পাহাড়ের ডাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নিয়ে পাতায় বিভিন্ন অভিযাত্রার কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সেসব অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।এভারেস্ট জয় হলো। দাঁতে দাঁত কামড়ে একদিন যে পণ করেছিলাম, সে পণ আজ বাস্তবতা। মনে পড়ছে এভারেস্ট জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্যার এডমন্ড হিলারির হাই অ্যাডভেঞ্চার—আওয়ার এসেন্ট অব দি এভারেস্ট বইটির অ্যানিভার্সারি সংস্করণের মুখবন্ধে লেখা কিছু কথা—‘পর্বতারোহণের সরঞ্জাম ও প্রযুক্তি খাত উন্নত হওয়ায় অভিযানে এখন অনেক পরিবর্তন এসেছে। আরোহীদের পায়ের জায়গায় স্থান করে নিচ্ছে বাহন, অক্সিজেন সিলিন্ডার অক্সিজেনের জন্য হাহাকার করতে থাকা ফুসফুসে জোগাচ্ছে আরোহণের জন্য বাড়তি শক্তি, আর স্যাটেলাইট যোগাযোগ পর্বতারোহণের একাকিত্বকে দূর করেছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, দিনশেষে আরোহীদের কৃতিত্বটাই সবচেয়ে বড় যা গোনায় ধরা হয়। পর্বতারোহণে যখন সহজ কাজটাও করা কঠিন হয়ে পড়ে এবং অনেক কিছুই বিরুদ্ধাচরণ করতে থাকে, এমন সময়ে অতীতের মতো এখনো আরোহীদের ওইসব গুণের মাধ্যমেই পরিস্থিতি করায়ত্ত করতে হয়—সাহস, মৌলিকত্ব, কষ্ট ও কঠিন সময়কে জয়ের সামর্থ্য, সর্বোপরি স্থিরচিত্ত অধ্যবসায়ের মাধ্যমে জয় ছিনিয়ে আনার উচ্ছ্বাস বা অভিলাষ।’অনেক মাহাত্ম্যের কথাও মনে পড়ছে, যাদের লক্ষ্য অর্জনের সামনে ছিল পাহাড়সম বাধা। আর এ মুহূর্তে ভাবছি চূড়ায় ওঠাটাই সবচেয়ে বড় কৃতিত্ব নয়। নিরাপদে নেমে আসাটাই পর্বতারোহণে সবচেয়ে বড় ক্লাইমেক্স। এ সময় শরীরে প্রয়োজনীয় শক্তি থাকে না নামার জন্য। সবচেয়ে বড় ব্যাপার—পর্বত জয়ের পেছনেই পর্বতারোহীরা অনেক সময় তাঁর সমস্ত শক্তি ব্যয় করে ফেলেন। নিজেও এখন শ্রান্ত, ক্লান্ত এবং শরীরটাকে মনে হচ্ছে যেন রাক্ষসের দেহ, ‘যা পাব তাই গিলব’—এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছি।এসবকে ছাপিয়ে হঠাৎ করেই একেবারে শুরুর দিনগুলোর কথা মনে পড়ছে। কত কষ্টই না করেছি। কত চ্যালেঞ্জই না ছিল! ব্যক্তিগত, পারিবারিক ও সমসাময়িক পর্বতারোহীদের চ্যালেঞ্জ। ব্যক্তিগতভাবে আমি একরোখা। যেটা বলি, সেটা কাজে পরিণত করার দিকেই ঝোঁক বেশি। ফলে অনেক সময় ভালোমন্দের জ্ঞানকে থোড়াই কেয়ার করি। নিজের চাওয়াটাকেই প্রাধান্য দেওয়ার দিকে ঝোঁক। তবে একসময় এই পর্বতারোহণ ছেড়েই দিতে চেয়েছি। আমার যে পর্বতারোহণের ক্যারিয়ার, ঠিক তার মাঝামাঝি পর্বে দেশের এ জগতের বাসিন্দাদের মনের নোংরামি দেখে এ সিদ্ধান্ত মনে মনে একেবারে চূড়ান্তই করে ফেলেছিলাম যে এসব পাগলামি আর নয়। কিন্তু অনেকেই এ সময়ে সাহস জোগালেন, এসব বিষয়কে মন থেকে বিদায় দিতে অনুরোধ করলেন। ফলে ফের কাজ শুরু হলো নিজেদের সংগঠন—নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে। মনে মনে ভাবলাম, যেকোনো পরিস্থিতিতেই সমালোচকদের জবাব কাজের মাধ্যমেই দিতে হবে।পরিবারের কথা এবার বলা যাক। আমাদের মধ্যবিত্ত পরিবার। অভাবের মধ্যে বেড়ে উঠেছি, এমন বলা যাবে না। তবে দেখেছি যে বাবা-চাচা সবাই গ্রামের মানুষের অনেক কাজে এগিয়ে যেতেন। সেই সঙ্গে প্রায় নব্বই-ঊর্ধ্ব দাদুকে দেখভালের দায়িত্বও ছিল আব্বার ওপর। ফলে ছোটবেলায় বাবা আমাদের অনেক আবদারই পূরণ করতে পারতেন না। তাই বলে প্রকৃতি তো কৃপণ নয়। তার সব ঔদার্য তো নিজেকে সর্বজনীন প্রকাশের মাধ্যমে। এটাই হয়েছে পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ে থাকার সময়। আমার বয়স তখন তিন কি চার। বাবার চাকরির সুবাদে তখন পঞ্চগড়ে আমাদের বাস। এ সময় করতোয়া নদীতে সপ্তাহে একদিন ঘটা করে বাবা, আমার বোন আর আমি গিয়ে গোসল করে আসতাম। প্রতিদিন বাসা থেকে বের হয়ে নদীর পাড়, হাট-মাঠ-ঘাট সব একবার চক্কর দেওয়া ছিল প্রতিদিনের রুটিন।