পাহাড়ে শান্তি কত দূর

পার্বত্য চুক্তি নিয়ে পাহাড়ি–বাঙালি উভয় সম্প্রদায়ের পাল্টাপাল্টি অবস্থান ও ভূমি বিরোধ নিয়ে বারবার অশান্ত হয়ে উঠছে পাহাড়। পার্বত্য চুক্তির পর গত ১৭ বছরে তিন পার্বত্য জেলায় ১৭টি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। দুই সম্প্রদায়ের মধ্যে আস্থাহীনতার কারণে তুচ্ছ ঘটনাও সাম্প্রদায়িক হানাহানিতে রূপ নিচ্ছে।
১০ জানুয়ারি রাঙামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধনের ঘটনা নিয়ে কয়েকটি ছাত্রসংগঠনের ডাকা কর্মসূচিও সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটায় সহিংসতা এড়াতে প্রশাসন কারফিউ ও ১৪৪ ধারা জারি করে। সংঘর্ষের ঘটনায় আহত হয়ে অন্তত ১৪ ব্যক্তি রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
রাঙামাটির বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদপত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে সাম্প্রদায়িক সহিংসতায় পাহাড়ে ১২ জন নিহত ও আট শতাধিক আহত হয়েছেন। ১ হাজার ২৫০টির বেশি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে কোনো ঘটনায় কারও শাস্তি হওয়ার খবর পাওয়া যায়নি।
পার্বত্য চুক্তি বাস্তবায়নে ধীরগতি ও ভূমি সমস্যার সমাধান না হওয়ায় হতাশ আদিবাসীরা। অপর দিকে চুক্তির বাস্তবায়ন নিয়ে নিয়ে আতঙ্কিত বাঙালি সম্প্রদায়ের মানুষজন। ফলে উভয় জনগোষ্ঠীর মধ্যেই পারস্পরিক অিবশ্বাস বাড়ছে। ফলে ছোটখাটো ঘটনাও জাতিগত বিরোধে রূপ নিচ্ছে। বাঙালি–পাহাড়ি উভয় সম্প্রদায় নিজেদের বঞ্চিত মনে করায়, ভূমি সমস্যা সমাধান ও পার্বত্য জেলা পরিষদসমূহে নির্বাচন না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১০-১৩ জানুয়ারি রাঙামাটি সহিংসতা শুরু হওয়ার পর উভয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।
এ প্রসঙ্গে রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বাঙালিরা মনে করছে, পার্বত্য চুক্তিতে তাদের অধিকার খর্ব করা হয়েছে। আবার পাহাড়িরা বলছে, সরকার চুক্তি করেও তা বাস্তবায়ন না করে তাদের সঙ্গে প্রতারণা করছে। পাহাড়ি–বাঙালির বিপরীতমুখী চিন্তা এবং পারস্পরিক আস্থাহীনতাকে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলো। তাঁর মতে রাজনৈতিক দলের আশ্রয়–প্রশ্রয়ের কারণে সহিংসতা বেড়ে চলেছে।
আদিবাসী সম্প্রদায়ের একটি অংশ মনে করে, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হলেই এমন সমস্যার সমাধান হবে। অপর দিকে বাঙালি সম্প্রদায়ের একাংশের ধারণা, চুক্তি বাস্তবায়ন করা হলে অধিকার হারাবে তারা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, যে প্রেক্ষাপটে ২০ বছরের সংঘাত বন্ধে পার্বত্য চুক্তি হয়েছে, তা বর্তমান প্রজন্ম বুঝতে পারছে না। দীর্ঘ সময়েও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া চুক্তি সম্পর্কে সরকারের ইতিবাচক প্রচারণা না থাকার পাশাপাশি একটি মহলের ব্যাপক অপপ্রচার পার্বত্য এলাকায় আবার সংঘাতের জন্ম দিচ্ছে। আর চুক্তিতে কী আছে, তা না জানার কারণে পাহাড়ি–বাঙালি উভয়েই মনে করছে তারা বঞ্চিত হচ্ছে। এ ব্যবধান নিরসনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।
