কক্সবাজারের টেকনাফে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়েছে ২৫টি গ্রাম। পানিবন্দী হয়েছে অর্ধলক্ষাধিক মানুষ।কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। সরেজমিনে গত বৃহস্পতি ও শুক্রবার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার জোয়ারের পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাঁটুসমান পানি পেরিয়ে স্কুলে যেতে দেখা গেছে। জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের দিনমজুর মাহবুব আলী বলেন, ‘ঘরের ভেতর হাঁটুসমান জোয়ারের পানি। তাই স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরের ভেতর মাচা বেঁধে বসবাস করছি।’উত্তর জালিয়াপাড়া গ্রামের হাসিনা বেগম বলেন, ‘দিনের বেলায় জোয়ার হলে কোনোমতে সামলানো যায়। কিন্তু রাতে জোয়ার এলে পরিবার নিয়ে বিপদে পড়ি। ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিই।’ চৌধুরীপাড়ার বাসিন্দা জেলে হামিদ হোসেন জানান, ছয় বছর ধরে জোয়ারের ধাক্কায় জীবন অতিষ্ঠ হয়েছে। বেড়িবাঁধ নির্মাণ করে জোয়ার ঠেকানোর কোনো ব্যবস্থা কি সরকার নেবে না? টেকনাফ পাইলট হাইস্কুলের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফরিদা ইয়াসমিন ও উমর ফয়সাল বলেন, জোয়ারের পানি পেরিয়ে স্কুলে যেতে যেতে শরীরের বিভিন্ন স্থানে চর্মরোগ দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার জোয়ারের পানিতে উপজেলার ২৫ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বেড়িবাঁধসংলগ্ন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এসব এলাকার অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, আমন ধানের বীজতলা ও চিংড়িঘের পানিতে ডুবে গেছে।পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রথম আলোকে জানান, এখন বর্ষা মৌসুমে বেড়িবাঁধে কোনো সংস্কারকাজে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পূর্ণিমার জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বৃদ্ধি পেয়ে টেকনাফ উপকূলের বেড়িবাঁধে নতুন নতুন ভাঙন সৃষ্টি হওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে।উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের বীজতলা ভেসে গেছে। পানি এখনো নামেনি, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।