্রস্থ দিঘিটির অবস্থান পূর্ব-পশ্চিমে লম্বালম্বি ও চারদিকে পাহাড়বেষ্টিত। এই দীঘিকে ঘিরে একটি লোককাহিনি আছে। একদিন এক দুপুরবেলায় এক আদিবাসী সুন্দরী কলসি নিয়ে একা দিঘিতে জল আনতে গিয়ে দেখতে পায়, দিঘিতে জল নেই, মাঝখানে গভীর খাদে দুটি সিন্দুক। সে ফিরে গিয়ে সবার কাছে ঘটনাটি খুলে বলে এবং মা-বাবাকে সঙ্গে নিয়ে আসে। কিন্তু তাঁরা এসে দেখেন, ওখানে কিছুই নেই, দিঘিটি জলে পরিপূর্ণ। এর কিছুদিন পর এক দেবী স্বপ্নে এসে সুন্দরীকে আমন্ত্রণ জানায়। দেবী তাকে সঙ্গে নিয়ে যেতে চায়। বারবার একই স্বপ্ন দেখায়। একদিন সুন্দরী সত্যি সত্যি মাথায় সুগন্ধি তেল মেখে, খোঁপায় ফুল দিয়ে মা-বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে সেই দিঘির দিকে রওনা দেয়। ওখানে পৌঁছার সঙ্গে সঙ্গে দিঘির পানি দুই ভাগ হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে আসে এক দেবী। সেই দেবী সুন্দরীকে কোলে করে নিয়ে যায় অতলে। দিঘির এই সিন্দুক-কাহিনি থেকে সিন্দুকছড়ি নামে একটি গ্রামের নামকরণ করা হয় বলে জানা যায়। সত্তর বছর বয়স্ক মিরিক্ষা ত্রিপুরা মাতাই পুখি সম্পর্কে বলেন, ‘আমি ছোটকাল থেকে মাতাই পুখির নাম শুনে আসছি। সেখানে গিয়েছি পূজা দিয়েছি। মাতাই পুখি আমাদের তীর্থস্থান।’ দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ‘সত্য-মিথ্যা জানি না, তবে মাতাই পুখি নিয়ে অনেক লোককাহিনি আছে। বৈসু উৎসবে সেখানে মেলা বসে, আমরা মাতাই পুখিতে পূজা করি, মানত করি। মাতাই পুখির জলে স্নান করে নিজেকে আত্মশুদ্ধির চেষ্টা করি। মাতাই পুখি শুধু ত্রিপুরাদের তীর্থস্থান নয়। তবে সবচেয়ে বড় কথা, এটি হতে পারে দেশের অন্যতম একটি পর্যটনস্থল। এবং সে অনুযায়ী এলাকার উন্নয়ন করাও জরুরি।’