পাহাড়ে উৎসবের হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমর তাঁতে থামি, পিনন আর ফতুয়া তৈরি করেছেন নারীরা। যাঁরা ব্যস্ততার কারণে তাঁতে কাপড় বুনতে পারেননি, তাঁরা বিপণিবিতান থেকে এসব সংগ্রহ করেছেন। পাশাপাশি চলছে বিন্নি চালের পিঠা ও নানা ধরনের সবজি দিয়ে ‘পাজন’ রান্নার প্রস্তুতি। ১২ এপ্রিল শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বিঝু-বৈসুক-সাংগ্রাই-বিষু-বিহুর মূল আনুষ্ঠানিকতা। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে চলছে উৎসবের প্রস্তুতি।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায় উৎসবটিকে ভিন্ন নামে ডাকে। তবে সবার উদ্যাপন রীতি ও সময় এক। ত্রিপুরা সম্প্রদায় বৈসুক, মারমারা সাংগ্রাই, চাকমারা বিঝু, তঞ্চঙ্গ্যারা বিষু ও অহমিয়ারা ‘বিহু’ নামে এই উৎসব পালন করে। সমতলের লোকজনের কাছে এ উৎসবটি ‘বৈসাবি’ নামে সমধিক পরিচিত।
পিঠা-পুলি, ফল, পানীয়র পাশাপাশি উৎসবে অতিথি আপ্যায়নে থকে ঐতিহ্যবাহী ‘পাজন’। রাঙামাটির লেখক সুগত চাকমার মতে, বাংলা ‘পাচন’ শব্দ থেকে পাহাড়িদের ‘পাজন’ শব্দটি এসেছে। তবে খাদ্যাভ্যাসের কারণে পাচন ও পাজন রান্নার পদগুলো হয় ভিন্ন। ‘তারা’, ‘বেতাগি’ (মরিচ বেতের গোড়ার অংশ), বেত প্রজাতির ‘চাংকুল’ ‘কাট্টোল ডিঙি’ নানা প্রকার ‘জংলি আলু’সহ ২৫ থেকে ৩০ বা তারও বেশি সবজিজাতীয় পদের মিশ্রণে পাজন রান্না করা হয়। পাজন রান্নায় পদের সংখ্যা বাড়াতে স্বজন বা প্রতিবেশীদের সঙ্গে চলে শাকসবজি বিনিময়। এ ছাড়া গ্রামের লোকজন প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পিঠা তৈরির।
রাঙামাটি শহরের বনরূপা বাজারে বিঝু-বৈসুক-সাংগ্রাই-বিষু-বিহু উৎসব উপলক্ষে বিচিত্র সব সবজি বিক্রি শুরু হয়েছে। অনেকে এখন থেকেই এসব সবজি সংগ্রহ করছেন। বাজার ঘুরে দেখা গেল নানা ধরনের শাক, জংলি আলু, ডুমুর, পাহাড়ি মরিচ, কন্দ, ডুমুরসহ নানা বিচিত্র সবজি উঠেছে। বিক্রি হচ্ছে বিন্নি চাল ও আখের গুড়।
শহরের রাঙাপানি এলাকার পূর্ণধন চাকমা (৫৯) বলেন, বিজু উপলক্ষে তাঁর বাসায় বেশ আগে থেকেই প্রস্তুতি চলছে। ছেলে, মেয়ে নাতি-নাতনিদের নতুন পোশাক দিয়েছেন উৎসব উপলক্ষে। তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে থাকে ফ্রান্সে। ছোট ছেলের নতুন বিয়ে হয়েছে। বিজু উপলক্ষে মেয়ের জামাই ঢাকা থেকে আসবে। সব মিলিয়ে বেশ আনন্দে কাটবে উৎসবের তিন দিন। উৎসব উপলক্ষে পাজন, বিন্নি চালের পিঠা ও মটর ডালের বিশেষ পদ রান্না হবে।
বৈচিত্র্যময় তিন দিন: পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের যেমন ভিন্ন ভিন্ন নাম রয়েছে, তেমনি উৎসবের তিনটি দিনের নামও আলাদা। ত্রিপুরারা উৎসবের প্রথম দিনকে হারি বৈসুক, দ্বিতীয় দিনকে বিসুমা ও তৃতীয় দিনকে বিসিকাতাল, একইভাবে মারমারা সাংগ্রাই আকনিয়াহ্, সাংগ্রাই আক্রাইনিহ্ ও লাছাইংতার এবং চাকমারা ফুলবিঝু, মূলবিঝু ও গোজ্যেপোজ্যে দিন বলে।
উৎসবে চাকমা, মারমা ও ত্রিপুরাদের কিছু বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান থাকে। এর মধ্যে চাকমাদের ‘বিঝু নৃত্য’, ত্রিপুরাদের ‘গরাইয়া নৃত্য’ ও মারমাদের ‘পানি খেলা’ অন্যতম।