পাহাড়ে ফিরছে তুলার সুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কার্পাস মহল নামে পরিচিতি পাওয়া পার্বত্য চট্টগ্রামে তুলার সুদিন ফিরছে। খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জনপ্রিয় হয়ে উঠছে তুলার চাষ। সম্প্রতি খাগড়াছড়িতে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ও স্থাপিত হয়েছে। চাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে তুলা চাষে উদ্বুদ্ধ করছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জেলা সদরের খবংপড়িয়া গ্রামের হ্যাপি চাকমা তুলা চাষে প্রশিক্ষণ নিয়ে গত বছর ১০ শতক জমিতে সিবি-১২ ও রুপালি জাতের হাইব্রিড তুলা চাষ করেছেন। প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ায় এ বছর সাড়ে তিন একর জমিতে তুলা চাষ করছেন তিনি। হ্যাপি চাকমা জানান, তুলা চাষে খরচ কম, ফলনও ভালো হয়। এ ছাড়া ভালো দামে বিক্রিও হয়। তুলার সঙ্গে সাথি ফসলও চাষ করা যায়।কেবল হ্যাপি চাকমা নন জেলার আরও বহু কৃষক এখন লাভজনক তুলা চাষের দিকে ঝুঁকছেন। এ বছর খাগড়াছড়ির প্রায় ৭০ হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫০ থেকে ২০০ মেট্রিক টন। জুমের প্রচলিত জাতের পাশাপাশি হাইব্রিড জাতের তুলা চাষ করছেন তাঁরা। আগামী পাঁচ বছরে জেলায় তুলার উৎপাদন বাড়িয়ে ৬০০ থেকে ৭০০ মেট্রিক টনে উন্নীত করা যাবে বলে আশা করছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।তুলা উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের ইউনিট কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে বার্ষিক ৪২ লাখ (১ বেলে পাঁচ টন) বেল তুলার চাহিদা আছে। দেশে বর্তমান এ চাহিদার ১০ শতাংশ মাত্র উৎপন্ন হয়। এ চাহিদার অনেকটাই মেটাতে পারে পার্বত্য চট্টগ্রাম। এ জন্য আমরা পাহাড়ি জমির পাশাপাশি জেলার বন্যামুক্ত সমতল জমিতে তুলা চাষে উদ্বুদ্ধ করছি কৃষকদের। তুলা চাষে কৃষকের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।’খাগড়াছড়ি সদরের মিলনপুরের তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, মাঠে গিয়ে কৃষকদের তুলা চাষের কৌশল শেখানো হচ্ছে। প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন তাঁরা। লাভজনক হওয়ায় চাষিরাও উদ্বুদ্ধ হচ্ছেন তুলা চাষে।