পাহাড়ে মাথা সমুদ্রে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামচন্দ্র ১৪ বছরের জন্য একবার বনবাসী হয়ে বন-বনান্তরে ঘুরতে ঘুরতে পঞ্চবটী বনে একটি কুটির স্থাপন করেন। ধারণা করা হচ্ছে, সেই কুটিরই হচ্ছে কক্সবাজারের রামু উপজেলার রামকোট তীর্থধাম। জনশ্রুতি আছে, এখানে সীতার মরিচ বাটার পাটা আছে। হিন্দুশাস্ত্র মতে, সব তীর্থ ভ্রমণের পর রামুর রামকোট তীর্থধামে সংরক্ষিত শিব দর্শনেই সব পুণ্যের পূর্ণতা লাভ হয়।সমুদ্র শহর রামুতে বহুজাতিক সংস্কৃতির ঢেউ লেগেছে সেই প্রাচীনকালে। হিন্দু ও বৌদ্ধধর্মের প্রাচীন নিদর্শনের দেখা মিলবে এখানে। এই অঞ্চলে আদিবাসী রাখাইন সম্প্রদায় ও বাঙালিরা মিলেমিশে বাস করে। তাই সাংস্কৃতিক বহুত্ব ও বৈচিত্র্য রামুকে দেয় এক প্রগাঢ় স্নিগ্ধতা ও গভীরতা। পাহাড়ে মাথা, সমুদ্রে পা বিছিয়ে রাখা রামুর শান্ত সৌন্দর্য তাই পর্যটকদের মোহিত করেছে যুগে যুগে।কী করে যাবেন রামু যেতে হলে কক্সবাজার আসার পথে রামু বাইপাসে আপনাকে নামতে হবে। ওখানে রাস্তার দুই পাশে সারি সারি ঝাউগাছ রামুর হয়ে আপনাকে স্বাগত জানাবে। অবশ্য কক্সবাজার থেকেও গাড়িতে ১৫ কিলোমিটার দূরের রামুতে আসা যায় যখন-তখন। থাকার জন্য হোটেল আর সরকারি ডাকবাংলোও আছে। তবে ভালো হয় কক্সবাজারের কোথাও থাকলে।কী কী দেখবেনচৌমুহনী স্টেশন থেকে তিন কিলোমিটার দক্ষিণে রাজারকুল এলাকায় পাহাড়ের চূড়ায় মন্দিরটি অবস্থিত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার। প্রায় আড়াই হাজার বছর আগে ৩০৮ খ্রিষ্টপূর্বে সম্রাট অশোক এটি নির্মাণ করেন। প্রবেশপথের দুই ধারে সারি সারি ঝাউবিথি আর সাজানো-গোছানো বাগান দেখে আপনার মন পুলকিত হবেই। সিঁড়ি বেয়ে ওপরে ওঠেই দেখবেন, বড় বড় দুটি বুদ্ধমূর্তি। বৌদ্ধদের মতে, এর একটিতে মহামতি গৌতম বুদ্ধের বক্ষাস্থি স্থাপিত হয়েছে। আশপাশে ঘুরলে আরও অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন এখানে।বৌদ্ধদের কাছে অতি পবিত্র তীর্থস্থান এটি।রামুর প্রাচীন বৌদ্ধমন্দির লামারপাড়া ক্যাং (মন্দির) ১৮০০ সালে নির্মাণ করেছিলেন তৎকালীন রাখাইন জমিদার উথোয়েন অংক্য রাখাইন। পাড়ার ভেতরের শান্ত নিথর কিছুটা পথ মাড়িয়ে এ ক্যাংয়ে পৌঁছবেন। আশ্চর্য হবেন বড় বড় পিতলের ঘণ্টা দেখে। অষ্টধাতু নির্মিত দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তিও দেখতে পাবেন এ মন্দিরে।এ ছাড়া রামকোট তীর্থধাম, কাঠের তৈরি চেরাংঘাটা ক্যাং, চাতোপা চৈত্য জাদি (মন্দির) দেখতে পারেন।চেরাংঘাটা কেয়াংয়ে ছোট-বড় ২২টি মূর্তি আছে। এর মধ্যে ছয় ফুট লম্বা কাঠের সিংহশয্যা বুদ্ধমূর্তি উল্লেখযোগ্য। রামু উপজেলা সদরের তিন কিলোমিটার দূরে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত চাতোপা চৈত্য জাদি। উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থানের কারণে অনেক দূর থেকে এ জাদির সৌন্দর্য উপভোগ করা যায়। জাদি পাহাড়ে উঠলে সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের কক্সবাজার সমুদ্রসৈকতও দেখা যায়। রামুর চৌমুহনী থেকে তিন-চার কিলোমিটার দক্ষিণে এক মনোরম পরিবেশে অবস্থিত বিশাল নারকেলবাগান। বাগানের দুই পাশে গ্রাম, মাঝখানে রাস্তা। দেখতে অনেকটা উঁচু-নিচু পাহাড়ি অঞ্চলের মতো। এ বাগানও এখন পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। এ ছাড়া চৌমুহনী স্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে গেলেই আপনি পাবেন রামুর বিখ্যাত রাবার বাগান। উঁচু-নিচু পাহাড়-টিলায় সারি সারি রাবারগাছ রামুর প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। ঘুরে দেখুন না, ভারী হবে আপনার অভিজ্ঞতার ঝুড়ি। রামুর সাগর ধোয়া হিমছড়ি না গেলে আপনার বেড়ানোটাই অসম্পূর্ণ। তবে যেতে হবে কক্সবাজার সমুদ্রসৈকতের পাশ ঘেঁষে। হিমছড়ি যেন রামুর নিম্নাংশ, যেন পা। বিশাল বঙ্গোপসাগরের দূরন্ত ঢেউয়ের দোলায় দোলায়িত লোনা জলের গভীরে যেন পা ডুবিয়ে আছে রামু। সমুদ্রের পা ঘেঁষে আছে ঝাউবন আর সবুজ পাহাড়। সেই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নামছে সুন্দরী ঝরনা। বালুচরে ঝিনুক আর লাল কাঁকড়ার আঁকা নকশা দেখে মনে হবে, এ যেন শিল্পীর হাতের অসাধারণ শিল্পচিত্র।