পাহাড়ি এলাকায় বছরব্যাপী সবজি চাষের নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মংপ্রুপাড়ার আদিবাসী গৃহিণী চাইম্রাউ মারমা তাঁর বসতবাড়ির সামনে নানা রকম সবজির বাগান করেছেন। বাগানে একই সঙ্গে রোপণ করেছেন ভুট্টা, লালশাক, ধনেপাতা, কচুশাক, মরিচ, পেঁয়াজ, ফুলকপি, টমেটো ইত্যাদি।১৪ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেল বাগান থেকে পেঁয়াজ তুলছেন তিনি। জানালেন, মাত্র ২৫ ফুট দীর্ঘ আর তিন ফুট প্রস্থের ছোট জায়গায় গত দুই বছর ধরে নতুন পদ্ধতিতে একই সঙ্গে নানা রকম সবজি চাষ করছেন তিনি। পরিবারে এখন আর শাকসবজি কিনতে হয় না। বরং চাহিদা মিটিয়ে বিক্রি করা যায়। পাঁচ সদস্যের পরিবারে এ বাগানটি কিছুটা বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। একই পাড়ার তুইশ্যাংচিং মারমা বলেন, ‘আমিও দুই বছর আগে থেকে নতুন পদ্ধতির শাকসবজি চাষ শুরু করেছি। চার সদস্যের পরিবারে সবজির চাহিদা ভালোই মিটছে। এ পদ্ধতিতে সারা বছরই সবজির ফলন পাওয়া যায়।’ খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের উদ্ভাবিত নতুন পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে সবজি চাষে এই দুই নারীর সাফল্য অনুসরণ করে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র ২০০৯ সালে পাহাড়ি এলাকার বসত বাড়িতে বছরজুড়ে শাকসবজি চাষের নতুন পদ্ধতি উদ্ভাবন করে। পদ্ধতিটির নাম দেওয়া হয় ‘খাগড়াছড়ি মডেল।’ এই মডেলে তিনটি বীজতলা পাশাপাশি তৈরি করতে হবে। প্রতিবীজতলার দৈর্ঘ্য হবে পাঁচ মিটার এবং প্রস্থ এক মিটার। তবে বীজতলার দৈর্ঘ্য কৃষকের জমির পরিমাণের ওপর নির্ভর করে কম-বেশি হতে পারে। দুই বীজতলার মধ্যবর্তী দূরত্ব হবে ৩০ সেন্টিমিটার অথবা এক ফুট। কর্মকর্তারা জানান, পাহাড়ি অঞ্চলে প্রত্যেক পরিবারে ঘর তৈরির পরও পাঁচ-ছয় শতাংশ জমি অতিরিক্ত থাকে। এ জমির এক শতাংশে সবজির চাষ করে বাকি জমিতে বিভিন্ন রকমের ফলের চাষ করা যায়। নতুন পদ্ধতিতে ফল বাগানের উৎপাদন কলাকৌশল ও রোগ-বালাই নিয়ন্ত্রণপদ্ধতি একক ফলের মতোই। এই পদ্ধতিতে একজন কৃষক পরিবারের সবজির চাহিদা মিটিয়ে বাড়তি রোজগারও করতে পারেন। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্লাহ বলেন, ‘পাহাড়ি অঞ্চলের মাটি খুবই উর্বর। ২০০৯ সালে মাটি পরীক্ষার পর সহকর্মী বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুর রউফ ও মাজহারুল করিম মিলে এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। এ পদ্ধতিতে সারা বছর মৌসুমভেদে কোনো না-কোনো শাকসবজি চাষ করা যাবে। পরিবারে কোনো শাকসবজি বাজার থেকে কিনতে হবে না। বরং উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করা যাবে।’ এ ব্যাপারে যেকোনো ব্যক্তি কৃষি গবেষণাকেন্দ্রের পরামর্শ নিতে পারবেন বলে তিনি জানান।