পাহাড়ি গরু বিক্রি হলো ১ লাখ ৪০ হাজার টাকায়
ছোট দুটি শিং, উঁচু কুঁজ, আর স্বাস্থ্যের কারণে লাল রঙের গরুটি হাটে আনার পরপরই সবার নজর কেড়েছিল। আকর্ষণীয় পাহাড়ি এই গরুর দাম হাঁকা হয়েছিল ১ লাখ ৬০ হাজার টাকা। শেষে রাঙামাটির এক ব্যবসায়ী গরুটি ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি সদর গরুর হাটে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গরু।
বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের তুইচুই এলাকার মঙ্গল জ্যোতি চাকমা এই গরুর মালিক। গরু ব্যবসায়ী আবদুর রহিম মঙ্গল জ্যোতির কাছ থেকে এটিসহ মোট দুটি গরু কিনে আনেন। আবদুর রহিম বলেন, পাঁচ বছর আগে মঙ্গল জ্যোতি গরু দুটি পালতে শুরু করেন। তাঁর বাড়ির পাশের জঙ্গলের ঘাস–লতাপাতা খেয়ে বড় হয়েছে গরুগুলো। মঙ্গল জ্যোতির কাছ থেকে ৯০ হাজার টাকায় গরু দুটি কিনে নেন তিনি। কিন্তু বহু দূর থেকে পাহাড়ি পথ দিয়ে গরু দুটি আনতে সাত-আটজন মানুষ নিয়োজিত করতে হয়েছে তাঁকে। খরচও হয়েছে অনেক টাকা। তাই এখানে আনার পর দাম একটু বেশি পড়েছে। আরেকটি গরু তিনি ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
১৬ সেপ্টেম্বর বুধবার বাঘাইছড়ি উপজেলা সদরে কোরবানির পশুর হাট বসে। ব্যবসায়ীরা জানান, উপজেলা মডেল টাউন এলাকায় প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষে দুবার পশুর হাট বসানো হয়। প্রথম হাট বসে কোরবানির সাত থেকে আট দিন আগে। দ্বিতীয় হাট শুরু হয় কোরবানির তিন দিন আগে। পশুর চালান আসে স্থানীয় খামারিদের কাছ থেকে। সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে অর্ধশত গরুর খামার রয়েছে। ভারত থেকে গরু আসা বন্ধ করে দেওয়ার খবর শুনে স্থানীয় গরু ব্যবসায়ীরা দুর্গম পাহাড়ের খামারিদের দ্বারস্থ হন। এবার হাটে গরুর দাম অন্য বছরের তুলনায় বেশি। পশুর হাটে এবার ৭০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকায় যেসব গরু বিক্রি হয়েছে, গত বছর তেমন গরুর দাম ছিল ২৫ হাজার থেকে ৭০ হাজার টাকা।
দুর্গম পাহাড়ের খামারিরা জানান, প্রতিবছর ব্যবসায়ীরা কম দামে গরু কেনেন তাঁদের কাছ থেকে। কিন্তু এবার গরুর চাহিদা থাকায় গরু বেশি দামে বিক্রি করতে পেরেছেন তাঁরা।
উপজেলার মুসলিম ব্লক গ্রামের ক্রেতা মো. জামাল হোসেন বলেন, ‘আমি একটি গরু কিনেছি। দাম পড়েছে ৫৬ হাজার টাকা। গতবার এমন গরুর দাম ছিল সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। এবার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গরু আসায় দাম বেশি পড়েছে।’