পাহাড়ের ঢালে ২ লাখ বস্তিবাসী
পাহাড়ের ঢালে বাস করা দুই লাখ বস্তিবাসীকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি চার বছরেও। ২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২৮ জন নারী-পুরুষ ও শিশু মারা যায়। ওই সময় সরকারের উচ্চপর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত ৮৩৫টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিলনগরের বিভিন্ন পাহাড়ের ঢালুতে বসবাসকারী প্রায় দুই লাখ বস্তিবাসীকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি চার বছরেও। ২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২৮ জন নারী-পুরুষ ও শিশুর প্রাণহানির পর সরকারের উচ্চপর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এত বছরেও কেন এ সিদ্ধান্তের বাস্তবায়ন সম্ভব হলো না এ ব্যাপারে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), রেলওয়ে পূর্বাঞ্চলসহ একাধিক সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের এবং সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দায়ী করেছেন। জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি হুকুম দখল) আনিছুর রহমান মিঞা প্রথম আলোকে বলেন, ‘২০০৭ সালের পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩৫টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আজও অন্যত্র সরেনি।’ তিনি মনে করেন, ফি বছর বর্ষা মৌসুম আসার আগে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বস্তিবাসীকে নিয়ে শুধু আলোচনা চলে। স্বল্পমেয়াদি কিছু কার্যক্রম ছাড়াও এঁদের অন্যত্র পুনর্বাসন করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ স্থপতি রেজাউল করিম বলেন, ‘বর্ষা মৌসুম চলে গেলেই আমরা বস্তিবাসীর কথা ভুলে যাই। শুধু সরকারের বিভিন্ন দপ্তরে আলোচনা হয়, কাজের কাজ কিছুই হয় না।’ তিনি মনে করেন, পাহাড়ের পাদদেশে ছোট ছোট ঘর করে ভাড়া দেওয়ার অতৎপরতা যেমন বন্ধ করতে হবে তেমনিভাবে বিভিন্ন সরকারি সংস্থার মালিকানাধীন জায়গা থেকে ঝুঁকিপূর্ণ বস্তি উচ্ছেদ করে তাঁদের অন্য জায়গায় পুনর্বাসন করতে হবে। সূত্র মতে, নগরের পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষের সঠিক পরিসংখ্যান সরকারিভাবে পাওয়া না গেলেও জেলা প্রশাসনের অধীনে গঠিত পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস পরিদর্শন কমিটির ২০০৭ সালের জরিপ অনুযায়ী এঁদের সংখ্যা প্রায় দুই লাখ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, নগরের ১৬টি পাহাড়ের বস্তি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এগুলো হলো—মতিঝর্ণা পাহাড়, হামজারবাগ পাহাড়, নবীনগর পাহাড়, বার্মা কলোনি পাহাড়, কুসুমবাগ আবাসিক এলাকা পাহাড়, বাটালিহিল, দেবপাহাড়, জালালাবাদ পাহাড়, জয়পাহাড়, গোলপাহাড়, চন্দ্রনগর পাহাড়, সিআরবি পাহাড় ও হিলভিউ আবাসিক এলাকার পাহাড়। এ ছাড়াও নাসিরাবাদ পাহাড়, এনায়েত বাজার পাহাড়, খুলশি এলাকার পাহাড়, জামতলা পাহাড়সহ আরও কয়েকটি পাহাড়ে শতাধিক বস্তি রয়েছে। এসব বস্তির অধিকাংশই অত্যধিক ঝুঁকিপূর্ণ। গত দুইদিন (২৫ ও ২৬ এপ্রিল) নগরের বাটালি হিল, মতিঝর্ণা, কুসুমবাগ আবাসিক এলাকা ও চন্দ্রনগর পাহাড় ঘুরে দেখা যায়, রাতের আঁধারে পাহাড় কেটে অসংখ্য নতুন নতুন বস্তিঘর গড়ে উঠছে। বাটালি হিল পাহাড়ে ২৬ এপ্রিল দেখা যায়, তমিজ উদ্দিন (২৮) এবং তাঁর স্ত্রী রিজিয়া পাহাড়ের ঢালুতেই খুঁটি বসাচ্ছেন। তমিজ উদ্দিন বলেন, ‘নদীতে সবকিছু হারিয়ে এখানে এসেছি পাঁচ বছর আগে। নিজের খরচে ঘর করে নিচ্ছি। ভাড়া দিতে হবে জমিদার সোলায়মানকে।’ ভাড়া কত প্রশ্ন করলে রিজিয়া বলেন, ‘স্যার, মাসে পাঁচ শ টাকা।’ পাশেই পাহাড়ের ঢালুতে টিনের ছাউনির আধাপাকা ঘর তুলেছেন সোলায়মান। তিনি বলেন, ‘আসলে এ জায়গাগুলো সরকারি।’ তাহলে আপনি ভাড়া দিচ্ছেন কীভাবে?—এ প্রশ্ন করলে সোলায়মান নিরুত্তর থাকেন। মতিঝর্ণা বস্তিতে ১৫ বছর ধরে বাস করছেন রিকশাচালক নাছের মিয়া। তিনি বলেন, ‘মরণের কথা জেনেই এ জায়গায় ঘর বাঁধছি। গরিব মানুষ কম খরচে তো আমাদের কেউ ঘর ভাড়া দেবেন না।’ কুসুমবাগে আটটি ঘর করে ভাড়া দিয়েছেন সেলিম ভূঁইয়া। এসব ঘর থেকে তিনি প্রতিমাসে আয় করেন ১৬ হাজার টাকা। তিনি বলেন, ‘গরিব মানুষ দুই-চারটা ঘর করে কিছু টাকা কামাচ্ছি।’ সূত্র মতে, ২০০৭ সালের ১১ জুন কেইচ্যেঘোনা ও লেবুবাগানে (সেনানিবাস এলাকা) পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির কারণ তদন্তে তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এন সিদ্দিকের নেতৃত্বে দুইটি কমিটি গঠন করা হয়েছিল। একই বছর ২৪ জুন এ দুইটি কমিটি বিভাগীয় কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্তে পাহাড়ধসের জন্য সিটি করপোরেশন, বন বিভাগ, রেলওয়ে, চউক, পরিবেশ অধিদপ্তর ও পুলিশকে দায়ী করার পাশাপাশি চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদেরও দায়ী করা হয়। তদন্ত কমিটি পাহাড়ধসের ২৮টি কারণ চিহ্নিত করে আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষ্যে ৩৬টি সুপারিশও করা হয়। এর মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ২০০৭ সালের আগস্টের মধ্যে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী এ বিষয়ে বলেন, ‘ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের। আমরা তো পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’ চউক চেয়ারম্যান আবদুচ সালাম বলেন, ‘পাহাড়ের পাদদেশে বসবাসের জন্য একটি প্রভাবশালীমহল তাঁদের (বস্তিবাসী) উৎসাহিত করছে। কারণ এতে তাদের পকেট ভারী হচ্ছে। কম খরচে থাকার জন্য নিম্নআয়ের মানুষেরা পাহাড়ের মৃত্যুকূপকেই আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে।’