খাগড়াছড়ি জেলার পেড়াছড়া ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম কর্ক মহাজনপাড়া ও তৃতীয় কুমারপাড়ায় ৭০টি আদিবাসী পরিবারের বসবাস। এ দুটি পাড়ার একমাত্র পানির উৎস হলো বড় গাছবনছড়া। তীব্র খরার কারণে ছড়াটি প্রায় শুকিয়ে যাওয়ায় এই এলাকার মানুষজন পানিসংকটে ভুগছেন। কেবল খাবার পানি নয়, গৃহস্থালির কাজে ব্যবহারের পানিও মিলছে না। মৃতপ্রায় এই ছড়ার ময়লা পানিই এখন এই এলাকার মানুষজনের একমাত্র ভরসা।
কেবল কর্ক মহাজনপাড়া ও তৃতীয় কুমারপাড়া নয়, খাগড়াছড়ির জেলা সদর, পানছড়ি ও মহালছড়ি উপজেলার বিভিন্ন জনপদে এখন তীব্র পানির সংকট দেখা দিয়েছে। চলমান খরার কারণে জেলার চেঙ্গী নদীসহ ছোট-বড় খাল ও পাহাড়ি ঝরনা শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার লোকজন বলছেন, কেবল খরা নয়, নির্বিচারে বন-জঙ্গল উজাড় ও গাছপালা নিধনের কারণে পাহাড়ের প্রাকৃতিক ঝরনাগুলো শুকিয়ে গেছে।
খাগড়াছড়ি জেলার পানছড়ি, খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলার জনপদগুলো চেঙ্গী নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে। এই তিন উপজেলার প্রধান নদী হলো চেঙ্গী নদী। অতীতে এই নদী খরস্রোতা থাকলেও এখন পরিবেশ বিপর্যয়ের কারণে মৃতপ্রায়।
চেঙ্গী নদীর সঙ্গে সংযুক্ত জলাশয়গুলোর অবস্থা আরও শোচনীয়। খাগড়াছড়ি সদরের গাছবানছড়া, ঠাকুরছড়া, খাগড়াছড়ি খাল, কমলছড়ি খালও শুকিয়ে গেছে। ফলে এসব জলাশয়ের ওপর নির্ভশীল মানুষজন এখন তীব্র পানির সংকটে পড়েছেন।
গত রোববার খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের তৃতীয় কুমারপাড়ায় গিয়ে দেখা যায়, এই গ্রামের লোকজন প্রায় শুকিয়ে যাওয়া বড় গাছবানছড়ায় মাটির বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করছেন। ছড়ার জমে থাকা ময়লা পানি দিয়ে কোনো রকমে গোসল ও গৃহস্থালির কাজ সারছেন। এলাকাবাসীর খাবার পানির উৎসও এই ছড়া।
খরা আরও কিছুদিন প্রলম্বিত হলে ছড়াটি পুরোপুরি শুকিয়ে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসী। খাগড়াছড়ি শহর থেকে ১২ কিলোমিটার দূরের এই গ্রামের বাসিন্দারা এখন তাই প্রকৃতির দিকেই তাকিয়ে আছেন। গ্রামের বাসিন্দা সিন্ধু কুমার ত্রিপুরা জানান, ‘ছোটকাল থেকে এই ছড়ার পানি ব্যবহার করছি। এভাবে ছড়া শুকিয়ে যেতে দেখিনি কখনো। পাঁচ-ছয় বছর ধরে বন উজাড় হচ্ছে। ফলে শুকনো মৌসুমে পানির কষ্টে ভুগছি আমরা।’
সদর উপজেলায় খাগড়াছড়ি, ঠাকুরছড়া, গুগড়াছড়ি ও কুকিছড়া খালও শুকিয়ে গেছে। ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ এখন পানির জন্য হাহাকার করছেন।
খাগড়াছড়ি সদরের উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প কর্মকর্তা অমল ত্রিপুরা বলেন, ‘পাহাড়ে অব্যাহতভাবে বন ধ্বংস হচ্ছে। ফলে প্রকৃতি এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। পাহাড়ি জনপদের পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে। গাছ লাগানো, বন সংরক্ষণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’