পাহাড়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রী খুব বেশি শৈল্পিক নৈপুণ্য দেখিয়েছেন এমন নয়। তার পরও ছবিটি মন হরণ করে। ধান শুকাচ্ছেন এক ম্রো পুরুষ। দূরে পাহাড়ের ঢালে বিছিয়ে আছে সোনালি-সবুজ ধান। আকাশ এসে যেন চুপিচুপি কথা কইছে পাহাড়ের সঙ্গে। সব মিলিয়ে এই ছবির মহিমা অন্য। ছবির সঙ্গে জুড়ে দেওয়া সুখবরটাও পড়ুন—পাহাড়ে জোরেশোরে চলছে ধান মাড়াই আর শুকানোর কাজ। পাহাড়িদের ঘরে ঘরে এখন নবান্নের আমেজ (সূত্র: প্রথম আলো, ৫ অক্টোবর, ২০১১)। এমন খবর মন ভালো না করে পারে? পয়লাপাতাসহ পত্রিকার গুরুত্বপূর্ণ পাতাগুলোর বাকি খবর এই শান্তিটা দিতে পারবে না। নিত্যদিনের মতোই ওই দিনের প্রথম পাতায় একটিবার চোখ বুলিয়ে দেখুন। কোনার ওই এক চিলতে কুমারী পূজার খবরটুকু ছাড়া বাকি কোনো খবরই—দুর্নীতি, মামলা-মোকদ্দমা, সংঘর্ষ অথবা শেয়ারবাজারে দরপতনের বাইরে নয়।এত সব নেতিবাচক খবরের অভিঘাত থেকে একরকম ‘পালিয়ে’ গিয়ে দুদণ্ড শান্তি সাধারণত মেলে ‘বেসিক আলী’ কিংবা ‘ন্যান্সি’র খোপে। তবে এই জুম পাহাড়ের আলোকচিত্রটা সত্যিই ব্যতিক্রম। পাহাড়ে উৎসব আর আনন্দের এমন আমেজ যেন চিরকাল থাকে। পাহাড়ের মানুষেরা স্বভাবতই শান্তিপ্রিয়—এ কথাটা আমরা সবাই জানি। অন্যায় কিছু চাপিয়ে দিয়ে তাদের অশান্তির কারণ হওয়াটা তাই একদমই কাজের কথা নয়।— ইকবাল হোসাইন চৌধুরী