পাহাড়ে উলুর উৎসব
পাহাড়ে এখন উলু ফুল সংগ্রহের উৎসব। গহিন বন থেকে এই ফুল সংগ্রহ করেন স্থানীয় আদিবাসীরা। তারপর কয়েক হাত ঘুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে চলে যায়। খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন এলাকায় পাহাড়ে ও জমিতে এখন উলু ফুল সংগ্রহ করে রোদে শুকানো হচ্ছে।পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নাড়াইছড়ি রেঞ্জেই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এই ফুল। এ রেঞ্জের আওতায় ৫৪ হাজার ১১২ একর বনাঞ্চল। উলু ফুল সংগ্রহকে কেন্দ্র করে আদিবাসীদের নতুন কর্মসংস্থান হয়। ব্যবসা হয়। সরকার একটি রেঞ্জ থেকে ১০-১২ লাখ টাকা পর্যন্ত রাজস্ব পায়।সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বাস টার্মিনালসংলগ্ন কল্পবাবুর মাঠজুড়ে, জামতলী আনসার ব্যাটালিয়নসংলগ্ন জমিতে, কাঁঠালতলী বন বিহারের সামনে পাহাড়জুড়ে শুধু উলু ফুলের ঝাড়ু আর ঝাড়ু। শ্রমিকেরা কেউ ঝাড়ু রোদে শুকাচ্ছেন, কেউ ব্রুম (৫০টি একত্রে আঁটি করা) করছেন। শ্রমিক জাহানারা বেগম কাজ করতে করতে বলেন, ‘ঝাড়ু ফুলের মৌসুমের পুরোটাই তিনি কাজ করেন। মজুরি হিসেবে দিনে ২০০ টাকা পান। এতে তাঁর সংসার ভালোই চলছে।’ আরেক শ্রমিক আবু কালাম বলেন, তিনি ৫০টি ঝাড়ু একত্র করে আঁটি করার কাজ করছেন। এক আঁটিতে পান চার টাকা। দিনে ৩৫০ থেকে ৪০০ টাকা আয় হয়।ঝাড়ু ফুলের স্থানীয় ও খুচরা ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘আমি বিভিন্ন পাহাড়ে গিয়ে আদিবাসীদের কাছ থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করি। গত বছর একটি ঝাড়ু (২০ থেকে ২৫ শলাকা) কিনেছি নয় টাকা দরে। এ বছর দাম বাড়তি, তাই এবার একেকটি ১০ থেকে ১১ টাকা দামে কিনতে হচ্ছে। আর বিক্রি করছি ১২ টাকা দামে, ব্যবসা ভালোই চলছে।’ ঢাকা থেকে আসা ব্যবসায়ী মোহাম্মদ জুলহাস বলেন, ‘আমরা স্থানীয়ভাবে ১২ থেকে ১৩ টাকা ঝাড়ু ফুল ক্রয় করছি। এক ট্রাকে প্রায় ৩০ হাজার ঝাড়ু ফুল পরিবহন করা যায়। ঢাকা নিয়ে এক ট্রাকে ২০ থেকে ২২ হাজার টাকা লাভ হয়।’ বোয়ালখালী বাজারে ঝাড়ু ফুল বিক্রি করতে এসেছেন জারুলছড়ি, শুকনাছড়ি, নুনছড়ি, হাজাছড়ার পূর্ণ কুমার চাকমা, সোনাবি চাকমা, কৃষ্ণধন চাকমা, অশ্বিনী চাকমা ও জোনাকি চাকমা। তাঁরা জানান, জানুয়ারির মাঝামাঝি থেকে পাহাড়ে গিয়ে ঝাড়ু ফুল সংগ্রহ করেন। পরিশ্রম অনুযায়ী তাঁরা দাম পান না। ২০ থেকে ২৫ শলাকার এক আঁটি ঝাড়ুফুল বিক্রি করেন নয় থেকে ১০ টাকায়। নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা শংকর কুমার কর জানান, উলু ফুলের ঝাড়ু সংগ্রহ করে যেমন সরকার রাজস্ব পাচ্ছে, তেমনি নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। সরকার একটি উলু ফুলের ব্রম (আঁটি) থেকে ৩৫ পয়সা হিসেবে এক ট্রাকে ১০ হাজার ৫০০ টাকা রাজস্ব পায়। গত বছর উলু ফুল থেকে নয় লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে এ বছর আরও বেশি রাজস্ব আদায় হবে বলে ধারণা করা হচ্ছে।