পাহাড়ের দুঃখ গাথা নিয়ে 'বেদনার পদাবলি'

পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, সমাজ আর মানুষের জীবনের অন্তর্গত বেদনাবোধ নিয়ে রচিত প্রগতি খীসার বেদনার পদাবলি কাব্যগ্রন্থ। ২৪ অক্টোবর রাঙামাটিতে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করতে গিয়ে আলোচকেরা কবির জবানিতে উঠে আসা পাহাড়ের মানুষের সংগ্রামের কথাই বললেন। যে সংগ্রাম দেশ-কাল-সংস্কৃতি ছাপিয়ে সব মানুষকেই নাড়া দিয়ে যায়।
সাংস্কৃতিক সংগঠন জুম ইসথেটিকস কাউন্সিল (জাক) ও সুর নিকেতন আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি, লেখক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ ও গানের আসর। অনুষ্ঠানে সভাপতি ছিলেন মিহির বরণ চাকমা। প্রধান অতিথি ছিলেন গীতিকার, সুরকার ও কবি মনোজ বাহাদুর গুর্খা। প্রধান আলোচক ছিলেন কবি শিশির চাকমা। স্বাগত বক্তব্য দেন সুর নিকেতনের সাধারণ সম্পাদক অনামিকা দে ও জাক–এর সাধারণ সম্পাদক তরুণ চাকমা। এ ছাড়া আলোচনা করেন কাব্যগ্রন্থের প্রকাশক দ্যানিস চাকমা, কবি প্রদীপ চৌধুরী, সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
প্রধান অতিথি মনোজ বাহাদুর গুর্খা বলেন, কবির বেদনা দেশকে নিয়ে। ব্যক্তিকে বাদ দিয়ে তিনি সামগ্রিক চেতনাকে তুলে ধরেছেন তাঁর কাব্যগ্রেন্থ। তিনি পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, সমাজ, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশের রাজনৈতিক সহিংসতাকে কবিতার বিষয় করেছেন।
প্রধান আলোচক কবি শিশির চাকমা বলেন, কবিদের দেশ-কাল সমাজ সম্পর্কে সচেষ্ট থাকতে হয়। কবি প্রগতি খীসাও তার ব্যতিক্রম নন। তাঁর কাব্যগ্রন্থের ৩২টি কবিতার মধ্যে পাহাড়ের দুঃখ বেদনা বিদ্যমান।
কাব্যগ্রন্থর প্রকাশক তরুণ নারী নাট্যকার দ্যানিস চাকমা বলেন, ‘আমাদের সমাজে অনেক কবি, লেখক আছেন যারা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাঁদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ ছাপতে পারেন না। সে দিকটি আমাদের খেয়াল রাখা দরকার।’ চমৎকার প্রচ্ছদের ৩২টি কবিতা নিয়ে বেদনার পদাবলি কাব্যগ্রন্থ মুদ্রিত হয়েছে ছরাথুম পাবলিশার্স থেকে। এটি কবি প্রগতি খীসার তৃতীয় কাব্যগ্রন্থ।