পাহাড়ে এখনো ঝুঁকি নিয়েই বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের পার্বত্য উপজেলা লামায় পাহাড়ের ঢাল ও পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে সাড়ে চার হাজার পরিবার। প্রতিবছরই পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটছে। গত পাঁচ বছরেই মারা গেছে কমপক্ষে অর্ধশত লোক। কিন্তু এর পরও ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সর্বশেষ গত ২৭ জুন রাতে প্রবল বর্ষণে পাহাড়ধসে মারা যায় একই পরিবারের ১১ জনসহ ২৯ জন। লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল এ প্রসঙ্গে বলেন, ‘সরকারি হিসাব অনুযায়ী সাড়ে চার হাজার পরিবার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে। গত পাঁচ বছরে ৪৯ জন পাহাড়ধসে মারা যায়।’এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নির্বিচারে গাছ উজাড় ও পাহাড় কাটার কারণে বর্ষায় প্রতিবছর ভূমিধসের ঘটনা ঘটছে। এতে পাদদেশে বসবাসকারী ব্যক্তিদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এ প্রসঙ্গে বান্দরবান মৃত্তিকা ও পানি সংরক্ষণকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘অবাধে গাছ কাটা, পাথর তোলা, অপরিকল্পিত জুমচাষ ও পাহাড় কেটে ইটভাটা তৈরির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে।’বাংলাদেশ মানবাধিকার কমিশনের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এম রুহুল আমিন বলেন, ‘ঘন ঘন পাহাড়ধসের কারণে জনবসতিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবছরই প্রাণহানির ঘটনা ঘটছে। নষ্ট হচ্ছে ফসলের জমি। ২৭ জুনের পাহাড়ধস ট্র্যাজেডির পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’লামার উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল আরও বলেন, ‘এখানে বসবাসকারী অধিকাংশ মানুষ অতি দরিদ্র। তাদের সবার পক্ষে নিজ উদ্যোগে নিরাপদে সরে যাওয়া সম্ভব নয়। তাই পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ব্যক্তিদের পুনর্বাসন করা প্রয়োজন।’ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান শামশুল আলম প্রথম আলোকে বলেন, ‘রাইম্যা খোলা, মগনামা পাড়া এবং পোকখাইয়া ঝিরিসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের চূড়া ও পাদদেশে এখনো মৃত্যুঝুঁকি নিয়ে হাজার হাজার পরিবার বসবাস করছে। ভারী বৃষ্টি হলে এ এলাকায় আবার পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।’বান্দরবানের জেলা প্রশাসক কে এম তরিকুল ইসমাইল বলেন, ‘লামায় পাহাড়ধসের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’