পাহাড়ে বাঁশের শিল্পকর্ম
হঠাৎ দেখে আফ্রিকার আদিবাসীদের তৈরি মুখোশের কথা মনে পড়ে যেতে পারে। বাঁশ দিয়ে তৈরি এমন কারুকার্য খচিত মুখোশ প্রথম দর্শনেই ক্রেতাদের নজর কাড়ে। কেবল মুখোশ কেন, বাঁশের তৈরি ফুলের টব, ফটোফ্রেম, চুড়ির আলনাসহ প্রতিটি জিনিসই যেন শৈল্পিক সুষমা ছড়াচ্ছিল। খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ায় জুম হ্যান্ডিক্র্যাফটসের বিক্রয়কেন্দ্রে এলে এমন মুগ্ধতা ক্ষণে ক্ষণেই তৈরি হবে।এই বিক্রয়কেন্দ্রে হরেক রকমের বাঁশের হস্তশিল্প বিক্রি হয়। চায়ের মগ, ফুলদানি, ওয়ালম্যাট—কী নেই এখানে। তবে সবই বাঁশের তৈরি। এসব হস্তশিল্প ঘরের চেহারা যে অনেকখানিই বদলে দেয়, এখানে আসা প্রায় সব ক্রেতাই সে বিষয়ে একমত হলেন।জুম হ্যান্ডিক্র্যাফটসের স্বত্বাধিকারী উচিং মং মারমা জানান, দুই মাস হয়েছে এ হস্তশিল্প প্রতিষ্ঠানটি চালু করেছেন। পাহাড়ে বাঁশের অভাব নেই। সেই বাঁশ কেবল নির্মাণকাজে ও কাগজের কলে ব্যবহার হবে, এটা মানতে পারছিলেন না উচিং মং। এই শিল্পে বাঁশের ব্যবহার ততটা করতে হয় না। বনও উজাড় করতে হয় না। অথচ বিক্রি হয় ভালো দামে। তাই বাঁশকে শিল্পিত করে তোলার কাজটাই বেছে নিলেন।বিক্রয়কেন্দ্রের পাশেই কারখানা স্থাপন করেছেন উচিং মং। সেই কারখানায় কাজ করেন সাতজন শিল্পী। এঁদেরই একজন কারিগর আবদুল মালেক জানান, বাঁশের হস্তশিল্প গৃহসজ্জায় নতুনত্ব আনে। তাই অনেকেরই এখন এসবের প্রতি আগ্রহ বেড়েছে। মুখোশ ও টবের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানালেন তিনি। জুম হ্যান্ডিক্র্যাফসে আসা দুই তরুণী সুপর্ণা ও রুপা বলেন, ‘অনেকের কাছ থেকে জুম হ্যান্ডিক্র্যাফটসের নাম শুনেছি। তাই আজ চলে এলাম। বাঁশের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। মুখোশ, ফুলের টব, ফটোফ্রেম ও চায়ের কাপ কিনেছি।’ বাঁশ দিয়ে তৈরি হস্তশিল্প দামেও সস্তা। ফুলের টব ৩০০ টাকা, ফটোফ্রেম ২০০ টাকা, চুড়ির আলনা ১৫০ টাকা, টিসুবক্স ১২০ টাকা, কলমদানি ১৫০ টাকা, মোমদানি ১৬০ টাকা, টেবিল ফ্যান ৮০০ টাকা, চায়ের ট্রে ৩০০ টাকা, কাপ ৮০০ টাকা, পানির মগ ২০০ টাকা।মিতিংগা, ঢোল বাঁশ, মুলি বাঁশ, কালিজিরা বাঁশ, কাঁটা বড়াক বাঁশসহ বিভিন্ন ধরনের বাঁশ এ শিল্পের কাজে ব্যবহার করা হচ্ছে।