পাহাড়ে পিঠার ঘ্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের মানুষ এক সঙ্গে এত বিচিত্র রকমের পিঠা কমই দেখেছেন। আদিবাসী ও বাঙালি রিতিতে তৈরি মনকাড়া সব পিঠা যেন দুই সংস্কৃতির মধ্যে সেতু বন্ধনও রচনা করেছিল। মারমাদের ডমউ, চিগামু এমন নামের পিঠার সঙ্গে শোভা ছড়িয়েছে বাঙালির পাটিসাপটা।বান্দরবান সরকারি মহিলা কলেজে গত শনিবার এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে একই দিন। আদিবাসী ও বাঙালিদের হরেক রকম পিঠার মেলা ক্রীড়া প্রতিযোগিতার আসরকে কিছুটা ম্লান করে দিয়েছিল। শনিবার সকাল ১০টায় বালাঘাটায় অবস্থিত মহিলা কলেজ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া। এতে বক্তব্য দেন, বখতেয়ার উদ্দিন, শাহাদাৎ কবীর প্রমুখ। মাঠে যখন খেলাধুলা চলছিল ছাত্রীনিবাসের পাশে বিদায়ী বর্ষের ছাত্রীরা তখন মেতে ওঠেন পিঠা উৎসবে। রজনীগন্ধা, সম্পূর্ণা, পাহাড়িকা, নীলাচল এ সব নামে পৃথক পৃথক দলে ভাগ হয়ে পিঠার ডালি সাজিয়ে বসেছিলেন তাঁরা। পাহাড়িকা দলের নেতা চিংমেউ মারমা বলেন, ‘ঐতিহ্যবাহী রীতিতে পিঠা না বানিয়ে আমরা কিছু নতুন উপকরণ যোগ করেছি। এর মধ্যে মারমাদের ডমউ বা বিন্নিচালের পিঠাও রয়েছে।’ ময়না দলের নেতা নাজমা খানম বলেন, ‘মধুরফুলি, সাঝের ফুল এ রকম নামের অঞ্চলভিত্তিক কিছু জনপ্রিয় পিঠা এবার আমরা পরিবেশনের চেষ্টা করেছি।’সাঁজবাতি দলের মালা তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমাদের দল সমতলের ও পাহাড়ের পিঠা একসঙ্গে পরিবেশন করছে। আমরা চিগামু, ফুলঝুড়ি ও পাটিসাপটাসহ অনেক পিঠা পরিবেশন করছি।’রজনীগন্ধা দলের লাকি চাকমা বলেন, পিঠা উৎসবে এবার মোট ১৪টি দল প্রায় ৩৬ প্রকার সমতল ও পাহাড়ের পিঠা পরিবেশন করছেন।