চাঁদের গাড়িটার যে এমন বেহাল দশা, কে জানত! সামনের পাহাড়ি রাস্তাটা একদম পিঠ উঁচু করে উপরের দিকে উঠে গেছে অন্তত ফুট দশেক। ঢালের নিচে এসে চাঁদের গোঁ গোঁ ধরনের বিকট শব্দ। সম্ভবত টেনেহিঁচড়ে অত উঁচুতে ওঠাতে বেজায় আপত্তি তার। কিন্তু চালক নাছোড়বান্দা। ঘটাং ঘটাং করে তিনি গায়ের জোরে গিয়ার পাল্টান—নির্বিকার। নিজের আপত্তি পেশ করার জন্যই হয়তো গাড়িটা ইঞ্জিন দিয়ে রীতিমতো গলগল করে ধোঁয়া ছাড়ে। মনে মনে প্রমাদ গুনি। চালকের অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই। বিপুল বিক্রমে ইঞ্জিন থেকে ধোঁয়া ছাড়াতে ছাড়াতে পাহাড় বাইতে থাকে বান্দরবনের বিখ্যাত চাঁদের গাড়ি। মিনিটখানেক পর বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করি অলক্ষুনে কিছু ঘটেনি। একটু খুশি হয়ে সামনের প্রকৃতি দেখার চেষ্টা করব, এর মধ্যেই আরেক বিপদ! এবার সামনে বড়সড় এক জলের ছড়া। সেটাও কোন জাদুমন্ত্রবলে আমরা পেরিয়ে যাই। এত শত চড়াই-উতরাই ডিঙিয়ে লক্কড়ঝক্কড় মার্কা চাঁদের গাড়িটা যখন কোয়ান্টাম শিশু কাননের সদর দরজায় গিয়ে থামে, তখন চালককে সাহসিকতার জন্য কী খেতাব দেওয়া যায়, তা-ই শুধু ভাবছি। জায়গাটা বান্দরবানের লামা।শিশু কাননের ভেতরের দুনিয়ায় পা রেখে অবশ্য পথের সব বিপত্তি বেমালুম ভুলে যাওয়া চলে। ঘন সবুজ পাহাড়ি এলাকা। পাহাড়ের চূড়ায় একেকটা ঘর। রোদ এসে ঝিলিক দিচ্ছে ‘আলোকায়ন’ হ্রদের পানিতে। সবুজ ঘাসের ওপর থেকে তখনো পুরোপুরি বিদায় নেয়নি ভোরের শিশির। আমলকিগাছের চিরল পাতায় বইছে শীতের বাতাস। রাশি রাশি পাকা আমলকি ঝরে পড়ে আছে হাসপাতালের শণের ছাদে। কুড়ানোর কেউ নেই। ঢোকার মুখে বাঁ দিকে মাথা উঁচু করে চাইলেই আব্দুল্লাহ আবু সায়ীদ পাঠাগার। দু-চারজন খুদে পড়ুয়ার আনাগোনা সেখানে। চুপচাপ মাথা নিচু করে পড়ছে একটা খিয়াং শিশু। এক সিংহশাবকের দিগ্বিজয়ের গল্প।‘স্কুল তোমার ভালো লাগে?’বাচ্চা মানুষটা চোখ তুলে তাকায়। চোখে তখনো লেগে আছে সিংহশাবকের দুঃসাহসী অভিযানের উত্তেজনা। পাশ থেকে উত্তর দেয় ইশকুলের আরেক পড়ুয়া সিং চং মুরং। রোয়াংছড়ির গহিন পাহাড়ে ওদের বাড়ি। বাড়িতে থাকতে কোনো দিন স্কুলে যাওয়ার কথা ভাবেনি। দুই বেলা খাবার জুটত না। এমনকি বাংলা ভাষাটাও ওদের অনেকের জানা ছিল না। এই স্কুলে ভর্তি হওয়ার পর এখন জীবনটাই হয়ে গেছে অন্যরকম। শিশু কাননের বেশির ভাগ শিক্ষার্থীর গল্পই এমন।