পাহাড়ে ভ্রাতৃসংঘাত বন্ধের আহ্বান
ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও যুব সমিতির নেতারা। ২৬ অক্টোবর খাগড়াছড়ির পানছড়ি কলেজ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সম্মেলনে এ আহ্বান জানান তাঁরা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পানছড়ি উপজেলার সভাপতি প্রমাধ বিকাশ চাকমার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেএসএস কেন্দ্রীয় কমিটির ছাত্র ও আইনবিষয়ক সম্পাদক শক্তিমান চাকমা, রাঙামাটি জেলা শাখার সম্পাদক সুদীর্ঘ চাকমা, সিন্দু কুমার চাকমা, বিমল প্রসাধ চাকমা, চেংগী ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা। বক্তারা অভিযোগ করেন, ‘সরকার শান্তিচুক্তি বাস্তবায়ন না করে আমাদের ভ্রাতৃঘাতী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। কিছু অসাধু পাহাড়ি নেতা ক্ষমতা হারানোর ভয়ে এ সংঘাত বন্ধের উদ্যোগ না নিয়ে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করছেন।’ সমাবেশ শেষে বিমলা দেবী চাকমাকে সভাপতি, সুপা চাকমাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট পানছড়ি থানা শাখার জেএসএ (এমএন লারমা) মহিলা সমিতি ও অমর চাকমাকে সভাপতি, ডানিয়েল চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট পানছড়ি থানা শাখার যুব সমিতি গঠন করা হয়।