পাহাড়ের পাতার ধ্বনি এখনো শুনতে পাই: মাথিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘের অনেক রং চলচ্চিত্রের নায়িকা মাথিন এখন চট্টগ্রামে। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীতে টিআইসিতে (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) এসেছিলেন দর্শকদের সঙ্গে ছবি দেখতে। দর্শকদের কাছে মাথিন নামেই যাঁর পরিচিতি, তিনি আসলে রীনা সারকি। সেই নামটিও বদলে গেছে বিয়ের পর। এখন তিনি আসজাদী আসমিন চৌধুরী। নাম যতই পরিবর্তন করুক, বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি মাথিনই।মেঘের অনেক রং-এর নির্মাণের সময়ই বিয়ে করেন ছবির নায়ক ওমর এলাহীকে। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী। ছুটিতে বাবার বাড়ি বান্দরবান এসেছেন, এখানে তাঁরও একটি বাড়ি আছে। নাম—মেঘরং। মাথিন জানান, ‘বান্দরবানকে ঘিরে আমার অনেক স্মৃতি—সারা দিন পাহাড়ে পাহাড়ে ঘুরেছি। পাহাড়ের পাতার ধ্বনি এখনো আমার কানে লেগে আছে। তাই সুযোগ পেলেই ছুটি আসি নিজ বাড়ি মেঘ রঙে।’ মেঘের অনেক রং-এর পর আর কোনো ছবি করেননি মাথিন। কেন? এর উত্তরে বললেন, ‘পরিপূর্ণ সংসার ও মানসম্পন্ন অভিনয় দুটো একসঙ্গে হবে কি না দ্বন্দ্বে ছিলাম। তাই সংসারটাকেই বেছে নিলাম। তবে রূপালি জগতের একটা মোহ আছে, যা ছেড়ে যাওয়া অনেক কষ্টকর। আবার যদি পেছনে ফিরে যাওয়া যেত তাহলে আমি আরও ছবি করতাম।’চলচ্চিত্রে কীভাবে এলেন? ‘১৯৬৯ সালে বান্দরবানে আমরা প্রথম নাটক করতাম। লেখক আবদুশ শাকুর ছিলেন জেলা প্রশাসক। তিনি আমাদের দিয়ে গান, গীতিনাট্যসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতেন। ১৯৭৪ সালে পড়াশোনার জন্য আমি রাঙামাটি চলে আসি। সে সময় হারুনুর রশীদ ছবি নির্মাণের জন্য পাহাড়ি মেয়ে খুঁজছিলেন। আমার মেসো সুরেন্দ্রলাল ত্রিপুরা তাঁকে আমার কথা বললেন। তিনি মেসোর সঙ্গে আমাদের একটি নাটকের মহড়া দেখতে এলেন এবং আমাকে পছন্দ করলেন। আমিও রাজি হলাম, কিন্তু বাদ সাধল পরিবার। শেষ পর্যন্ত সব জায়গায় বাবা আমার সঙ্গে যাবে এই শর্তে রাজি হলো। এবং আমার সৌভাগ্য হলো এমন একটি চলচ্চিত্র করার।’ মেঘের অনেক রং-এর নায়িকা হওয়ার গল্প বলতে বলতে স্মৃতিকাতর হয়ে ওঠেন মাথিন।বলেন, ‘এ চলচ্চিত্র ঘিরে অনেক স্মৃতি আছে আমার। এর মধ্যে একটির কথা মনে পড়লে এখনো শিহরিত হই। শুটিং চলছিল চন্দ্রঘোনায়—গাড়ি চলছে। ওমর এলাহী ড্রাইভ করছেন, আমি পাশে বসে আছি, হঠাৎ বাঁক নিতে গিয়ে গাড়িটা রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদের মুখে ঝুলে পড়ে। ওই ঝুলন্ত অবস্থায় ওমর এলাহী বললেন, আপনি নেমে যান। সে কী অবস্থা ! আমিও বললাম, নামলে দুজন একসঙ্গে নামব। ততক্ষণে অন্যরা দেখে ফেলে এবং আমাদের উদ্ধার করে।’নিজে ছবির জগৎ থেকে অনেক দূরে থাকলেও মাথিন চলচ্চিত্রকে এখনো মনের ভেতর ধারণ করেন। তিনি আশা করেন মেঘের অনেক রং এ দেশে সুস্থ চলচ্চিত্রের যে ধারা চালু করেছে, তা অব্যাহত থাকবে। তাঁর আশা সুস্থ চলচ্চিত্রশিল্পের বিকাশটা আজকের প্রজন্মের হাতেই হবে।