পাহাড়ে এখনো ম্যালেরিয়ার ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ম্যালেরিয়া নির্মূলে কাজ করলেও এখনো চট্টগ্রাম, কক্সবাজার তিন ও পার্বত্য জেলায় এই রোগে আক্রান্ত ও মৃত্যুহার বেশি। অসচেতনতার কারণে দ্রুত চিকিৎসা না নেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানা গেছে। তবে সরকারি হাসপাতালের এই হিসাবের বাইরেও বেসরকারি পর্যায়ে অনেক ম্যালেরিয়া রোগী থাকার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বস্বাস্থ্য সংস্থার আওতায় ব্রাক দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া নির্মূলে কাজ করছে। সম্প্রতি ব্রাকের এক গবেষণাপত্রে দেখা গেছে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা এখনো ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছে। পাঁচ জেলাসহ দেশের মোট ১৩ জেলার এক কোটি ৩২ লাখ ৫০ হাজার মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছে বলে জানা যায়।
ব্রাকের কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু সাঈদ জানান, গত বছর সারা দেশে ম্যালেরিয়ায় মারা গেছে ১৫ জন। তার মধ্যে এই পাঁচ জেলায় মারা গেছে ১২ জন। একই সময়ে সারা দেশে যেখানে আক্রান্ত যেখানে ২৬ হাজার ৮৯১ জন সেখানে তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারে আক্রান্ত ২৪ হাজার ৭৮৩ জন।
আবু সাঈদ বলেন, ২০১৫ সালের মধ্যে ম্যালেরিয়ায় মৃত্যু প্রতি এক লাখে দশমিক ৬ জনে আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা ইতিমধ্যে তা অর্জন করেছি। গত বছর মৃত্যু ছিল প্রতি লাখে দশমিক ১১ জন। তবে পার্বত্য চট্টগ্রামে এই মৃত্যুহার বেশি।
প্রসঙ্গত, ২০১৫ সালের মধ্যে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর হার ২০০৮ সালের তুলনায় শতকরা ৬০ ভাগে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ওই লক্ষ্যমাত্রায় ১৩টি ম্যালেরিয়া প্রবণ জেলার ৯০ শতাংশ ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে দ্রুত ও মানসম্পন্ন উন্নত পদ্ধতিতে রোগ নিরূপণ এবং কার্যকর চিকিৎসা প্রদানের কথা বলা হয়েছিল। কিন্তু এখনো অনেকে এই সেবার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ। যথাসময়ে চিকিৎসা না পাওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামসহ ১৩ জেলায় ম্যালেরিয়া আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়ছে বলে মনে করা হচ্ছে। গত বছর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ম্যালেরিয়াপ্রবণ জেলায় পাঁচজনই মারা গেছে খাগড়াছড়িতে। তাঁদের যথাসময়ে চিকিৎসা দেওয়া যায়নি বলে জানা গেছে। সচেতনতার অভাবে এমন হচ্ছে বলে অভিযোগ। ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক কাজী নূরুন্নবী বিষয়টি স্বীকার করে বলেন, ‘খাগড়াছড়ির এসব রোগী সময়মতো আমাদের জানায়নি। এ ছাড়া তাদের আমরা চট্টগ্রাম নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কারণে আনতে পারিনি।’
সদর সরকারি হাসপাতাল কিংবা উপজেলা কমপ্লেক্সের হিসাব দিয়ে সারা দেশের ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর হার নির্ধারণ করা হয়। কিন্তু এটি পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। ম্যালেরিয়া নিয়ে দীর্ঘদিন গবেষণায় নিয়োজিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ।
এ বিষয়ে অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘সরকারি এই হিসাবের চেয়েও ম্যালেরিয়ায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেকে শহরের বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিয়ে থাকেন। তাদের হিসাবটি এখানে বাদ পড়ে যাচ্ছে। তাই ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে।’
ম্যালেরিয়ায় শিশু, গর্ভবতী নারী এবং পর্যটকরা বেশি ঝুঁকিতে থাকে বলে জানা গেছে। এ জন্য নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে তিন পার্বত্য জেলার প্রতিটি ঘরকে কীটনাশকযুক্ত মশারির আওতায় আনার জন্য কাজ চলছে বলে জানান ব্রাকের চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব পালিত।