পাহাড়ের কোলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় এখানে শোনা যেত শিয়ালের কোরাস, পাখিদের কিচিরমিচির, কাঠুরিয়া কাঠত কাঠ, গহিন অরণ্যে আর পাহাড়ের ফাঁকে ফাঁকে থাকত কৃষকের হাতের ছোঁয়া, কিষানিদের মনে সুখের পরশ। সেই লালমাই পাহাড়ের বুকে সুউচ্চ দালান। ইট-কংক্রিটের বিশাল অট্টালিকা। তারুণ্যের পদচারণ। সংগীতের আসর। জটিল সমীকরণের পাঠদান। প্রকৃতির এমন নৈসর্গিক আর মনোলোভা লালমাই পাহাড়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের নতুন আরেকটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঁকাবাঁকা নির্জন পাহাড়ি এলাকায় এর অবস্থান। জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমাই মৌজার সালমানপুর এলাকার ৫০ একর জায়গা নিয়ে ওই ক্যাম্পাসের বিস্তৃতি। অসংখ্য টিলা আর গাছগাছালির অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে ক্যাম্পাসটি। ছাত্ররাজনীতি এবং ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে এর পরিচিতি সারা দেশেই।ক্যাম্পাসের মুখরিত দিনরাত্রি একেবারেই অন্য রকম। দৃষ্টিনন্দন। ভোরের আলো ফুটতে না ফুটতেই ক্যাম্পাসমুখী শহরে ফেরা বাসগুলো এসে জড়ো হয় বিশ্ববিদ্যালয় আঙিনায়। বাস থেকে ঝাঁকে ঝাঁকে তরুণ-তরুণী নেমে আসে। খুলে যায় একাডেমিক ভবনের দরজ-জানালা। পরিবেশবান্ধব পরিবেশে চলে পাঠদান। ক্লাসের ফাঁকে ফাঁকে গোল হয়ে আড্ডায় মেলে শিক্ষার্থীরা। সেই আড্ডায় সুখ-দুঃখ, হাসি আর আনন্দের কত্তো কথার খই ফোটে। কেউ বা গলা ছেড়ে গান ধরে। আবৃত্তি করে। দাবি আদায়ের জন্য স্লোগান তোলে। ক্লাসের শেষে ক্যাম্পাসের কাঁঠালতলায় ঘিরে বসে তরুণ-তরুণীরা। চলে জম্পেশ আড্ডা। ওই আড্ডা থেকেই সিদ্ধান্ত আসে নানা উত্সব আয়োজনের। পয়লা বৈশাখসহ নানা জাতীয় উত্সবে রঙের বিচ্ছুরণ ঘটে। তরুণীরা সাদা শাড়ির লাল পাড় আর খোঁপায় ফুলের সমারোহ নিয়ে ক্যাম্পাসে আসে, তরুণেরা পায়জামা/ধূতি-পাঞ্জাবি পরে। সব মিলিয়ে ক্যাম্পাস অঙ্গন মুখরিত হয়ে ওঠে। ২০০৬ সালের ৮ মে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন, জাতীয় পর্যায়ে শিক্ষা ও গবেষণা কর্মযজ্ঞ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদের ২০তম অধিবেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়। ২০০৭ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে আটটি বিভাগে এক হাজার ১৭৬ জন শিক্ষার্থী রয়েছে। চলতি শিক্ষাবর্ষে ১১টি বিভাগে আরও ৫২৫ জন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর বলেন, ‘এখানকার শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও জড়িত। ক্যাম্পাসে আরও শিক্ষার্থী ও নতুন নতুন বিভাগ হলে তারুণ্যের জোয়ার সৃষ্টি হবে। তখন পুরোদমে সাংস্কৃতিক চর্চা হবে।’বিশ্ববিদ্যালয়ের বিভিন্নবর্ষের শিক্ষার্থী তাছলিমা খাতুন, আনোয়ার হোসেন, কামরুজ্জামান বলেন, ‘একটি মিলনায়তন হলে আমাদের সহশিক্ষা কার্যক্রম আরও বেগবান হতো।’উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন খান বলেন, ‘শুরু থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল। আমি যোগদানের পর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় নতুন, সময় লাগবে সবকিছু ঠিকঠাক করতে।’বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৩৩ জন শিক্ষক, ২০ জন কর্মকর্তা ও ৪৩ জন কর্মচারী রয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দৈর্ঘ্যে এক হাজার ৯০০ ফুট এবং প্রস্থে এক হাজার ২০০ ফুট। শিগগিরই আরও ৫০ একর জায়গা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। আয়তন বাড়ার পাশাপাশি ক্যাম্পাসের সাংস্কৃতিক মানও বাড়বে—এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থীসহ সব মহলের।