পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের নিচে ঝুঁকি নিয়ে বাস করছে কয়েক শ পরিবার। পাহাড় কেটে সেখানে বসতবাড়ি বানিয়ে বসবাস করছে তারা। অতিবৃষ্টি হলে এসব বসতবাড়িতে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা আছে বলে স্থানীয় পরিবেশ সংগঠনগুলোর কর্মকর্তারা ধারণা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এর আগে বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি ধসে পড়লেও তাঁদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই তাঁরা পাহাড়ের নিচে নির্ভয়ে বসবাস করছেন। উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পাহাড়ের নিচে ঘর তৈরি করে বসবাস করছে গ্রামের ১২০টি পরিবার। সেখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে পাহাড় কেটে। স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলে পাশের পাহাড় থেকে মসজিদের ওপরও মাটি ধসে পড়ে। হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘প্রতিবছর বর্ষার সময় পাহাড় ধসে পড়লে বসতবাড়ির সামান্য ক্ষতি হয়। তবে প্রাণহানির ঘটনা এখনো ঘটেনি।’ নূরবানু, এমদাদুল হক, মমতাজ বেগম, নূরজাহান, গনি মিয়াসহ অনেকে বলেন, ‘১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তির পর সরকার আমাদের এখানে থাকতে দিয়েছে। জায়গাটি ঢালু হওয়ায় পাহাড় না কেটে এখানে ঘর তৈরি করা যায় না। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘরের সামান্য ক্ষতি হলেও কোনো মৃত্যু এ পর্যন্ত হয়নি। তাই আমরা কোথাও যাচ্ছি না।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশার বলেন, ‘এখানে বসবাসকারী লোকজনের অন্য কোনো স্থানে থাকার মতো ভূমি নেই। ফলে ঝুঁকি জেনেও এরা এখানে থাকতে বাধ্য হচ্ছে।’ উপজেলার কাঁঠালতলীপাড়ায় পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি। সামান্য বৃষ্টি হলে পাহাড়ের মাটি ধসে পড়ে এসব বাড়িতে। পাড়ার বাসিন্দা অজিত বড়ুয়া জানান, ‘অনেক বছর আগে থেকে পাহাড়ের নিচে ঘর তৈরি করে বসবাস করছি। গত বছর থেকে দেখছি, বৃষ্টি হলে পাহাড়ের মাটি ধসে পড়ছে। এখন বাড়িটি সরিয়ে ফেলার চিন্তা করছি।’ দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে অভিযোগ দেওয়ার পর পাহাড় কাটার ব্যাপারে কয়েকটি মামলাও হয়েছে। কিন্তু পাহাড়কাটা বন্ধ হচ্ছে না। ফলে বৃষ্টি হলে পাহাড়ধসের ঘটনা ঘটে।’ এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ না নিলে যেকোনো সময় প্রাণহানি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘পাহাড় কাটা বন্ধে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। কোনোভাবেই পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। বৃষ্টি হলে প্রাণহানির ঘটনা এড়াতে পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ব্যাপারে সচেতন করে তোলা হবে।’