পাহাড়ে তেজপাতার সুগন্ধি
তেজপাতার গাছ লাগানোর ব্যাপারে পাহাড়ের চাষিদের আগ্রহ তেমন ছিল না। কেউ শখ করে ভিটেবাড়িতে লাগালেও বাণিজ্যিক ভিত্তিতে চাষের কথা কারও চিন্তাতেও আসেনি। কারণ, তাদের ধারণা তেজপাতা বিক্রি করে আর কত টাকা পাওয়া যাবে! কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকার চন্দ্র কিশোর ত্রিপুরা। তেজপাতার বাগান করে লাভবান হয়েছেন তিনি। তাঁকে দেখে এখন আরও অনেকে এগিয়ে আসছেন তেজপাতার বাগান করতে। চন্দ্র কিশোর ত্রিপুরার পেশা শিক্ষকতা। তিনি নয় মাইল ত্রিপুরাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত বছর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার। এত কিছু থাকতে তেজপাতার বাগানের কথা মাথায় এল কী করে? তিনি জানান, প্রায় এক যুগ আগে তাঁর বাড়ির আঙ্গিনায় দুটি তেজপাতার চারা লাগিয়েছিলেন। কয়েক বছর পর সেই দুটি গাছ বড় হলে তিনি গাছের পাতা এক ব্যবসায়ীর কাছে দেড় শ টাকায় বিক্রি করেন। এরপর তাঁর মাথায় এল বাণিজ্যিকভাবে তেজপাতার বাগান করার। কারণ, তিনি দেখলেন কম খরচে লাভটা বেশি। এই চিন্তা থেকে তিনি নয় বছর আগে স্থানীয় বাজার থেকে প্রতিটি পাঁচ টাকা দামে এক শটি তেজপাতার চারা কিনে রোপণ করেন। এর মধ্যে ৯০টি চারা টিকে যায়। এরপর গাছগুলো বেড়ে ওঠে। তিন বছরের মাথায় তিনি প্রথমে দেড় হাজার টাকার তেজপাতা বিক্রি করেন। পরের বছর দুই হাজার। এভাবে বাড়তে বাড়তে তিনি এখন বছরে বিক্রি করেন ৩৫ হাজার টাকার তেজপাতা। বিনিয়োগ বলতে ওই চারার ৫০০ টাকা। বাকি সব কাজ নিজে করেছেন। চন্দ্র কিশোর ত্রিপুরা বলেন, তেজপাতার বাগান কম পরিচর্যা করলেও চলে। রোগবালাই নেই। বছরে সার দিতে হয় একবার। চারা ঘন লাগালেও ক্ষতি নেই। তাই অন্যান্য গাছের তুলনায় কম জায়গায় করা যায়। তিনি জানান, বছরে একবার পাতা বিক্রি করেন। কয়েক বছর আগে বছরে দুবার পাতা বিক্রি করাতে গাছ দুর্বল হয়ে গিয়েছিল। সেই থেকে তিনি বছরে একবার পাতা বিক্রি করেন। সাধারণত ঈদের আগে ব্যবসায়ীরা তাঁর বাগান থেকে তেজপাতা কিনতে আসেন। খাগড়াছড়ি হটিকালচার কেন্দ্রের সহকারী উদ্যানতত্ত্ববিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘পাহাড়ে প্রচুর অনাবাদি জমি রয়েছে। এগুলোতে তেজপাতার বাগান করা যেতে পারে। অন্যান্য ফলের বাগানে পরিচর্যা, সার, ওষুধ প্রয়োগসহ অনেক খরচ আছে। কিন্তু তেজপাতার বাগানে তেমন পরিচর্যা করার প্রয়োজন নেই। খাগড়াছড়িতে কিছুসংখ্যক ব্যক্তির তেজপাতার গাছ আছে। কিন্তু ব্যাপকভাবে এখনো তেজপাতার বাগান গড়ে ওঠেনি। তবে বাগান করলে তেজপাতা বর্ষার আগে কেটে ফেলতে হয়। এতে পাতার সুগন্ধি নষ্ট হবে না এবং বর্ষায় গাছে প্রচুর পাতা আসবে।’খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ যুগল পদ দে জানান, তেজপাতার চাষের আদর্শ পরিবেশ পার্বত্য চট্টগ্রামে রয়েছে। কেউ বাণিজ্যিক ভিত্তিতে তেজপাতার বাগান করলে লাভবান হতে পারবেন।