পঞ্চম শ্রেণীর দেউতি মুরংয়ের গল্পটা বলি—প্রতিবছর এক ঝাঁক নতুন শিশু ভর্তি হয় কোয়ান্টাম শিশু কাননে। লিখিত পরীক্ষার পর আছে সাধারণ বুদ্ধিমত্তা পরীক্ষা। পরীক্ষা দিতে আসে বিপুল সংখ্যক শিক্ষার্থী। তার মধ্যে পড়ার সুযোগ পায় মাত্র ৫৫ জন। শিশু দেউতি মুরং অন্য অনেকের মতো মায়ের হাত ধরে সেবার ভর্তিযুদ্ধ করতে এসেছিল। হতদরিদ্র ঘরের দেউতি মুরং কীভাবে যেন ভর্তি পরীক্ষায় খুব ভালো ফল করে তাক লাগিয়ে দিল। সে ভর্তিও হয়ে গেল ‘সূচনা’ শ্রেণীতে। কিন্তু ছেলেকে রেখে মা সেই যে গেলেন, আর তাঁর দেখা নেই। দিন যায়, বছর যায়। প্রতি মাসের শেষ শুক্রবারে অন্য সবার মা আসেন ছেলেকে দেখতে। দেউতি মুরংয়ের মা আর আসেন না। পেরিয়ে যায় পুরো পাঁচটি বছর। তারপর অকস্মাত্ একদিন কোয়ান্টাম পল্লির সদর দরজায় আবেগঘন এক দৃশ্য—ম্যালা দিন পর দেউতি মুরংয়ের মা এসেছেন ছেলেকে দেখতে। ছেলে মায়ের সামনে দাঁড়িয়ে, কিন্তু মা আর কিছুতেই ছেলেকে চিনতে পারছেন না। কী মুশকিল! ছেলে ততদিনে বড় হয়ে গেছে অনেক। শেষমেষ ছেলেকে চিনতে পেরে বুকে জাপটে ধরে হাপুস নয়নে কাঁদতে বসেন দেউতির মা। এতদিন ছেলের জন্য মায়ের পরান পোড়েনি? পুড়েছিল, কিন্তু সেই দুর্গম পাহাড়ি এলাকা নাইক্ষ্যংছড়ি না রোয়াংছড়িতে তাঁর বাড়ি। যাতায়াতের খরচ জোগাড় করতে পারেননি বলেই আর ছেলেকে দেখতে আসা হয়নি মায়ের। এই দফায় বাড়ির পোষা মোরগটা বেচার পরই না মিলল ছেলেকে দেখতে আসার সুযোগ!ধ্যানের ইশকুলশিশু কাননের প্রতিটি শিক্ষার্থীর প্রতিদিন ঘুম ভাঙে খুব ভোরে। সকাল ছয়টায় ছাত্রদের আবাসে বেজে ওঠে উদ্দীপনা সংগীত। এই সংগীত মানে জেগে ওঠার সংকেত। সাড়ে ছয়টার সময় শিশু কাননের বড় মাঠে শুরু হয়ে যায় শারীরিক কসরত আর কুচকাওয়াজ। ৩০ মিনিট সম্মিলিত বজ্রাসনের পর জাতীয় সংগীত। তারপর শুরু হয় শ্রেণীকক্ষে পাঠদান। প্রতিটি শিশুকেই করতে হয় সেবার কাজ। এর মধ্যে আছে রান্নাঘরের লাকড়ি জোগাড় করা, আশেপাশের ময়লা আবর্জনামুক্ত করা ইত্যাদি। তারপর গোসল সেরে সকালের খাবার। দুপুরের খাবারের বিরতির নাম ‘উজ্জীবন’। বিকেল সাড়ে তিনটার পর শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য ঘুমানোর সুযোগ পায়। বিকেলে থাকে খেলাধুলার ব্যবস্থা। এখানে সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম খো খো। না, টিভি অনুষ্ঠান দেখার সুযোগ নেই এখানে। সপ্তাহে শুধু শুক্রবার বড় প্রজেক্টরে টিভির অনুষ্ঠান দেখার সুযোগ। সেখানে দেখানো হয় শুধু কোয়ান্টাম কর্তৃপক্ষের বাছাই করা অনুষ্ঠানগুলোই।