পাহাড়ে জমজমাট আদিবাসী লোকজ সাংস্কৃতিক উৎসব

লোকগান, নাচ ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনীর মধ্য দিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হলো আদিবাসী লোকজ সাংস্কৃতিক উৎসব। ১০ মে অনুষ্ঠিত এই উৎসবে জেলায় বসবাসরত মারমা, ম্রো, চাকমা, ত্রিপুরাসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরা হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) উদ্যোগে আয়োজিত লোকজ সাংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।
কেএসআই কার্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসবে আদিবাসী ও শিল্পীদের নাচ-গান ছাড়াও অন্যতম আকর্ষণ ছিল পিঠা প্রদর্শনী। এ ছাড়া উৎসবে এবারে প্রথমবারের মতো সাতজন আদিবাসী শিল্পীকে আজীবন সম্মাননা ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
উৎসবে বিভিন্ন ধরনের আদিবাসী পিঠার মধ্যে মারমাদের ফাক্কাইত মুহ, ছিগ্য মুহ, কংঞাং মুহ, তঞ্চঙ্গ্যাদের কলা পিরা, সৈন্যা পিরা, ত্রিপুরাদের আওয়া পেং, আওয়া থাইবাগুং, চাকমাদের বড়া পিধা, ম্রোদের চাতুইহম রং, বমদের দাবাসাং রেউ, খিয়াংদের পাকন হা পিঠা উৎসবকে জমিয়ে তুলেছিল। উৎসবে আসা আদিবাসী-বাঙালি সবাই পিঠার স্বাদ নিয়েছেন। সাংসৃ্কতিক আয়োজনের শুরুতে ম্রো আদিবাসীদের ঐতিহ্যবাহী ছিয়াসত প্লাই বা গো হত্যা উৎসবের নাচ উপস্থিত শত শত দর্শককে মুগ্ধ করে। নাইক্ষ্যংছড়িতে বসবাসরত চাক আদিবাসীদের ছিক হ্রাং বা প্রেমগীতি দর্শকদের মন পাহাড়ঘেরা নির্জন প্রান্তরে টেনে নিয়ে যায়। আবার খুমিদের তোয়াই কালাং বা যুদ্ধজয়ের নাচ যেন প্রকৃতির সঙ্গে আদিবাসীদের জীবনসংগ্রামের কথাই স্মরণ করিয়ে দিল দর্শককে।
এ ছাড়া উৎসবে মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং, বমসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতিকে আলো ঝলমলে মঞ্চে তুলে আনা হয় সফলভাবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাতজন আদিবাসী শিল্পীকে আজীবন সম্মাননা ও ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। বম লোকনৃত্য ও বাদ্যযন্ত্রে অবদান রাখার জন্য শিল্পী জাথং সাহু বম, খুমী লোকসংগীতের জন্য থেঁওহই খুমিকে, ত্রিপুরা লোকসংগীতের জন্য নগসিং ত্রিপুরাকে, চাকমা লোকগীতির জন্য বরণ চান চাকমাকে, মারমা লোকনাট্যের জন্য মংমং মারমাকে, ম্র্রো লোকগীতির জন্য লংঙান ম্রোকে ও তঞ্চঙ্গ্যা লোকগীতির জন্য লবক্যা তঞ্চঙ্গ্যাকে এই সম্মাননা জানানো হয়।