আমার বাড়ি রাঙামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায়। চট্টগ্রাম থেকে প্রতিদিন সকালে একটি বাস ছাড়ে বাঘাইছড়ির উদ্দেশে। চট্টগ্রামের সমতল পথ শেষ হয়ে খাগড়াছড়ির পাহাড়ি পথ শুরু হওয়া মাত্রই কোনো এক জায়গায় নষ্ট হয় বাসটি। আমরা সাধারণ যাত্রীরা তখন আশপাশে ঘুরে বেড়াই। নিজেদের মতো করে ছোটখাটো বনভোজনের আয়োজন করি! বাসটি কোথায় গিয়ে নষ্ট হবে কিংবা আদৌ নষ্ট হবে কি না সেটা কেউ জানে না। তবে আমি যতবারই বাড়িতে যাওয়া-আসা করেছি, ততবারই এই মধুর যন্ত্রণার শিকার হয়েছি। এই সময়টাতে আমি বেশির ভাগ যাত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, কখনোই এ রকম যন্ত্রণার শিকার হয়নি এমন যাত্রী একজনও নেই! বাস নষ্ট হলে চালক-সহকারী প্রতিবারই যাত্রীদের সামনে এসে মুখ গোমড়া করে বলেন, ‘গত তিন বছরের মইধ্যে আইজকাই প্রথম আমার বাস নষ্ট হইল। কিছু মনে কইরেন না, আপনেগো একটু কষ্ট দিতেছি ভাইজান!’ পাহাড়ি রাস্তায় বাস নষ্ট হয়ে যাওয়ার বিপদ হচ্ছে, আশপাশে কোনো দোকানপাট এমনকি বাড়িঘরও চোখে পড়ে না। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। প্রথম কিছুক্ষণ ‘আদি ও অকৃত্রিম প্রকৃতির সান্নিধ্যে এসেছি’ এই ভাবনা উত্তেজনা জাগালেও কিছুক্ষণের মধ্যেই একঘেয়ে পাহাড়ের দৃশ্য বিরক্তিকর লাগতে থাকে। এবার ঈদের আগে বাড়িতে যাওয়ার সময় আমাদের বাসটি নষ্ট হলো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পার হয়ে আরও অনেক দূরে দুইটিলা আর্মি ক্যাম্পের সামনে। আমরা বাস থেকে নেমে আশপাশে ঘোরাঘুরি শুরু করলাম। দুইটিলা আর্মি ক্যাম্পটি একদম পাহাড়ের মাথায়, রাস্তা থেকে মাথা উঁচু করে দেখতে হয়। ক্যাম্প ছাড়া যেদিকে চোখ যায় শুধু পাহাড়ের সারি। একটু পরই সন্ধ্যা নেমে আসে। একই সঙ্গে আকাশ-বাতাস কাঁপিয়ে নামে পাহাড়ি বৃষ্টি। হাজার হাজার পাহাড়ি মশা ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে লাগল আমাদের দিকে। আমার মনে হলো, অনেক দিনের অভুক্ত এই মশাগুলো হঠাৎ করে একগাড়ি অপ্রত্যাশিত খাবার পেয়ে যাওয়ায় কাকে দিয়ে ভূরিভোজটা শুরু করবে সেটা ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না! আরেকটা বাস এসে আমাদের নিয়ে যেতে ঘণ্টা দুয়েকের মতো লাগতে পারে। নির্জন পাহাড়ি রাস্তায় ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। বাসের চালক-সহকারীও আমাদের সঙ্গে বসে আড্ডা দিতে লাগলেন। একদম পেছনের সিটে বসে থাকা ১৮-১৯ বছর বয়সী হেলপার ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম, ‘তোমার নাম কী?’ ছেলেটা হাসতে হাসতে বলে, ‘আমার নাম সজীব ত্রিপুরা, আমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়।’ আদিবাসী এই ছেলেটির মুখে পরিষ্কার শুদ্ধ ভাষা শুনে আমি খানিকটা অবাক হই। ওকে জিজ্ঞেস করি, ‘তুমি কত দিন ধরে বাসে চাকরি করছ?’ সজীব হাসে, ‘এই পরিবহনে দুই বছর ধরে আছি। তার আগে লোকাল বাসে চাকরি করতাম।’ এই ছেলের হাসি রোগ আছে। যা-ই জিজ্ঞেস করি শুধু হাসে। ওর হাসিটা আমার মধ্যেও সংক্রমিত হয়। ওকে জিজ্ঞেস করি, ‘তুমি কত বেতন পাও?’ সজীব আবার হাসে, ‘চট্টগ্রামে গেলে এক ট্রিপে ৮০০ টাকা আর ঢাকায় গেলে ১২০০ টাকা।’ আমার হঠাৎ একটু কৌতূহল জাগে, ‘আচ্ছা তুমি খাও কোথায়? রাতে ঘুমাও কোথায়?’ ছেলেটা প্রশ্ন শুনে এমনভাবে হাসে যেন এর চেয়ে আনন্দের ঘটনা আর কিছু হতে পারে না, ‘খাওয়ার জন্য প্রতিদিন ১০০ টাকা পাই। আর বাসের এই লম্বা সিটটাতে ঘুমাই রাতে কয়েল জ্বেলে। যেদিন পকেটে টাকা থাকে, সেদিন হোটেলে গিয়ে আরাম করে ঘুমাই।’ আমার একটু মন খারাপ হয়। সেটা ওকে বুঝতে দিই না। সজীব নিজ থেকেই বলে, ‘আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। তারপর বাবা মারা যাওয়ায় বাসের চাকরিতে চলে এসেছি। বেশি দিন চাকরি করব না। কিছু টাকা জমাতে পারলেই চলে যাব।’ বলে সে এমনভাবে হাসে আমার মনে হতে থাকে এই ছেলের বোধহয় মন খারাপ করার অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে। সে হঠাৎ কী যেন চিন্তা করে বলে ওঠে, ‘দেখেছেন, আমাদের বাসে টিভি আছে!’ আমি খুব অবাক হই, সত্যিই তো! এই বাসে তো টিভিও আছে! ওকে জিজ্ঞেস করি, ‘এই টিভি চলে?’ ও হাসতে হাসতে জবাব দেয়, ‘হ্যাঁ, আমরা যখন ঢাকায় ট্রিপ মারি তখন সুপারভাইজার ওস্তাদ টিভি ছাড়ে। সামাজিক বাংলা সিনেমা দেখায়।’ আমি ওকে আর জিজ্ঞেস করি না, ও কখনো টিভি দেখতে পারে কি না। ও তো হেলপার। যাত্রীদের মতো বসে বসে টিভি দেখার সৌভাগ্য নিশ্চয় ওর কখনো হয় না। তবে মনে হয় তাতে ওর কিছু আসে-যায় না। একটা টিভি আছে তাতেই ছেলেটার মুগ্ধতা কাটছে না! এমন সময় আমাদের নেওয়ার জন্য আরেকটা খালি বাস চলে আসে। যাত্রীরা মালপত্র নিয়ে নেমে যেতে থাকে। ছেলেটা হঠাৎ বলে ওঠে, ‘সবাই চলে যাবে, শুধু আমিই একলা থেকে যাব।’ ওর কথাটা শুনে আমি হঠাৎ থমকে যাই। বুকের কাছে কেমন যেন একটু ব্যথা করে ওঠে। সবাই নতুন বাসে উঠে গেলে চালক-সুপারভাইজার মুখ গোমড়া করে তাকিয়ে থাকে যাত্রীদের দিকে। শুধু বোকা হেলপারটাই হাসতে থাকে অনবরত। ছেলেটার দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। এই জনমানবহীন অন্ধকার পাহাড়ের মধ্যে ওদের কতক্ষণ থাকতে হবে জানি না। তবু আমি নিজেকে নিজে সান্ত্বনা দিই, কিছুক্ষণ পরই মিস্ত্রি চলে এসে বাসটা ঠিক করে ফেলবে। তখন ওরা চলে যাবে কাছাকাছি কোনো লোকালয়ে। আমার বহুদিন পর বাড়ি যাওয়ার আনন্দময় ভ্রমণটা নষ্ট করে দিয়েছে এই পাহাড়ি ছেলেটি। আমার খুব জানতে ইচ্ছে করে, যে জীবনটা সে মাত্র শুরু করেছে, সে কি পারবে জীবনের বাকি দীর্ঘ ভ্রমণটা একা একা চালিয়ে যেতে! নাকি কোনো একসময় হেরে গিয়ে হারিয়ে যাবে জীবন থেকে! জুয়েল দেব[email protected]