পাহাড়ি জাতিগোষ্ঠীর আইনের সংকলন প্রকাশের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলা পরিষদ থেকে পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রথাগত সামাজিক আইনের সংকলন প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৬ জানুয়ারি বান্দরবান জেলা পরিষদে এসব আইন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা এসব আইন সময়ের সঙ্গে সংগতিপূর্ণ করারও দাবি জানান।

বেলা তিনটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। সভায় উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মফিদুল আলম, জেলা পরিষদ সদস্য সিংয়ং ম্রো, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি জয়নাল আবেদিন, রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও হেডম্যান (মৌজাপ্রধান) হ্লাথোয়াই হ্রী মারমা, আইনজীবী স্বপন কুমার দাশ, বাসিংথোয়াই মারমা প্রমুখ।

সভায় আইনজীবীরা বলেন, পাহাড়ি জাতিগোষ্ঠীর সামাজিক বিচার-আচার পারিবারিক আদালত হিসেবে কার্বারি (পাড়াপ্রধান), হেডম্যান ও সার্কেল চিফ বা রাজা প্রথাগত সামাজিক আইনে করে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে তাঁদের আদালতে বিচার্য বিষয় নিয়েও থানায় ও সরকারি আদালতে মামলা হয়। কোন বিষয়টি প্রথাগত আদালতে এবং কোনটি সরকারি আদালতে বিচার্য, সেটি স্পষ্ট করার জন্য সামাজিক আইনগুলো লিপিবদ্ধ করে সংকলন করার প্রয়োজনীয়তা রয়েছে।

এদিকে সভায় উপস্থিত মারমা, ম্রো, বম, ত্রিপুরা, খেয়াং, চাকসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রথাগত আইনে অভিজ্ঞ ব্যক্তিরাও বলছেন, প্রথাগত সামাজিক আইনগুলো শুধু লিপিবদ্ধ ও সংকলন করা নয়, এ আইনগুলো সময়ের সঙ্গে সংগতিপূর্ণ করাও দরকার। অনেক প্রথাগত আইন বর্তমান সময়ের সামাজিক মূল্যবোধের সঙ্গে খাপ খাচ্ছে না।

জেলা পরিষদ আইনের ৬৬ (৫) ধারায় পাহাড়িদের বিচারপদ্ধতি, বিচার প্রার্থী ও আপিলকারী কর্তৃক প্রদেয় ফিস নির্ধারণের জন্য প্রবিধান প্রণয়নের ক্ষমতা জেলা পরিষদকে দেওয়া হয়েছে। আইনের এ ক্ষমতাবলে জেলা পরিষদ প্রথাগত সামাজিক আইনগুলো লিপিবদ্ধ ও যুগোপযোগী করে প্রবিধানমালা প্রণয়নের মাধ্যমে বলবৎ করতে পারে বলে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, প্রথাগত আইনগুলো তিন পার্বত্য জেলা থেকে লিপিবদ্ধ করা হবে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে সংকলন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।