২০০১ সালে মাত্র সাতজন মুরং শিশুকে নিয়ে এই ঘন সবুজ পাহাড়ি উপত্যকায় যাত্রা শুরু করে কোয়ান্টাম শিশু কানন। ‘শুরুর দিকে আমাদের এখানে কেউ বাচ্চা দিতে চাইত না। এখন এত ছাত্র ভর্তি পরীক্ষা দিতে আসে, আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়।’ বলছিলেন সালেহ আহমেদ। শিশু কানন পরিচালনার ভার তাঁর কাঁধে। ২০০১ সাল থেকে তিনি পালন করছেন এ দায়িত্ব।চাকমা, চাক, মারমা, খিয়াং, খিও, লুসাই, ত্রিপুরা, বম, তঞ্চ্যঙ্গা, খুমি ও গারোসহ ১২টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুরা লেখাপড়া করছে এই পাঠশালায়। আছে বাঙালি ছাত্রও। লামাসহ বান্দরবানের সব উপজেলার শিশুরা আছে এখানে।এ বছরে প্রথম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় শিশু কাননের ৩৬ জন ছাত্র। ৩৬ জনই প্রথম শ্রেণী পায়। প্রথম মুরং হিসেবে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে এই স্কুলের একজন ছাত্র। কৃতিত্ব আছে লেখাপড়ার বাইরেও। বিভাগীয় পর্যায়ে বিজয় দিবসের কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রায় নিয়মিত প্রথম হয় এই স্কুল। জাতীয় আন্তস্কুল খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শিশু কাননের দল। আপাতত অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ আছে এখানে।আবাসিক সুবিধা-সংবলিত এ স্কুলে থাকা, খাওয়া, পড়াশোনা কিংবা বইপত্র কেনার জন্য কোনো ধরনের অর্থ ব্যয় করতে হয় না তাদের। পুরোটাই বহন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম পরিবারের সদস্যরা যত্রতত্র দান না করে তাঁদের দানের অর্থ জমা করেন ছোট ছোট মাটির ব্যাংকে। তারপর ব্যাংক ভরে গেলে দিয়ে যান কোয়ান্টামের যেকোনো শাখা বা সেন্টারে। হাজার হাজার মানুষের দানের অর্থ একত্রিত করে মেটানো হয় শিশু কাননের ব্যয়ভার এবং অন্যান্য সেবা কার্যক্রমের খরচ।‘এই সব আদিবাসী শিশুর লেখাপড়ার কথা খুব কম মানুষই ভেবেছে। আমরা দেখাতে চাই, ওদের দিয়েও বড় কিছু করা সম্ভব। ওরা যদি নিজেরা আলোকিত হয়ে নিজের চারপাশটাকে আলোকিত করতে পারে, তবেই মনে করব, আমরা পেরেছি।’ সালেহ আহমেদ যখন পাহাড়ের চূড়ায় তৈরি কুটিরের সামনের রোয়াকে বসে বলছিলেন, তখন অন্ধকার নামতে শুরু করেছে লামার পাহাড়ে। ঘন কুয়াশা এসে ভর করেছে পাহাড়ি উপত্যকায়। গাছগাছালিতে ঢাকা সবুজ বনানী থেকে ভেসে আসে কত্ত রকম শব্দ! সেসব কিছুকে ছাপিয়ে দখিন কোনায় শোনা যায় শিশুদের আনন্দ-কলরব। ওদিকটায় ছাত্রদের থাকার ঘর। শিশু কাননে বার্ষিক পরীক্ষা শেষের সময়কার আনন্দ!