পাহাড়িকা
আদিবাসী দুই নারীর মাথায় বেতের ঝুড়ি। ঝুড়িভর্তি আনারস। তাঁরা চলেছেন খাগড়াছড়ি শহরের পানে। বাজারে বিকোবে আনারস। আর তাতেই হবে সেদিনকার মতো অন্নসংস্থান।দুপাশে পাহাড়। ঘন সবুজ গাছগাছালির সারি। ইট বিছানো রাস্তা। সব মিলিয়ে ছবিটা পাহাড়ি জনপদের নিত্যদিনকার একটা ছবি হতে পারত। কিন্তু ছবির ক্যাপশনে পরিবেশিত সংবাদ সেই সম্ভাবনাকে ভণ্ডুল করে দেয়। আমরা জানতে পারি, দুই আদিবাসী রমণীর এই পদযাত্রা চলবে পুরো দুই ঘণ্টা। পুরো দুই ঘণ্টার কষ্টকর হাঁটা শেষে তাঁরা পৌঁছাবেন খাগড়াছড়ি শহরে। টানা ৩০ ঘণ্টার হরতাল ছায়া ফেলেছে দূর পাহাড়েও। আর সেই হরতালের ফেরে পড়েই তাদের এই নিরুপায় পদযাত্রা। হরতাল মানেই জনদুর্ভোগ। পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস। ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়া। শহুরে মানুষদের কাছে এ আর নতুন কী। এসব কিছুকে হরতালের অপরিহার্য অঙ্গ বলেই নির্বিবাদে মেনে নিয়েছি আমরা। কিন্তু একটু ভালো করে ছবিটা দেখুন। অগ্রগামী আদিবাসী নারীটির মুখের দিকে খেয়াল করুন। এই প্রচণ্ড পরিশ্রমী নারীটি খুব সম্ভবত রাজনীতি বোঝেন না। জানেন না, সংবিধান কিংবা তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে। অমোঘ নিয়তি ভেবেই তিনি মেনে নিয়েছেন এই কষ্টকর পদযাত্রা। ইকবাল হোসাইন চৌধুরী