পাহাড়ে ভাঙা-গড়ার জীবন
‘নদীর একূল ভাঙে-ওকূল গড়ে। আমাদেরও হয়েছেটা তাই। প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ধসে বিলীন হচ্ছে আমাদের বসতবাড়ি, মৃত্যুর আশঙ্কায় প্রশাসন অভিযান চালিয়ে ভেঙে দিচ্ছে ঘরবাড়ি। কিন্তু অন্য কোথাও ঘর করে আমাদের মাথা গোঁজার ঠাঁই হয় না। তাই আবারও আশ্রয় নিতে হচ্ছে পাহাড়েই। পাহাড় কেটে নতুন ঘরবাড়ি তৈরি না করলে ছেলেমেয়েরা কোথায় থাকবে? এ ছাড়া আমাদের অন্য কোনো উপায়ও নেই।’ গত শুক্রবার সকাল ১১টায় কক্সবাজার শহরের আদর্শগ্রাম পাহাড়ে (জেলা কারাগারের পেছনে) নতুন করে মাটির ঘর তৈরির কারণ জানতে চাইলে স্থানীয় আবদুল হাকিম (৪৫), আনোয়ার হোসেন (৫০) ও সৈয়দ করিম (৩৩) এসব কথা বলেন। আনোয়ার হোসেন জানান, গত ১৫ জুনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বৈদ্যঘোনা পাহাড়ে তৈরি তাঁর বসতবাড়ি বিলীন হয়ে যায়। এরপর অন্য কোথাও থাকার জায়গা না পেয়ে তিনি আদর্শগ্রাম পাহাড়ে আশ্রয় নেন। এখানে গত কয়েকদিন ধরে কয়েকজন শ্রমিক নিয়ে মাটির দেয়াল তুলে একটি টিনের কাঁচাঘর তোলেন। পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করলেও এ পর্যন্ত তাঁকে কেউ বাধা দেননি। আনোয়ারের বাড়ির আশপাশে (পাহাড়ের চূড়া ও ঢালে) নতুন করে পাহাড় কেটে আরও পাঁচ-ছয়টি কাঁচা ঘরবাড়ি তৈরি করছিলেন কিছু মানুষ। এসব ঘরে সপরিবারে বসবাসও শুরু করছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কারাগারের এক কর্মকর্তা জানান, গত ১৫ জুন সকালে পাহাড়ধসের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে ৫৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে এখনো পাহাড়ধসের ঘটনা ঘটছে। তারপরও লোকজন পাহাড় কাটা বন্ধ করছেন না। জেলা কারাগারের চারপাশ ছাড়াও বাইপাস সড়কের দুই পাশে উঁচু পাহাড়গুলো কেটে সাফ করে ফেলেছেন। অনেকে সেখানে নতুন করে বসতবাড়ি তৈরি করছেন। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, শহরের আদর্শগ্রাম, টিঅ্যান্ডটি মাইক্রোওয়েভ টাওয়ারের চারদিকে, কলাতলী, লারপাড়া, বাসটার্মিনালসহ বিভিন্ন পাহাড়ে নতুন করে ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে। এসব ঘরবাড়ি তৈরি হচ্ছে মাটির দেয়াল ও শন-টিনের ছাউনি দিয়ে। প্রবল বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় পাহাড়চূড়া ও খাদে তৈরি এসব কাঁচা ঘরবাড়ি সহজেই বিলীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কলাতলীর পাহাড়ের পূর্বপাশে গত কয়েক দিনে তৈরি হয় আটটি কাঁচা ঘরবাড়ি। আরও কয়েকটি ঘর তৈরির জন্য এখানে কাদা মাটি জমা করা হয়েছে। পাহাড় কেটে ঘর তৈরির কারণ জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর জানান, লারপাড়া পাহাড়ে তাঁর ঘর ছিল। প্রবল বর্ষণে ভিজে ঘরটি ধসে পড়ে। এরপর সেখানে নতুন করে ঘর তুলতে দিচ্ছে না প্রশাসন। তাই দুই কিলোমিটার দূরে কলাতলীর নির্জন পাহাড়ে এসে ঘর তৈরি করছেন। এখান থেকেও সরিয়ে দেওয়া হলে স্ত্রী ও চার সন্তান নিয়ে তাঁর আর কোথাও থাকার উপায় থাকবে না। অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক দিনের প্রবল বর্ষণে শহরের বিভিন্ন পাহাড়সহ জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ে অন্তত দেড় হাজারের বেশি ঘরবাড়ি বিলীন হয়। এসব ঘরের অধিকাংশই মাটির দেয়ালের। বৃষ্টির পানিতে মাটির দেয়াল ভিজে নরম হয়ে ধসে পড়ে। এখন নতুন করে যেসব ঘরবাড়ি তৈরি হচ্ছে তাতেও দেখা গেছে বেশির ভাগ ঘরের দেয়ালই মাটির তৈরি। এর কারণ জানতে চাইলে আদর্শগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, ২০ ফুট প্রস্থ ৩০ ফুট লম্বা একটি ঘর তৈরি করতে কমপক্ষে ৫০০টি বাঁশের দরকার পড়ে। বড় আকারের গাছের খুঁটি লাগে ২০টির মতো। প্রতি শ বাঁশের দাম আড়াই-তিন হাজার টাকা। প্রতিটি গাছও ৫০০ থেকে এক হাজার টাকা পড়ে। তা ছাড়া বাঁশের বেড়া এক বছরের মধ্যে পোকায় খেয়ে ফেলে। ইট দিয়ে পাকা দেয়াল তৈরির সামর্থ্যও কারও নেই। তাই পাহাড়ের ৯৫ শতাংশ ঘরবাড়ির মাটির দেয়ালে তৈরি। কিন্তু মাটির দেয়ালের জন্য বড় সমস্যা বৃষ্টির পানি। ঝড়-তুফানে ঘরের চালা উড়ে গেলে তখন বৃষ্টির পানিতে ভিজে দেয়াল ধসে পড়ে। কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান সরওয়ার কামাল জানান, ‘শহরের বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী প্রায় এক লাখ মানুষ নিয়ে খুবই বিপদে আছি। গত ১৫ জুন পাহাড়ধসের ঘটনায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর পর আমরা পাহাড় থেকে লোকজনকে সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। কয়েক হাজার লোক সরে এলেও অন্যদের আনা যাচ্ছে না। তাঁরা বিকল্প হিসেবে নতুন করে ঘর বাঁধার জমি চান। আমরা বিপুলসংখ্যক মানুষকে থাকার জমি দিতে পারছি না। ফলে অনেকে পাহাড় ছাড়তে রাজি হচ্ছেন না। মানবিক দিক বিবেচনা করে জোর করেও তাঁদের উচ্ছেদ করা যাচ্ছে না।’ কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সমপ্রতি টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ে বন, পুলিশ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে তিন শতাধিক বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। অন্যান্য পাহাড়ের বসতবাড়িগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জনবলস্বল্পতার কারণে একসঙ্গে সব পাহাড়ে অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, দুর্গম পাহাড়ে গিয়ে একবার অভিযান পরিচালনা করতে ৫০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয়। মাসে ১০টি অভিযান পরিচালনা করতে দরকার পড়ে আট-নয় লাখ টাকা। যৌথ অভিযান হলেও খরচের টাকা জোগান দিতে হয় বন বিভাগকে। অথচ সরকারিভাবে অভিযান পরিচালনার জন্য এত বিপুল অঙ্কের টাকা বরাদ্দ থাকে না। ফলে পাহাড় কাটা, পাহাড় দখল করে ঘরবাড়ি তৈরির ঘটনা বাড়ছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, ‘পাহাড় কেটে এবং পাহাড় দখল করে নতুন করে কেউ যেন ঘরবাড়ি তৈরি করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। দুর্গম পাহাড়ে কিছু ঘরবাড়ি তৈরির খবর পাচ্ছি। শিগগির এসবও উচ্ছেদ করা হবে।’