পাহাড়ি টিলায় আপেল ও বাউকুলের চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের কৃষক মীর্জা মো. আবুল হাসেম পাহাড়ি টিলায় আপেল ও বাউকুলের চাষ করেছেন। তবে আর্থিক সচ্ছলতা না থাকায় সময়মতো সার, সেচ ও কীটনাশক ব্যবহার করতে পারেননি। ফলে বাগানের ফলন এবার আশানুরূপ হয়নি। ভবিষ্যতে বাগানটি টিকিয়ে রাখা এবং লোকসান এড়ানোর লক্ষ্যে ঋণ সুবিধা প্রয়োজন বলে জানান তিনি। জানা যায়, ২০০৭ সালের জুলাইতে পাগলাপাড়ায় আবুল হাসেম তাঁর নামে নিবন্ধিত পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে কুলচাষের উদ্যোগ নেন। তিনি জানান, নাটোর থেকে প্রায় এক হাজার ৬০০ আপেল ও বাউকুলের চারা এনে রোপণ করেছেন। ১০ একর জায়গায় বাগানটি গড়ে তোলা হয়। এ পর্যন্ত বাগানের পেছনে তাঁর ১০ লাখ টাকা খরচ হয়েছে। জমানো টাকার পুরোটাই তিনি বাগানের পেছনে ব্যয় করেছেন। হাত এখন শূন্য। বাগানটি টিকিয়ে রাখতে ব্যাংকঋণ খুবই জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, বাগানটি সম্পূর্ণ গড়ে তোলা হলে কুল বিক্রি থেকে বছরে প্রায় ১২-১৪ লাখ টাকা আয় সম্ভব। পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোমিন মিয়া ও স্থানীয় সমাজসেবক মোস্তফা হায়দার চৌধুরী এ সম্পর্কে বলেন, ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পেলে দু-এক বছরের মধ্যেই এটি একটি পরিপূর্ণ বাগান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা রামগড়বাসীর জন্য হবে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বাগানমালিক আবুল হাসেম প্রথম আলোকে বলেন, গত বছর স্থানীয় কৃষি ব্যাংকের শাখায় আবেদন করেও ঋণ পাননি। তাই সময়মতো সার, কীটনাশক ও সেচ দিতে পারেননি। এতে ফলন আশানুরূপ হয়নি এবারও ঋণের জন্য আবেদন করবেন। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বাগানের কুলগাছগুলো বেশ সবল হলেও ফলন আশানুরূপ হয়নি। তবে কিছু গাছে ভালো ফল এসেছে। ফলনের এরকম তারতম্য সম্পর্কে জানতে চাইলে বাগানের শ্রমিকেরা জানান, আর্থিক সমস্যার কারণে সময়মতো পুরো বাগানে সেচ, সার ও কীটনাশক দেওয়া যায়নি। সঠিক পরিচর্যা পেলে ফলন আরও তিন-চার গুণ বেশি হতো বলে তাঁরা জানান। মো. আবুল হাসেম প্রথম আলোকে জানান, গত বছর প্রায় এক লাখ টাকার কুল বিক্রি হয়েছে। তবে এবার বিক্রি দ্বিগুণ হবে বলে আশা করছেন তিনি। এটিকে পূর্ণাঙ্গ বাগান হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা চেয়েছেন।