পাহাড়ে অসময়ের রসে ভরা আনারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগড় কৃষি গবেষণাকেন্দ্রে হানিকুইন জাতের আনারসখেত  প্রথম আলো
রামগড় কৃষি গবেষণাকেন্দ্রে হানিকুইন জাতের আনারসখেত প্রথম আলো

বাগানজুড়ে রসে ভরপুর কাঁচা-পাকা আনারস। শীতকালে এ দৃশ্য স্বাভাবিক না হলেও খাগড়াছড়ির রামগড়ের পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের বাগানে তেমনটাই দেখা গেল। মৌসুম না হলেও গবেষকদের প্রচেষ্টায় এই কেন্দ্রের সাত একর জায়গায় হানিকুইন জাতের আনারসের ব্যাপক ফলন হয়েছে।
পরীক্ষামূলক এই চাষে সাফল্য আসায় গবেষকেরা আশা করছেন, বাণিজ্যিকভাবে শীতকালে আনারস চাষ করে আয় বাড়াতে পারবেন কৃষকেরা।
রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অরিন্দম বিশ্বাস প্রথম আলোকে বলেন, হানিকুইন জাতের আনারসে হরমোন প্রয়োগের ২০ থেকে ৪০ দিন পর গাছে ফুল আসে এবং পাঁচ থেকে ছয় মাস পর ফল সংগ্রহ করা যায়। তিনি আরও বলেন, হরমোন প্রয়োগ করে চাষ করলে কৃষকেরা বছরের বিভিন্ন সময়ে ফল আহরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন।
গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা জানান, অদিনের আনারস ফলানোর জন্য ইথ্রেল হরমোন ব্যবহার করা হয়। হরমোন প্রয়োগে প্রায় শতভাগ গাছে একসঙ্গে ফুল আসে। চারার বয়স নয় মাস হলে বা চারার ২২টি পাতা গজালে হরমোন প্রয়োগ করে আধা কেজি ওজনের ফল পাওয়া যায়। আবার চারার ১৩ মাস বয়সে ২৮টি পাতা গজালে হরমোন প্রয়োগ করে এক কেজি ওজনের ফল পাওয়া যায়।
কেন্দ্রের গবেষকেরা জানান, শীতকালে প্রতি একরে আড়াই হাজার গাছে আনারস ফলিয়ে এক লাখ টাকা আয় করা সম্ভম।
জানা গেছে, পাকা হানিকুইন আনারসের শাঁস হলুদ রঙের হয়। আনারসের প্রচলিত জাতের মধ্যে এটিই সবচেয়ে মিষ্টি। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস বলেন, এখন আনারসের মৌসুম নয়। তাই হরমোন প্রয়োগে আনারস চাষ করলে কৃষকেরা তিন গুণ লাভ পাবেন।
রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আনারস জুন-জুলাই মাসের ফল হলেও হরমোন প্রয়োগের মাধম্যে সহজেই শীতকালে ফলন পাওয়া সম্ভব।
হরমোন প্রয়োগ করে উৎপন্ন ফল কতটুকু স্বাস্থ্যসম্মত জানতে চাইলে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রউফ বলেন, ‘হরমোনের কাজ হচ্ছে ফুল ফোটানো। আমরা পরীক্ষা করে দেখেছি, পাকা ফলে হরমোনের কোনো ক্ষতিকর প্রভাব থাকে না। সকাল নয়টা থেকে বেলা ১১টার মধ্যে হরমোন প্রয়োগ করতে হয়। ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি না হলে ফলন ভালো হয়।