পাহাড়সম সাফল্য পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটি তখন দশম শ্রেণীতে পড়ে। পাহাড় দেখতে গিয়ে পড়ে গেল পাহাড়ের প্রেমে। সারা দিন ঝোপ-জঙ্গলে ঘোরাঘুরি, ঘরের ভাত পাহাড়ে গিয়ে খাওয়া। কিন্তু এতে কী হবে? এত বড় বড় পাহাড়, এখানে যদি গাছ লাগানো যেত!১৯৯৬ সালে প্রাক-নির্বাচনী পরীক্ষা দিয়েই স্বপ্নের পথে হাঁটা ধরলেন তিনি। নিজেদের পাহাড়ে দুই হাজার গাছের চারা রোপণ করলেন। এরপর স্বপ্নের পরিধি বাড়ল, বাড়ল তাঁর বাগান। এখন পাহাড়ে তাঁর পাহাড়সম সাফল্য। ১০ বাগানের চারটিতে গাছ আছে ৬৫ হাজার। গাছ এখনই বিক্রি করলে ছয় কোটি ৫০ লাখ টাকা আয় হবে। আছে ছয়টি ফলের বাগান।হ্যাঁ, বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা এলাকার মোজাম্মেল হকের হরেক রকম বাগান দেখলে এর সত্যতা মিলবে। জ্যৈষ্ঠপুরা পাহাড়ে ব্যক্তিগত উদ্যোগে প্রথম বাগান করা শুরু করেন মোজাম্মেল হক। তাঁর দেখাদেখি এখন অনেকেই বাগান করছেন। শতাধিক বাগান রয়েছে ওই পাহাড়ে। অথচ শুরুটা করেছেন মোজাম্মেল, তাই এলাকার মানুষ তাঁকে চেনেন বাগানের পথিকৃৎ হিসেবে।মোজাম্মেল জানান, তাঁর ১০টি বাগান রয়েছে। গাছের বাগান চারটি, ছয়টি পেয়ারা, লেবু, লিচু, আদা, হলুদ ও ফলমূলের বাগান। সেগুন, গামারি, গর্জন, বেলজিয়াম (আকাশি) গাছগুলো যেন আকাশ ছুঁতে চায়। চারটি বাগানে প্রায় ৬৫ হাজার গাছ রয়েছে। প্রতিটি গাছ যদি এক হাজার টাকা করেও বিক্রি করা হয় তাহলে আয় হবে ছয় কোটি ৫০ লাখ টাকা। তবে গত মার্চে আগাছা ও বেঁকে পরা গাছ বিক্রি করে আয় হয় দেড় লক্ষাধিক টাকা। প্রতি বছর ডালপালা কেটে বাগান পরিষ্কার করতে হয়। এ থেকে আসে দুই লাখ টাকা। মোজাম্মেল জানান, ‘প্রতিবছর পেয়ারা আর লেবু বিক্রি করেন চার লাখ টাকার। এখন প্রতিদিন পাঁচ হাজার লেবু তোলা হয় বাগান থেকে। ঢাকা ও কুমিল্লার বড় বাজারগুলোতে সরবরাহ করা হয় তাঁর বাগানের লেবু-পেয়ারা। তবে গত বছর ২৫ কানি জমিতে আদা ও হলুদের চাষ করে তিনি মার খেয়েছেন। ক্ষতি হয় প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। চলতি বছর কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আবার চাষ করেছেন। রোপণ করেছেন ২৮০ কেজি আদা-হলুদের বীজ। সেখানে সাথি ফসল হিসেবে লাগিয়েছেন তিন শতাধিক পেঁপেগাছ। কৃষি বিভাগ থেকে আদা ও হলুদের বীজ পেয়েছেন ৬৫ কেজি করে।বাগান দেখাশোনার জন্য সারা বছর নিয়োজিত থাকেন ১০-১৫ জন শ্রমিক। তবে পেয়ারা ও লেবুর মৌসুমে চারা লাগানো হলে শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০-৩০ জনে। বছরে এ খাতে ব্যয় হয় দুই লক্ষাধিক টাকা। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোজাম্মেল জানান, ‘৫০ একর জায়গা নিয়ে একটি সমন্বিত খামার গড়ে তোলার ইচ্ছে আছে। তাতে থাকবে গরু, ছাগল, হাঁস, মুরগির খামার। পাহাড়ি ও ছড়ার পানি সংরক্ষণ করে মাছের চাষ করব। ইতিমধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিয়েছি।’তিনি আক্ষেপ করে বলেন, ‘ব্যাংক ঋণ পেলে তাঁর বাগান আরও বড় হতো। পুঁজির অভাবে এত দিন বড় খামার গড়ার কাজ শুরু করতে পারেননি। গত মাসে স্থানীয় কৃষি ব্যাংক থেকে আদাচাষ করার বিপরীতে মাত্র ৩০ হাজার টাকার ঋণ পেয়েছি।’বাগান পরিদর্শন করেছেন সদ্য বদলি হওয়া বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদের সচিব) রবীন্দ্রশ্রী বড়ুয়া। তিনি বলেন, ‘মোজাম্মেলের বাগান দেশের একটি মডেল।’ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রেফায়েত উল্লাহ বলেন, ‘এ রকম উদ্যমী তরুণদের সহায়তা করা দরকার। মোজাম্মেলের মতো অন্যরাও বাগান করলে পাহাড়গুলো হয়ে উঠবে সম্পদে ভরপুর। আর তাতে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকেও রক্ষা পাবে দেশ।’