একবার বাবা আমাকে নিয়ে গেলেন পঞ্চগড় শহর থেকে প্রায় ২৫ কি ৩০ কিলোমিটার দূরের জগদল বাজারে, তাঁর এক কাজে। সেখানে গিয়ে তো আমি হতবাক। এত দিন বাসা থেকে দিগন্তে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতাম, জগদল বাজারে তা আরও স্পষ্ট, আরও দৃঢ়প্রত্যয়ী মনে হলো। সে কী তার চেহারা! সেই বয়সে এই পর্বতকে আগাগোড়াই মনে হয়েছে বালুর এক পাহাড়। কারণ কল্পনায় তখন এই পর্বতকে করতোয়া নদীর পেট থেকে তোলা বালু পাড়ে ঢিবি করে রাখলে যেমন দেখায়, তেমন মনে হতো। আর বালুর ঢিবিকে অনায়াসে এপার-ওপার করার ফলে মনে একটা আশা জাগত যে এই পাহাড়ও হয়তো এভাবে পার হওয়া সম্ভব। এ বয়সে এসে ভাবি, এই দৃশ্যটাই, এসব পরিস্থিতিই হয়তো আমাকে পর্বতারোহী হওয়ার ব্যাপারে অনুঘটক হিসেবে কাজ করেছে।তখন মনে হতো আমাকে বড় হতে হবে। বড় হলে সব কাজ স্বাধীনভাবে করা যায়। এই বড় হওয়াটা হলো বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। লেখাপড়াটাকে ঠিক রেখে মাঝেমধ্যেই উধাও হয়ে যেতাম দেশ কিংবা বিদেশের পাহাড়-পর্বতে। বাবা-মা নিষেধ করতেন। কিন্তু আমার তো জগৎটাকে দেখতে হবে। বাহিরটাকে জানতে হবে। ফলে পাহাড়, সমুদ্র, বন-বাদাড় কোনো কিছুই বাদ পড়েনি আমার অভিযানের খাতা থেকে। একই সময়ে পত্রিকায় লেখালেখি শুরু করেছি। সেই সুবাদে এনাম তালুকদারের সঙ্গে পরিচয়। তাঁর সঙ্গে গিয়েছি দেশের কেওক্রাডং পাহাড় জয়ের অভিযানে, ২০০০ সালে। এভাবেই শুরু হয়েছিল পাহাড়ের প্রতি আকর্ষণ। লেখাপড়া আর এ বয়সে এমন দুরন্তপনা—সবই চলত পাশাপাশি। ২০০২ সালে এনাম ভাইয়ের সঙ্গে নেপালের অন্নপূর্ণা ট্রেইলে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় মুক্তিনাথ অবধি ট্র্যাকিং করে এসেছি।২০০৪ সালে এসে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। আর এ বছরেই পর্বতারোহণের প্রাথমিক পর্ব শুরু হলো ভারতের দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (এইচএমআই) থেকে বেসিক ট্রেনিং নেওয়ার মাধ্যমে। একই বছরে নেপালে এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে এসেছি। সব মিলিয়ে পর্বতকে জানতে শুরু করেছি সে সময় থেকেই। প্রথম দিককার পর্বে ছিল শুধু পর্বতের সৌন্দর্য আর পর্বতের মানুষদের সারল্য উপভোগ করার ঘটনা। তবে পরের বছর শুরু হয়েছিল সত্যিকারের পর্বত অভিযানে অংশ নেওয়া। এ সময় থেকেই পর্বতারোহণের খুঁটিনাটি বিষয় আয়ত্ত করা শুরু করলাম। তবে পর্বতে অভিযান কীভাবে পরিচালনা করতে হয়, তা জেনেছি এইচএমআই থেকে অ্যাডভান্সড ট্রেনিং নেওয়ার মাধ্যমে, সেটা ২০০৫ সালেই, সেপ্টেম্বর মাসে। এ সময় থেকেই বুঝতে শিখেছি যে পর্বতারোহণটা আসলে আজই সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যার বাসে চেপে কক্সবাজার বা সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার মতো কোনো বিষয় নয়। এটা বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আর বোদ্ধারা পর্বতারোহণকে ‘স্পোর্ট’ আখ্যা দিতে নারাজ।২০০৬ সালে এইচএমআই থেকেই ফ্রে পর্বত অভিযানে যাওয়ার বিষয়টা চূড়ান্ত করা হলো। এইচএমআই সে সময়ে ভারতের সেনাবাহিনীর একটা কমান্ডো দলকে পর্বতারোহণে চৌকস করে তোলার ব্যাপারে কাজ করছে। এরই অংশ হচ্ছে ফ্রে পর্বত অভিযান। সিকিম হিমালয়ের ১৯ হাজার ১২৫ ফুট উঁচু এই পর্বত তার অবস্থানের কারণে পর্বতারোহীদের কাছে ভিন্ন মাত্রা লাভ করেছে।