পাহাড়ে শোভা পাচ্ছে রাম্বুটান
খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা উপজেলা সড়কের দিকে দুই কিলোমিটার পথ পেরোলে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র। কয়েক বছর ধরে এখানে নতুন ধরনের ফলের পরীক্ষামূলক আবাদ হচ্ছে। সম্প্রতি এখানকার নতুন সংযোজন রাম্বুটান ফল। কেন্দ্রের বেশ কয়েকটি গাছে শোভা ছড়াচ্ছে রাম্বুটান। কৃষিবিদদের অভিমত, বাংলাদেশের পাহাড়ি এলাকায় মাটি ও আবহাওয়া রাম্বুটান চাষের জন্য অত্যন্ত উপযোগী।উদ্ভিদবিদেরা জানান, খেতে লিচুর মতো এই ফলটির আদি নিবাস ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া। এর বৈজ্ঞানিক নাম—নিফেলিয়াম লাপ্পাসিয়াম। এটি স্যাপিনডাসি পরিবারের অন্তর্গত একটি মাঝারি বৃক্ষজাতীয় উদ্ভিদ। রাম্বুটান নামটির উৎ পত্তি হয়েছে ইন্দোনেশীয় শব্দ রাম্বুতান থেকে, যার অর্থ রোম বা আঁশ। এই ফলটির সঙ্গে লিচু ও আঁশ ফলের উদ্ভিদতাত্ত্বিক ও গঠনগত দিক দিয়ে প্রচুর মিল রয়েছে। রাম্বুটান ফলটির বহিঃ ত্বক লম্বা চুলের মতো আঁশ দ্বারা আবৃত থাকার কারণেই এমন নামকরণ বলে ধারণা করা হয়।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বিশেষ বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, ‘রাম্বুটানের এ জাতটিতে রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ তেমন হয় না বললেই চলে। ফলে এ জাতটি বাণিজ্যিকভাবে চাষ করা অত্যন্ত লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।’খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিকেরা জানান, চিরসবুজ রাম্বুটান উদ্ভিদ ১২ থেকে ২০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। রাম্বুটান গাছ পুরুষ ও স্ত্রী দুই ধরনের হয়ে থাকে। পুরুষ রাম্বুটান গাছে শুধু ফুল হয় না। অন্যদিকে স্ত্রী রাম্বুটান গাছে প্রচুর স্ত্রী ফুলের পাশাপাশি কিছু সংখ্যক পুরুষ ফুল দেখা যায়, যা পরাগায়ণে সহায়তা করে এবং পরবর্তী সময়ে ফল আসে। ফলের আকার গোলাকার থেকে ডিম্বাকৃতি হতে পারে। ফলের খোসার রং লাল। কোনো কোনো ক্ষেত্রে কমলা বা হলুদও হতে পারে। ফলের খাদ্যোপযোগী অংশের রং সাদা। গড় ওজন ২৭ দশমিক ৫৪ গ্রাম। গাছে ফুল আসে এপ্রিলের মাঝামাঝি সময়ে এবং সেপ্টেম্বর মাসে ফল পরিপক্ব হয়।ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল রউফ জানান, ‘বর্তমানে এখানে রাম্বুটানের যে জাতটির ওপর গবেষণা করা হচ্ছে, এটি সংগ্রহ করা হয়েছিল থাইল্যান্ড থেকে। এ জাতটি উন্নতমানের, স্বাদেগন্ধে অত্যন্ত আকর্ষণীয়। এর মিষ্টতার মাত্রা বা টিএসএস ১৯ দশমিক ৫ শতাংশ।’খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্যা বলেন, ‘পাহাড়ের মাটি রাম্বুটান চাষের উপযোগী হওয়ায় এখানে খুব সহজেই এটি চাষ করা যায়। বহির্বিশ্বে রাম্বুটানের প্রচুর চাহিদা থাকায় পার্বত্য এলাকায় রাম্বুটান চাষ করে দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’