পাহাড়ে ফুটেছে চীন দেশের বিয়ের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে গোলাপ প্রেম ও ভালোবাসার প্রতীক। তবে চীন দেশে পছন্দের মানুষকে গোলাপের পাশাপাশি হানি-সাকল ফুল উপহার দেওয়ার রেওয়াজ আছে। চীনের সাধারণ মানুষের বিশ্বাস, কারও বাড়িতে যদি হানি-সাকল ফুল ফোটে তাহলে এক বছরের মধ্যে বিয়ের বাদ্য বাজবে। চীন দেশের এই বিয়ের ফুল এখন শোভা পাচ্ছে খাগড়াছড়ির পাহাড়ে।খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে একটু এগোলে ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন ভবন। ভবনের তৃতীয়তলার দেয়াল বেয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে লতানো হানি-সাকল। পুরো ভবনটি যেন হানি-সাকল ফুল দিয়ে সাজানো হয়েছে। লতানো গাছজুড়ে কেবল ফুল আর ফুল। ফুলের রং কমলা। তবে রোদ পড়লে সোনালি রং ধারণ করে।খাগড়াছড়ি ক্ষুুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের উপব্যবস্থাপক মিহির মল্লিক জানান, ২০০৫ সালে রাঙামাটির একটি বাড়ি থেকে এই ফুলের চারা এনে রোপণ করা হয়। ফুলের শোভা দেখতে ফুলপ্রেমীরা ভিড় জমান প্রতিদিন। হানি-সাকল ফুল মাঝারি ঝোপবিশিষ্ট লতাজাতীয় উদ্ভিদ। এই ফুলের উৎপত্তি ইউরোপ মহাদেশ। পৃথিবীতে মোট ১৮০ প্রজাতির হানি-সাকল ফুল পাওয়া যায়। যার মধ্যে একমাত্র চীনেই রয়েছে ১০০ প্রজাতির হানি-সাকল ফুল। গাছ লতানো, শক্ত, দীর্ঘ ও ঝোপালো। ফুল বছরে একবার ফোটে। পাপড়ি ফানেলের মতো, মুখ ২ দশমিক ৫ সেন্টিমিটার চওড়া, তাতে চারটি মুক্ত পাপড়ি আছে। অন্যান্য ফুলের চেয়ে হানি-সাকল ফুলে প্রচুর মধু থাকে। মধুর লোভে সারা দিন গুনগুনিয়ে মৌমাছি ও প্রজাপতি ভিড় জমায়।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, হানি-সাকল ফুলের বৈজ্ঞানিক নাম Lonicera ciliosa। কলম করে সহজে চারা তৈরি করা যায়। এ জাতটিতে কোনো রোগ, পোকা-মাকড়ের আক্রমণ তেমন হয় না বললেই চলে। ফলে এ জাতটি বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে এ দেশে।