পারস্পরিক অনাস্থাকে সহিংসতার কারণ হিসেবে চিহ্নিত করলেও পার্বত্য চট্টগ্রাম সম–অধিকার আন্দোলনের নেতারা মনে করেন, পার্বত্য চুক্তির কারণে বাঙালিরা বঞ্চিত হচ্ছে। সংগঠনের রাঙামাটি জেলার সভাপতি মো. পেয়ার আহমেদ খান বলেন, পার্বত্য চুক্তিতে একটা সম্প্রদায়কে বেশি সুবিধা দিয়ে অন্য সম্প্রদায়, বিশেষ করে বাঙালিদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। যেখানে বৈষম্য আছে, সেখানে কখনো শান্তি আসতে পারে না। ভূমি সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘সরকারের উচিত যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের জমি বুঝিয়ে দিয়ে অবশিষ্ট জমি ভূমিহীন পাহাড়ি–বাঙালিদের বন্দোবস্ত দেওয়া। এতে পরিস্থিতির উন্নতি হবে।’ তবে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন উভয় সম্প্রদায়ের লোকজন। নির্বাচিত জেলা পরিষদ থাকলে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে বলে মনে করেন তাঁরা। তখন কোনো সম্প্রদায় নিজেদের বঞ্চিত মনে করবে না। এ প্রসঙ্গে মেয়র সাইফুল ইসলাম চৌধুরী বলেন, পার্বত্য জেলা পরিষদ যে উদ্দেশ্যে গঠিত, তা কোনোভাবে পূরণ হচ্ছে না। পরিষদের নির্বাচন হলে বাঙালিদের নেতৃত্ব উঠে আসবে।
সম–অধিকার নেতা পেয়ার আহমদ খানও মনে করেন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে সমস্যা সমাধানের পথ সুগম হবে।
এ প্রসঙ্গে গৌতম দেওয়ান বলেন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচন হলে একটা গণতান্ত্রিক আবহ সৃষ্টি হবে। সব সম্প্রদায়ের মানুষ তাঁদের নিজস্ব প্রতিনিধির কাছে অভাব–অভিযোগের কথা জানাতে পারলে ক্ষোভ প্রশমিত হবে।
সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াও সহিংসতা বাড়ার একটি কারণ বলে মনে করেন মানবাধিকারকর্মীরা। এ প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, ‘দায়মুক্তির সংস্কৃতির’ কারণে সহিংসতা বাড়ছে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারা সরকার বা প্রশাসনের ব্যর্থতা না অক্ষমতা, সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ৪ এপ্রিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটে। এরপর নিয়মিত বিরতি দিয়ে এমন সহিংস ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালের ১৬ অক্টোবর বরকল উপজেলার ভূষণছড়ায়, ২০০১ সালের ১৮ মে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালীর মেরুং, একই বছরের ২৫ জুন রামগড়ে, ২০০২ সালের ১০ অক্টোবর বান্দরবান সদর উপজেলার রাজভিলায়, ২০০৩ সালের ১৯ এপ্রিল বরকলের ভুয়াছড়ায়, একই বছরের ২৬ আগস্ট খাগড়াছড়ি জেলার মহালছড়িতে, ২০০৮ সালের ২০ এপ্রিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে, ২০১০ সালের ১৯ ও ২০ ফেব্রুয়ারি একই উপজেলার বাঘাইহাটে, একই বছরের ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদরে, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার লংগদু উপজেলার বগাতচরে, একই বছরের ১৭ এপ্রিল খাগড়াছড়ি উপজেলার মাটিরাঙ্গা উপজেলার গুইমারায়, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটি জেলার রাঙামাটি সদরে, ২০১৪ সালের ১০ জুন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়ায়, একই বছরের ১৬ ডিসেম্বর রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ির ১৪ মাইলে এবং সর্বশেষ ১০ ও ১১ জানুয়ারি রাঙামাটি সদরে সহিংস ঘটনা ঘটেছে।