পাহাড়ে জায়ান্ট কিউর হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নরসিংদীর সমতল অঞ্চলের জায়ান্ট কিউর হাতছানি দিচ্ছে খাগড়াছড়ির পাহাড়ে। এখানকার পাহাড়ে এখন এ জাতীয় আনারসের ব্যাপকভাবে চাষ হচ্ছে। এসব আনারস বিক্রি করে লাখ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন এলাকার চাষিরা। খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে চোখে পড়ে পাহাড়ের কোল ঘেঁষে হাজার হাজার জায়ান্ট কিউ জাতের আনারসের গাছ।প্রতিটি গাছে হলুদরাঙা জায়ান্ট কিউ সহজেই নজর কাড়ে পথচারীদের। মৌমাছিসহ বিভিন্ন ধরনের পাখি পাকা আনারসের রসের লোভে ভিড় করেছে বাগানে। এমন দৃশ্য দেখিয়ে একটি বাগানের মালিক প্রণয়ন চাকমা বললেন, ‘গত বছর জানুয়ারি মাসে ২০ হাজার জায়ান্ট কিউ জাতের আনারসের চারা রোপণ করেছি। এ মৌসুমে ১২ হাজার ফল ধরেছে। আশা করছি এসব ফল বেচে প্রায় তিন লাখ টাকা পাওয়া যাবে।’ এ ছাড়া কয়েক বছর পর এ বাগান থেকে এক মৌসুমেই ১০ লাখ টাকা আয় করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।খাগড়াছড়ি সদর বীচিতলা ২ নম্বর প্রকল্প গ্রামে প্রণয়ন চাকমার আরও একটি বাগান আছে, আট একর আয়তনের। ওই বাগানের পাকা আনারস দেখিয়ে তিনি বলেন, ‘এখানে ২০১০ সালে মাটিরাঙা উপজেলার যজ্ঞসলা প্রকল্প গ্রাম থেকে জায়ান্ট কিউর চারা এনে রোপণ করেছি। তিন বছর ধরে এখান থেকে ফল পাচ্ছি। তবে আয়-ব্যয় হিসাব করে দেখিনি।’ জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের অবনিপাড়া (বড়কনা) এলাকায় একটি পাহাড়ে প্রায় এক একর আয়তনের জায়গায় জায়ান্ট কিউ জাতের আনারসের বাগান করেছেন সঞ্জয় দেওয়ান। তিনি জানান, দুই হাজার গাছ আছে এ বাগানে। গত বছর না বুঝে বাগানের সব আনারস মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন। এ বছর দুই-একটি ছাড়া সব গাছেই ফল এসেছে। মৌসুমের শুরুতে শহরের মুক্ত মঞ্চের পাশে ৮০০টি আনারস নিয়ে প্রতিটি ৫০-৬০ টাকা হিসেবে ৪০-৪৫ হাজার টাকায় বিক্রি করেছেন। তিনি বলেন, ‘বড় জাতের আনারস হওয়ায় এর দাম বেশি। সব আনারস বেচে যা পাওয়া যাবে তা দিয়ে সংসারের একটি বছর ভালো করেই কেটে যাবে।’ তবে আনারস চাষে আয়-ব্যয়ের সুনির্দিষ্ট কোনো হিসাব তিনিও রাখেননি বলে জানান।বাগানমালিকেরা জানান, অন্য এলাকার তুলনায় পাহাড়ে জায়ান্ট কিউ জাতের আনারসের দাম প্রায় তিন ভাগের এক ভাগ। তাই বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে আনারস নিয়ে যান।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুর রউফ জানান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় জায়ান্ট কিউ আনারস উৎপাদনের সম্ভাবনা ও ফলাফল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ির চাষিরা এ জাতের আনারস ব্যাপকভাবে চাষ করছেন। খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক জানান, জায়ান্ট কিউর অপর নাম ক্যালেঙ্গা। এ জাতের ফলের পাতায় কাঁটা থাকে না। হানিকুইন, ঘোড়াশাল ও জলডুবি এই জাতগুলোর পরেই জায়ান্ট কিউ বাজারে আসে।এটি দেড় থেকে তিন কেজি ওজন হয়ে থাকে। হানিকুইন জাতের চেয়ে এর মিষ্টি একটু কম। তিনি জানান, এ আনারস বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয়।