রাঙামাটিতে রাজনৈতিক দলগুলো অনেকটা নীরবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর রয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা), শান্তিচুক্তির বিরোধী হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দলকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, এক-এগারোর পর জরুরি অবস্থার সময় বড় ধকল গেছে জনসংহতি সমিতি ও বিএনপির ওপর। জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ অনেক নেতা-কর্মী আটক হন। অনেকে ছিলেন পলাতক। ভাঙন ধরে দলটিতে।অপরদিকে বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত অধ্যাপক জহির আহমদ ছিলেন জেলে। বেশকিছু নেতা-কর্মী ছিলেন পলাতক। তবে দুই দলই দুঃসময় কাটিয়ে উঠেছে। নেতা-কর্মীরা জানান, এক-এগারোর পর আওয়ামী লীগ খুব খারাপ অবস্থায় পড়েনি। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় ও সরকার গঠনের কারণে নেতা-কর্মীরা চাঙা ছিলেন। পরে দরপত্রবাজির কারণে কিছুটা এলোমেলো হয়ে পড়ে দলটি। দরপত্রবাজির কারণে উপদলের সৃষ্টি হয়েছিল। বর্তমানে তা-ও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে জানান স্থানীয় নেতারা। এদিকে, প্রায় সাত বছর পর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকলেও তা হয়নি। এ ছাড়া বিভিন্ন উপজেলায় নতুন কমিটি গঠনের কাজও শুরুর চেষ্টা করছে আওয়ামী লীগ। নতুন নেতা-কর্মীরা বিপুল উৎসাহ নিয়ে দলীয় কাজে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি কামাল উদ্দিন বলেন, ‘প্রায় দুমাস আগে দলের বর্ধিত সভা করার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতারা আসতে না পারায় তা সম্ভব হয়নি। তবে আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের সব কমিটির সম্মেলন করার কথা রয়েছে।’এদিকে, বিএনপি বিগত জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সাবেক যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ানের নেতৃত্বে দল গোছানোর কাজ শুরু করে। দীপেন দেওয়ানের নেতৃত্বে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। বিএনপিতে দীর্ঘদিন ধরে স্থানীয়-অস্থানীয় বিভক্তি রয়েছে, তবে বর্তমানে তা কমছে বলে জানা গেছে। এ ছাড়া নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আদিবাসী থাকায় অনেক তরুণ বিএনপির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন বলে জানান সংশ্লিষ্ট নেতারা। দল ও কর্মীদের চাঙা করতে উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের কাজ চলছে। ছাত্রদলের নতুন কমিটিও গঠন করা হয়েছে।যোগাযোগ করলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ‘দল ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন চলছে।’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও প্রাথমিক বিপর্যয় কাটিয়ে নতুন কমিটি গঠন করেছে। সহযোগী ছাত্রসংগঠনসহ বিভিন্ন কমিটি নতুন করে গঠন করা হয়েছে। জেলায় দলটির বিপুল সরব ও নীরব সমর্থন রয়েছে। সন্তু লারমার নেতৃত্ব এর অন্যতম কারণ বলে নেতা-কর্মীরা জানান। জনসংহতি সমিতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও ভূমি কমিশনের কার্যক্রম নিয়ে সক্রিয় রয়েছে। তবে চলতি বছরের প্রথম দিকে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের সময় জনসংহতি সমিতিতে বিভক্তি প্রকাশ্য রূপ পায়। পরে সন্তু লারমা বিরোধী দলের জ্যেষ্ঠ নেতা ও তাঁদের অনুসারীরা খাগড়াছড়ির দীঘিনালায় পৃথক জনসংহতি সমিতি (এম এন লারমা) নামে নতুন কমিটি গঠন করে। পরে রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়। কিন্তু বাঘাইছড়ি উপজেলা ছাড়া অন্য উপজেলায় ওই দলের তৎপরতা তেমন নেই বলে জানা গেছে। নানিয়ারচর ও লংগদু উপজেলায় কমিটি রয়েছে। এ ব্যাপারে সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা বলেন, জেলা কমিটি গঠন করা হলেও সবার নাম প্রকাশ করা হয়নি নিরাপত্তার কারণে। তবে কেন্দ্রীয় কমিটি গঠনের আগে রাঙামাটিতে দলীয় কার্যক্রম জোরদার করা হবে।’ ঐক্যবদ্ধ জনসংহতি সমিতি চান বলে দাবি করেন সুদীর্ঘ চাকমা।সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জনসংহতি সমিতির বিভক্তির বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সন্তু লারমা পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, ‘জরুরি অবস্থার সময় একটি বিশেষমহলের প্ররোচনায় জনসংহতি সমিতিতে সংস্কারের নামে দলে ভাঙন সৃষ্টি করা হয়। এসব নেতা-কর্মী গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত হয়ে দল ভেঙেছেন।অপরদিকে বিরোধীরা বলছেন, সন্তু লারমার স্বৈরাচারী মনোভাব ও কিছু নেতার অপতৎপরতার কারণে দলে পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছিল। সন্তু লারমা গঠনতন্ত্র পরিপন্থী উপায়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি করেছেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গ্রাম পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে কিছু কিছু এলাকায় নিরাপত্তা বাহিনী বেশ চাপ সৃষ্টি করছে বলে জানান দলীয় নেতা-কর্মীরা। এ ছাড়া দলটি রাঙামাটি শহরের অনেক এলাকায় কার্যক্রম চালাতে পারে না। ইউপিডিএফের রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী শান্তিদেব চাকমা বলেন, ‘আমরা অনেক আগে ঐক্যের ডাক দিয়েছিলাম। কিন্তু সেটা জনসংহতি সমিতি গ্রহণ না করে আমাদের কর্মীদের ওপর হামলা শুরু করে। আমরা বার বার বলছি সরকার চুক্তি বাস্তবায়ন করতে চাইলে আমার সহযোগিতা দেব।’এদিকে, ইউপিডিএফ সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও সংখ্যালঘু জাতিসমূহের স্বীকৃতির দাবিতে বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে সমাবেশ করছে। অপরদিকে, পার্বত্যচুক্তির বিরোধী বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এখন সরব নেই। তবে দলীয় অবস্থান দৃঢ় করতে নীরবে কাজ করে যাচ্ছে তারা। এ আঞ্চলিক দলটি সংখ্যালঘু আদিবাসীদের দলে টানার চেষ্টা করছে বলে জানা গেছে। দলটির নেতারা বলছেন, সরকারি সুযোগ-সুবিধা একটি সংখ্যাগুরু আদিবাসী গোষ্ঠী ভোগ করছেন। বাঙালিদের ন্যায্য অধিকার নেই। সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল বলেন, ‘দেশের সব সমপ্রদায়ের সব জায়গায় বসবাসের ও সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। অথচ পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের (আদিবাসী) আলাদা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আর সেই সুযোগ-সুবিধার বড় অংশ ভোগ করে একটি গোষ্ঠী।’