কক্সবাজারে সংরক্ষিত পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছেই। ঝুঁকি নিয়ে বসবাস করছে লাখো মানুষ। এসব লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এখনো কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এই বর্ষায়ও ভারী বর্ষণে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা করছেন পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। গত তিন বছরে শুধু কক্সবাজার শহরে পাহাড়ধসের ঘটনায় মারা গেছে ১২৭ জন।সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বৈদ্যেরঘোনা, পাহাড়তলী, ঘোনাপাড়া, লাইটহাউসপাড়া, বাস টার্মিনাল, সিটি কলেজ এলাকা, সাহিত্যিকা পল্লিসহ ১১টি পাহাড়ের চূড়া ও খাদে ২০ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসতি গড়েছে অসংখ্য মানুষ। টেকনাফ, উখিয়া, রামু ও চকরিয়া উপজেলার আরও ১১টি পাহাড়েও ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ। জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে জেলার ২২টি পাহাড়ে প্রায় তিন লাখ মানুষ বসবাস করছে। দিন দিন বসতি বাড়ছে।শহরের বৈদ্যেরঘোনা পাহাড় ঘুরে দেখা গেছে, এখাসে বসত গড়া লোকজনের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। অন্যরা জেলার কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালীসহ বিভিন্ন উপকূল থেকে আসা লোকজন। এখানকার বাসিন্দা গৃহবধূ মমতাজ বেগম (৪০) জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বসতবাড়ি হারিয়ে তাঁরা কক্সবাজার সৈকতের ঝাউবাগানে আশ্রয় নেন। তিন বছর আগে পুলিশ সেখান থেকে উচ্ছেদ করলে এই পাহাড়ের চূড়ায় ঝুপড়িঘর তৈরি করে বসতি শুরু করেন। ঘোনাপাড়ার পাহাড়ের চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাসকারী কুতুবদিয়ার বাসিন্দা আমজাদ হোসেন (৫৬) বলেন, এই পাহাড়ের অন্তত ৭০০ ছেলেমেয়ে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে। কিন্তু বর্ষণ শুরু হলে তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না। চট্টগ্রামের মতো বর্ষার সময়টুকু কক্সবাজারের পাহাড় থেকেও লোকজনকে সরিয়ে আনলে প্রাণহানি থেকে রক্ষা পেত। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, নানাভাবে চেষ্টা করেও পাহাড়কাটা যেমন বন্ধ করা যাচ্ছে না, তেমনি লোকজনকেও নামিয়ে আনা যাচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৩০ জুলাই সকালে শহরের সাহিত্যিকা পল্লির পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়। এর আগে ২৬, ২৭ ও ২৮ জুন জেলার বিভিন্ন স্থানে একাধিক পাহাড়ধসের ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়। ২০১০ সালের ১৫ জুন শহরে বিভিন্ন স্থানে পাহাড় ধসে নিহত হন আরও ৫১ জন। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির জানান, পৌরসভার ফকিরামুরা পাহাড়, টুইন্যামুরা, নাইট্যংপাড়া ও কেরনতলীসহ কয়েকটি পাহাড়ে বর্তমানে এক হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসতি করেছেন প্রায় ১৫ হাজার মানুষ।উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী জানান, গত বছরের ২৫ জুন রাত সাড়ে ১২টায় বরইতলী গ্রামে পাহাড় ধসের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল। পরের দিন ভালুকিয়া গ্রামে পৃথক পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজন মারা যায়। কক্সবাজার (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী বিপুলসংখ্যক মানুষকে সরিয়ে আনার জন্য অতীতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ঘরবাড়ি ফেলে কেউ পাহাড় থেকে নামতে রাজি হয় না। এ ক্ষেত্রে যৌথ উদ্যোগ দরকার। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, জেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের তালিকা তৈরি এবং নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’